Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • আলো কেবল সূর্য থেকে জন্মায় না
    ~ শরীফ এমদাদ হোসেন

    এই দেশে রাত আসে ভয়াবহ অন্ধকার নিয়ে
    রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে অদৃশ্য মুখোশধারী
    হাতে অস্ত্র আর শব্দের মতো ধারালো হুমকি
    আর শাসন করছে সরকার নয়, যেন এক বিশাল দানব
    যার হাজার পা, প্রতিটি পা চেপে রেখেছে মানুষের বুক।

    মব সন্ত্রাস বেড়াচ্ছে ঘুরে জোনাকির মতো
    ওরা কিন্তু আলো নয়, ওরা অন্ধকারের ক্ষুদ্র ক্ষুদ্র রূপ
    যারা কেড়ে নেয় মান সম্মান সম্ভ্রম
    চুরি করে শিশুর ঘুম
    মায়ের আর্তনাদকে বন্দি করে ইটের দেয়ালে।

    চাঁদাবাজির হাত যেন কাকেদের ঝাঁক
    এক অস্থি ভাঙা রাষ্ট্রের মৃতদেহ থেকে তারা ছিঁড়ে নেয় রক্ত, মাংস, মগজ, আত্মা আর
    ফেলে রেখে যায় শুধু কঙ্কালের মতো জনজীবন

    ষড়যন্ত্রীরা হাঁটে অদৃশ্য পথে তাদের পায়ের শব্দ নেই
    তবু চারদিক কেঁপে ওঠে ভূমিকম্পের মতো
    অন্ধকারের গহ্বর থেকে মানুষ তাকিয়ে দ্যাখে দূরে…
    যেখানে জ্বলে উঠতে পারে আলো
    কিন্তু ওটা আলো নয়, একটা প্রবল প্রার্থনা
    একটা বুকফাটা দীর্ঘনিঃশ্বাস,
    যা ভেঙে দিতে চায় অমানবিক সময়ের পাথুরে ছাদ।

    নিশ্চয়ই একদিন এই কালো রাষ্ট্রের লোহার খাঁচা খুলে যাবে, জনতার কণ্ঠস্বর হবে নদীর ঢেউ
    যা ভাসিয়ে নিয়ে যাবে মবের সন্ত্রাস
    চাঁদাবাজির নখর, আর ষড়যন্ত্রের অদৃশ্য দড়ি।

    তখন আমরা দেখবো
    আলো কেবল সূর্য থেকে জন্মায় না
    আলো জন্মায় মানুষের বুকের গহ্বর থেকে।

    5
    1 Comment
    • আধুনিক সমাজের অন্ধকার, নিপীড়ন, আর মানুষের প্রতিরোধের প্রতীকী চিত্র অসাধারণভাবে ফুটে উঠেছে।

Skip to toolbar