নরকের গান
নরকের গান
জল সরে সরে যায়
হৃদয় সেও ক্রমশ জটিল হয়ে পড়ে
এই মুহূর্তে তীব্র আকাঙ্ক্ষা
পর মুহূর্তেই নিস্তরঙ্গ জলাশয়
জল কেটে কেটে পানা সরিয়ে
স্বচ্ছ মুখচ্ছবি
আয়নায় শত শত সাদা কফিন
গোলাপে ঢাকা মৃত্যুর শীতলতা
মারি হয়ে এসেছিলে তুমি
বুকে ছুরি বসিয়ে কেটে নিলে
আস্ত একটা হৃদপিন্ড
তারপর থেকে জল ঝরছে
লাল জলে ভেসে গেলো বিছানা
এইসব গোপন কথা
কোনোদিন কেউ জানতে পারে না
স্নিগ্ধ হাসির আড়ালে ঢাকা পড়ে আছে
নরকের গান
বারান্দার কোণে ঘুমিয়ে আছে
রিলকের একেকটা স্তবক
সেই কালঘুম আর ভাঙেনি তার
কতদিন সে সূর্য দেখে না
রক্তে কমে এসেছে লোহিত কণিকা
তবু যখন তোমার হাত স্পর্শ করে
সেও হয়ে পড়ে একজন মায়াবাসী
খাড়ি কেটে সমুদ্রের জল সব ভর করে চোখে
একেকটা অস্তগামী পুকুর ভরে ওঠে
কুসুমিত আলোয়
হে পাষণ্ড হৃদয়হরণকারী
কী নামে ডাকবে আজ তাকে
সে তো এপিটাফে লেখা হয়ে আছে
নির্জন প্রান্তরে
![]()
2 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Shomik Adhikary Nandon
অনবদ্য কবিতা! শেষ ক’টা লাইন খুব ভালো লাগলো। অভিনন্দন!
Neel tripura
অনবদ্য! ❤️