Profile Photo

Shukdeb Chandra MazumderOffline

  • Shukdeb-Mazumder
  • Profile picture of Shukdeb Chandra Mazumder

    Shukdeb Chandra Mazumder

    4 years, 10 months ago

    যোগ-বিয়োগ
    ——————————————–
    শুকদেব মজুমদার

    একদিন ভালোবেসেছিলে তুমি- সেই স্মৃতি বুকে নিয়ে
    আজ আমি নদীর তীরে-
    বহতা স্রোত যার অবিরাম সাথী।

    এখানেই আসলে একটি বড়ো প্রশ্ন-
    তারা কিভাবে থাকে একসাথে চিরকাল?

    সেই প্রশ্নের সূত্র ধরেই
    কিছু কথপোকথনকল্পে নদীর নিরালা নিকেতনে আসা-
    জানি না উত্তরের উত্তরীয়খানি
    তার কাছ থেকে পেয়ে আমি আমার মনের
    সন্তুষ্টির শরীরে জড়াতে পারবো কিনা।

    সামনে সূর্যোদয়-
    কুসুমের মতো কোমল কমনীয় আলো-ছায়ার
    খেলা-মেখলা আবছায়া প্রকৃতির অপরূপ সৌন্দর্য,
    পাশে পাখপাখালির কোলাহল
    কাশবনের বন‍্য ভালোবাসা,
    ওপাশে অনেক দূরে কোনো জলযানের
    আগমনী অস্ফুট আওয়াজ।

    আর বুকের মধ‍্যে স্ফুট- বড়ো স্ফুট আওয়াজ-
    কেউ শোনবে না?
    মরে যাবে?

    ‘না মরে যাবে না!’
    এক দৃঢ় প্রত‍্যয়, প্রতিবাদ কোত্থেকে আসে জানি না-
    প্রকৃতির এ কোন অপার কৃপা, করুণা?

    কারো অবহেলায় বা নির্বুদ্ধিতায় জীবনের সব মূল‍্য
    অবলুপ্ত হয়ে যাবে?
    জীবন কি এতোই ঠুনকো, কর্পূর-মার্কা?
    এই যে এ বুকের মধ‍্যে ভরপুর বলবান এতো যে বাতাস এখনো,
    হতাশার হাপর হরদম চাপাচাপি করে
    তুরন্ত তাকে নিঃশেষ করে ফেলবো?

    এ জীবন কি আমার কেবলই আমার?
    জন্মের পরই এ পৃথিবীর কোনো অধিকারই কি
    জন্মেনি তার ওপর?
    এ জীবনের সঙ্গে কোনো লেনদেনই কি নেই
    অন‍্য কারো আর?

    তুমি বিয়োগ হয়ে গেছো বলেই
    আর কোনো যোগের হিসাব আমার থাকবে না?

    থাকবে!
    এবং এভাবেই জীবনের মানে থাকবে।

    Copr: Shukdeb Mazumder | 22-07-21

    6
    3 Comments
Skip to toolbar