Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • বৃক্ষ, চাঁদ আর ক্যানভাসের ভেতর
    – শরীফ এমদাদ হোসেন

    তুমি না থেকেও
    থেকে যাও এক অবিরল উপস্থিতি—
    যেনো শুকনো পাতার শব্দে
    হঠাৎ লেগে থাকে চাঁদের অচেনা গন্ধ।

    আমি যখন জানালার পাশে দাঁড়াই
    রাতের রঙ চুরি করা আকাশে দেখি
    প্রতিটি নক্ষত্রের শরীরে তোমার অদৃশ্য বাঁক
    প্রতিটি বাতাসের শীতলতায় তোমার নিঃশ্বাসের ছায়া।

    তুমি কাছে না থাকলে
    আমার সমস্ত দৃষ্টি এক বৃক্ষে পরিণত হয়
    সে বৃক্ষের ডাল থেকে ঝরে পড়ে অদৃশ্য কথারা
    পাতার ফাঁকে জমে ওঠে নীরবতা
    কাণ্ডে লেগে থাকে
    অতীতের সাদা-কালো আঁকিবুঁকি।

    আমি তখন চিত্রকর হয়ে যাই—
    তুলি ছাড়াই আঁকি
    ফুজিয়ামার ভোরের ঠাণ্ডা নিস্তব্ধতা
    পুনর্ভবার বিকেলের হাহাকার
    মদিনার নীল আলো ঝরা মসজিদ গম্বুজ
    এমনকি আমাজনের অগোচর অন্ধকারে
    তোমার মুগ্ধতা ছড়িয়ে দিই
    চাঁদের বিপরীতে দাঁড়িয়ে থাকা মহাবৃক্ষের দিকে

    তুমি শরীরী না থেকেও থেকে যাও
    সবকিছুর ভেতর
    আলো, ছায়া, নিস্তব্ধতায়

    সবশেষে আমি নিজেই হারিয়ে যাই
    ক্যানভাসে আঁকা একাকী চাঁদের ভেতর।

    3
    1 Comment
    • “প্রতিটি নক্ষত্রের শরীরে তোমার অদৃশ্য বাঁক / প্রতিটি বাতাসের শীতলতায় তোমার নিঃশ্বাসের ছায়া।”……………………অসাধারন

Skip to toolbar