Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • যদি ফের জন্ম নিতাম
    ~ শরীফ এমদাদ হোসেন

    আমাকে যদি বলা হতো
    ফের জন্ম নাও,
    আমি হয়তো আবার এই মাটি বেছে নিতাম।

    বিছানার নিচে জমে থাকা যাবতীয় স্বপ্ন
    আঙিনায় শুয়ে থাকা অর্ধেক ছায়া
    পুকুরপাড়ের জলচর হাঁসের ডাক
    এসবই হয়তো আমার ঘুমের দোলনা হতো।

    আমি হয়তো আবারও বেছে নিতাম
    জল কাদা মেখে ফিরে আসা দুপুরের ক্লান্তি
    সবুজ ধানের গায়ে লেগে থাকা
    সূর্যের গন্ধে রোদচষা প্রেম।

    আমাকে যদি জিজ্ঞেস করা হতো
    স্বপ্ন মানে কী? আমি বলতাম,
    একটি মেয়ের হাসি, যে জোয়ারের সময়
    পাড়ে ফিরে আসতে ভুলে যায়।

    আর যদি বলা হতো —
    কাকে তুমি ঈশ্বর ভাবো?
    আমি বলতাম,
    মায়ের ঠোঁটে শুকিয়ে যাওয়া প্রার্থনাটা।

    আমাকে যদি আবারও বলা হতো
    দেশ মানে কী, আমি বলতাম,
    একটা সুবর্ণ সন্ধ্যায় শিশিরমাখা মাঠে
    কোনো নামহীন কিশোরের বুকের নিঃশ্বাস।

    আর যদি ফের জন্ম নিতাম—
    আমি নিঃসন্দেহে বেছে নিতাম
    আমার সোনার বাংলা, প্রিয়দেশ বাংলাদেশ।

    4
    3 Comments
    • আপনার কবিতাটি অত্যন্ত গভীর এবং দেশপ্রেম, স্বপ্ন ও জীবনের প্রতি এক অকৃত্রিম ভালোবাসার প্রকাশ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar