Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • বাঁচতে চাই
    – শাহ্ আলম আল মুজাহিদ

    এই পৃথিবীতে আমরা বাঁচতে চাই
    আমরা কলকারখানার শ্রমিক
    এই পৃথিবীতে আমরা বাঁচতে চাই
    আমরা জাহাজের নাবিক
    এই পৃথিবীতে আমরা বাঁচতে চাই
    আমরা বাজারের দর্জি
    আমরা বাঁচতে চাই;
    মানব–প্রকৃতির বুকে বেঁচে থাকার কত সাধনা।

    এই বাঁচার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল যাযাবর
    এই বাঁচার জন্য শিকারের হাতিয়ার গড়েছিল কামার
    এই বাঁচার জন্য আগুন আবিষ্কার করেছি আমরা
    বুদ্ধিজীবী মানুষ;
    এই বাঁচার জন্য আমরা বনচারী
    প্রকৃতির কোলে ফলমূল কুড়িয়েছি কত সহস্র বছর
    কত চাষাবাদের কলাকৌশল শিখেছি;
    আবার বেঁচে থাকার জন্য
    আমাদের ভাবনার অন্ত নেই—এখনো।
    আমরা উদ্ভাবনী মানব
    বাঁচার জন্য তৈরি করেছি আত্মঘাতী বোমা।
    পৃথিবীজুড়ে গড়েছি অগনিত হাসপাতাল।

    বাঁচতে চাই যারা স্বদেশ ভালোবাসি।
    বাঁচতে চাই যারা বৃক্ষ ভালোবাসি।
    বাঁচতে চাই যারা সঙ্গীত ভালোবাসি।
    বাঁচতে চাই যারা ভালোবাসি পাখিদের ধ্বনি
    হিল্লোলিত নদ–স্রোতে যারা ভাসতে জানি।

    এই পৃথিবীতে আমরা বাঁচতে চাই—
    নিজ ঘরে শান্তিতে বাঁচার আশা
    মায়ের ভালোবাসা নিয়ে বাঁচার আশা
    বন্ধুর আশ্বাসে বাঁচার আশা
    সংসারের স্বপ্ন নিয়ে বাঁচার আশা।

    আমরা যুদ্ধবিধ্বস্ত, ট্রয়–নগরের আত্মা
    আমরা বাঁচতে চাই;
    আমরা জয়নুলের আঁকা দুর্ভিক্ষের ছবি
    মুমূর্ষু কঙ্কাল নর–নারীর
    আমরা বাঁচতে চাই।
    আমরা বাংলার নীলচাষি
    বাঁশের কেল্লা গড়েছি বাঁচার তাগিদে
    আমরা বাঁচতে চাই;

    আমরা পুষ্প ভালোবাসি
    আমরা বাঁচতে চাই
    নোংরা ধুলি–বালি থেকে বাঁচার স্বপ্ন—
    ঝড়ো বাতাস থেকে বাঁচার স্বপ্ন
    হায়েনার থাবা থেকে বাঁচার স্বপ্ন।

    আমরা হিরোশিমা ও নাগাশাকির বিকলাঙ্গতা থেকে বাঁচতে চাই
    আমরা আমাদের জন্মগত অধিকার চাই
    আমাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দাও
    আমরা বাঁচতে চাই।

    4
    2 Comments
    • মানবসত্তার বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষা, সংগ্রাম এবং অধিকার প্রতিষ্ঠার এক মহাকাব্যিক ঘোষণা।

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar