Profile Photo

Mahira SOffline

  • Rahman-N-Zinnia
  • Profile picture of Mahira S

    Mahira S

    • 4 years, 10 months ago

    গল্পের নামঃ শ্রাবণ সন্ধ্যা
    পার্ট-৪

    -বসতে মন চাইলে বসতে পারেন। আমার আপত্তি নেই।
    শ্রাবণের চোখ কপালে উঠলো। বুকটা দুরুদুরু করে কেঁপে উঠলো। জলদি করে আশে পাশে তাকালো। কাউকে দেখতে পেল না। তাহলে এই মেয়েটা কাকে এই কথা বলল?
    মেয়েটি আবার শ্রাবণের উদ্দেশ্যে বলল,
    -আশে পাশে আমি আপনাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। আপনাকেই বলেছি।

    শ্রাবণ কথা শুরু করতে চাচ্ছিল কিন্তু সে বুঝতে পারল যে তার গলা ভেঙে আসছে। গলা একটু ঝেড়ে নিয়ে বলল,
    -আপনি কিভাবে বুঝলেন যে আমি এখানে এসেছি? আপনি কোন জ্বীন-পরী না তো?
    মেয়েটা আবার খিল খিল করে হাসলো,
    -দেখেন আমি কোন জ্বীন-পরী বা সুপার পাওয়ারের অধিকারী না।
    কথাটা বলে সে আবার হাসি দিল।
    -আপনি যখন কাছাকাছি এসেছিলেন তখন আমি টের পেয়েছি। আমার কথায় কি ভয় পেয়েছেন?
    ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে শ্রাবণ বললো,
    -না, আসলে একটু চমকে গিয়েছিলাম।
    -আপনার কি দাঁড়িয়ে থাকতে ভালো লাগে?
    -সব সময় না, কেন?
    -এত সুন্দর একটা প্রকৃতি রেখে, আর সামনে এত সুন্দর একটা বসার জায়গা রেখে আপনি দাঁড়িয়ে আছেন যে তাই বলছি।
    -ওহ।

    শ্রাবণ দোলনায় মেয়েটার পাশে বসলো।

    এবার মেয়েটার চেহারা ঠিক মত দেখল সে। গালগুলো হালকা ফোলা। চোখগুলো গোল গোল, আর চোখের ভারি পাপড়ি গুলো ছড়িয়ে থাকার কারণে চোখটাকে ফুলের মত দেখাচ্ছে। ঠোঁটটা হালকা গোলাপি, তবে এটা ঠিক যে সে কোনো মেকাপ দেয়নি। খুব কিউট লাগছে দেখতে। এই প্রথম এই মেয়েটাকে দেখে ওর মনটায় হঠাৎ কেমন একটা অনুভুতি এলো। তবুও শ্রাবণ চেষ্টা করছে নিজের অনুভুতিটাকে সামলে রাখতে। সে নিজেকে কষ্ট দিতে চায়না।

    মেয়েটা শুধু একবার তাকিয়েছিল শ্রাবণের দিকে। কিন্তু মেয়েটা যে এত বুঝদার কে জানতো।

    কিছুক্ষণ নীরবে প্রকৃতি উপভোগ করার পর মেয়েটি বলল,
    -আপনাকে ক্লান্ত মনে হচ্ছে। পানি খাবেন? বাদামও আছে সাথে।
    আবার অবাক হয়ে গেল শ্রাবণ। ক্লান্ত বা মন খারাপ থাকা সত্ত্বেও কেউ কখনো বুঝতে পারে না শ্রাবণের চেহারা দেখলে। আর এই মেয়েটি কয়েক মিনিটের দেখাতেই বুঝে গেল?

    শ্রাবণের নীরবতা দেখে মেয়েটি কিছুক্ষণ ভেবে নিয়ে বলল,
    -ভয় পাবেন না আমি কোনো মাইন্ড রিডার না। অবশ্য আমার কথা যদি সত্য হয় তাহলে আপনাকে বাদামগুলো খেতে হবে।

    মাইন্ড রিডার না মানে? সব পট পট করে বলে দিচ্ছে আমি কি ভাবছি বা আমার ভাব দেখলে কি মনে হয়।

    কিছুক্ষণ ভেবে নিয়ে শ্রাবণ বলল,
    -দিন তাহলে বাদাম।
    মেয়েটি লাফিয়ে উঠল,
    -ওয়াও, তারমানে আমি ঠিক ধরেছি।
    -মনে হয়। আপনার পোষা কুকুরটা সুন্দর। আমি কি একটু কোলে নিতে পারি?

    মেয়েটি তার হাতের কুকুর ছানাটাকে শ্রাবণের হাতে তুলে দিল সাবধানে।

    -হাহা, না না এটা পোষা না। কিছুক্ষণ আগে ওর সাথে বন্ধুত্ব হয়েছে। ওর নাম রেখেছি “পিপো”।
    -বাহ সুন্দর নাম।
    -হ্যা ওর মতই সুন্দর।
    -কুকুর পালতে মন চায়?
    -নাহ, তবে কুকুর হোক বা বিড়াল হোক মাঝে মাঝে আদর করতে ভালো লাগে। ওসব পালার ধৈর্য নেই আমার।

    একটু ভেবে নিয়ে আবার বলল,
    -তবে পিপোকে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ওকে বাসায় নিব না, তবে ওর সাথে আরেকবার সাক্ষাৎ করার ইচ্ছা আছে। জানিনা আবার কবে দেখা হবে। আবার দেখলেই ওকে চিনে ফেলব।

    শ্রাবণ একটা মুচকি হাসি দিয়ে কুকুরটাকে আদর করছে আর মেয়েটি চুপচাপ দেখছে।

    হঠাৎ শ্রাবণ প্রশ্ন ছুড়ে দিল,
    -আপনি এখানে একা একা কি করছেন?
    -এমনিই বসে আছি। অত ধুমধাম ভালো লাগেনা আমার।
    -তো আপনি কি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ?

    মেয়েটি হেসে দিল। আর শ্রাবণ একটা ভুরু উঁচু করে বলল,
    -হাসছেন যে?
    -হাসছি কারণ এই প্রশ্নটা বিয়ে বাড়িতে খুব জনপ্রিয়।
    -হ্যাঁ। তা ঠিক। সবাই কম বেশি প্রশ্নটা ছুড়ে দেয়।
    -তা দেয়। আমি মেয়ের ঘনিষ্ঠ বান্ধবী।
    -ও আচ্ছা।
    -আর আপনি?
    -আপনার আপনার ঠিক বিপরীত।
    -বরের বন্ধু?

    শ্রাবণ শুধরে দিল,
    -না, ঘনিষ্ঠ বন্ধু।

    একটু মুচকি হাসি দিল মেয়েটি। দুজনই নাম জিজ্ঞেস করতে চাচ্ছে কিন্তু লজ্জা পাচ্ছে। এভাবে কিছুক্ষণ নীরবতা পার হলো। পিপো এখনও শ্রাবণের কোলে।
    কিছুক্ষণ পর দু’জনের মাঝে পিপোকে রাখলো শ্রাবণ। এবার মেয়েটাও পিপোকে আদর করার জন্যে হাত বাড়ালো। কিছুক্ষণ এভাবে আদর করার পর হঠাৎ মেয়েটির হাতে স্পর্শ লাগলো শ্রাবণের হাত। সাথে সাথে দুজনের চোখ মিলিত হলো। আশে পাশে আর যাই হোক না কেন দু’জনের হৃদস্পন্দন ঠিকই বেড়ে গেছে।
    ২ সেকেন্ড তাকিয়ে থাকার পর হঠাৎ মেয়েটির ফোনে ফোন এলো। প্রায় চমকে উঠলো সে। কথা শুনে মনে হলো তাকে জলদি যেতে হবে। ওর ফ্যামিলি মনে হয় চলে যাচ্ছে।

    এবার শ্রাবণ সিদ্ধান্ত নিয়েই নিল, সে মেয়েটির নাম জিজ্ঞেস করবে। তবুও কাজটা অনেক কঠিন মনে হচ্ছিল।
    সে নাম জিজ্ঞেস করার জন্য মুখটা খুলতেই নিচ্ছিল তখনই তাকালো মেয়েটা তার দিকে।

    -সরি, আজ আর নামটা জানা হলো না। আর স্পর্শের জন্যেও সরি। ভালো থাকবেন।

    খুব দ্রুত বলল সে কথাগুলো। শুনেই বোঝা গেলো সে খুব তাড়ায় আছে।

    কথাগুলো বলেই দৌড় দিল মেয়েটি। কিছুক্ষণের মধ্যেই সে চোখের আড়াল হয়ে গেল। কিন্তু শ্রাবণকে সে বিস্মিত বানিয়ে দিয়ে চলে গেল।

    শ্রাবণ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এমন কেন হচ্ছে? মেয়েটা কিভাবে বুঝে যায় আমার মনের অবস্থা আর মনে কি চলছে?

    একটু পর পিপো তার ছোট্ট থাবা দিয়ে শ্রাবণের হাতে স্পর্শ করলো। মনে হলো সে আদর করার জন্য বলছে। শ্রাবণ পিপোকে আদর করতে করতে আবার বসলো দোলনায়। অজান্তেই মুখে মৃদু হাসি চলে এলো।

    পিপোকে বলা শুরু করলো,
    -পিপো, মেয়েটা বড় অদ্ভুত তাইনা? কিন্তু কিউট আছে। জানিনা আবার কবে দেখা হবে।

    পিপোর চেহারায় এমন অভিব্যক্তি ছিল যেন মনে হচ্ছে সে শ্রাবণের সব কথা বুঝতে পারছে। প্রথমে যখন কিউট বলেছে সে তার জিভ বের করে বড় একটা হাসি দিল। আর দিতীয়বার যখন বলেছে কবে দেখা হবে জানে না তখন মন খারাপের অভিব্যক্তি আনলো মুখে।

    শ্রাবণ আদর করে দিল পিপোকে। শ্রাবণেরও যাওয়ার সময় হয়েছে। কিন্তু তার পিপোকে রেখে যেতে মন চাচ্ছে না। দু’টো কারণে, এক হলো পিপোর মায়ার জাল, আর দিতীয় শ্রাবণের জীবনে ঘটে যাওয়া বিস্ময়কর কিন্তু মধুর মুহূর্তের জন্যে। এই দিনটা সে ভুলতে পারবেনা কোনোদিন।

    6
    1 Comment
Skip to toolbar