Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • অবরুদ্ধ জনপদ
    — শরীফ এমদাদ হোসেন

    দিনের পর দিন দেখছি
    তুমি হিসেব কষছো উন্নয়ন, প্রবৃদ্ধি, সূচকের গ্রাফ নিয়ে
    আর মানুষ দাঁড়িয়ে থাকে লাইনে—চাল, তেল, ওষুধ, আশ্বাসের লাইনে
    যেখানে প্রতিটি দাঁড়ানো মানে একটু করে ক্ষয়ে যাওয়া।

    কথা বলা এখন আর প্রতিবাদ নয়,
    কথা বলা এখন কেবল বেঁচে থাকার অজুহাত।
    তুমি বলো—সব ঠিক হয়ে যাবে
    আমি দেখি—সবকিছু ঠিকঠাকভাবেই চেপে বসছে
    শ্বাসের উপর, স্বপ্নের উপর, দুপুরের ভাতের উপর।
    ঘরে ঘরে জমছে অপ্রকাশ্য হিসেব
    রান্নাঘরের কোণে লুকিয়ে আছে অসম্মতির কণ্ঠ
    চোখের ভেতর এমন কিছু জমে উঠছে
    যার কোনো ভাষা নেই—শুধু আছে উত্তাপ।

    তুমি ভাবো, মানুষ ক্লান্ত
    ভুল।
    মানুষ জমে আছে।
    যেমন জমে থাকে বজ্রপাতের আগে আকাশ
    যেমন জমে থাকে ক্ষতের ভেতর পুঁজ
    যার আর নিরাময় নয়—শুধু ফেটে পড়া বাকি।

    তুমি জানো না,
    নীরবতা মানেই আত্মসমর্পণ নয়
    কিছু নীরবতা থাকে
    যা অপেক্ষা করে সঠিক শব্দের জন্য
    সঠিক মুহূর্তের জন্য
    একটি সামান্য ধাক্কার জন্য।

    সবাই যে রাস্তায় নামবে, এমন নয়
    কেউ একজনই যথেষ্ট
    একজন, যে আর হারানোর ভয় রাখে না
    একজন, যার ক্ষুধা কেবল খাদ্যের নয়, ন্যায়ের
    একজন, যে জানে ভেঙে ফেলাই কখনো কখনো
    একটা দেশকে বাঁচানোর শেষ উপায়।

    তখন আর কেউ জিজ্ঞেস করবে না—
    কে ঠিক, কে ভুল
    কারণ ইতিহাস প্রশ্ন করে না
    সে কেবল নোট করে রাখে।

    দেখবে কোনো এক ভোরে
    এই অবরুদ্ধ জনপদের ভেতর থেকেই
    জেগে উঠবে এমন কিছু
    যাকে আর নিয়ন্ত্রণ করা যাবে না
    নাম দাও, উপমা দাও, পুরাণ খুঁজে নাও
    সে তখন সর্বভুক হয়ে উঠবে
    কারণ দীর্ঘদিন ধরে
    তাকে খেতে দেওয়া হয়নি ন্যূনতম ন্যায়।

    4
    1 Comment
    • প্রতিটি শব্দে এক ধরণের বারুদে ঠাসা নিস্তব্ধতা আছে

Skip to toolbar