Profile Photo

কাজী জহির আহমেদOffline

  • kazizahirahmed
  • শুধু তোমার অপেক্ষায়
    –কাজী জহির আহমেদ

    অপেক্ষা শব্দটার একটা বিশেষ মহত্ত্ব আমার হৃদয়ে বরাবরই তোলপাড় ঢেউ এঁকে যায়
    আবার মৃত্যু শব্দটার ব্যাপকতা যে আরো সুদূরপ্রসারী, অন্তত আমার কাছে।
    আর নিয়তি? সৃষ্টিকর্তার অপার দানে আমাদের বরণ করতে হয় যাপিত বোধের শেষ সময় পর্যন্ত।
    তিন তিনটি শব্দ একটা মিহি সুতোয় গাঁথা পৃথিবীর আশ্চর্য এক অপূর্ব মালা।
    জানি! অনেকেই অনেক কথা বলবে। তোমাদের ভিন্ন ভিন্ন পথ; বিভিন্ন মতামত–
    আমার কাছে ভেসে বেড়ানো বিরুদ্ধ নোঙর যেমন, বাধ্যগত নর্তকীও তেমন–
    বাসি ফুলের কদর নেই বলে আমি উপেক্ষা করেছি কখনো?
    অবহেলা! বহু দূরের পথ; আকাশের নক্ষত্র যতদূর।

    একবার আমাকে কেউ বলেছিলো,” অপেক্ষায় থেকো! যেদিন আকাশ ভর্তি মেঘ আর তিতাসের জল এক হবে পূর্বপাড়ে, শবযাত্রা শেষ করেই তোমার দিকে ছুটে আসবো। দাঁড়াবে তো?
    প্রশ্নটা আমার দিক পরিবর্তন হওয়া এক আশ্চর্য বিশেষণ, আমাকে বাধ্যগত বিশ্বাসীদের একজনে পরিণত করেছে।

    আবার সেই অপেক্ষা শব্দটা চলে আসে বারবার–খুব জীবন্ত, স্বচ্ছ আর সরল; অভিমান আর প্রার্থনায় অপেক্ষা, এমন কী নিয়তির নিয়ম মেনে চলতে চলতে মৃত্যুকে বরণ করতে শেখাচ্ছে যে শব্দটা; তার নামও অপেক্ষা।

    রাতে লোডশেডিং হয়, মাঝেমধ্যে। আমি দাঁড়িয়ে থাকি তার দেখানো সংসারে। সেই চিরচেনা আমার প্রথম যৌবনের প্রেমিকাদের সাথে; তিতাসের পাড়ে।
    — শেওলা ধরা ইটের দেয়ালের মতো ; বয়োবৃদ্ধ অথচ কতো অবিচল মজবুত সেই প্রতিশ্রুতি যা আমাকে তার কাছে যেতে হবে বলে প্রতিশ্রুতিশীল এক মানুষে পরিণত করেছে।
    তিতাসের মিহি নরম ঢেউ পায়ের কাছে এসে প্রায়ই প্রশ্ন করে,
    আলসেমির প্রচন্ড দাহনে ওষ্ঠের ভেতর চুম্বনের আলপনা আঁকি তখন…
    ভীষণ উত্তেজিত শেওলার আস্তরণে মৃতপ্রায় স্বপ্নেরা চোখ মেলে তাকাতে চায়, তাকিয়ে দেখে অনেকক্ষণ ; তারপর হাজারো উপেক্ষার বদলা নিতে প্রশ্ন করে–
    অট্টহাসির স্বরে অস্ফুট গোঙানোর শব্দমালায় উগরে দেয় যন্ত্রণা। তারপর বলে,
    “মনে রেখো তুমিও; একদিন–
    গাঢ় চুম্বনে তোমার পবিত্র জলে এঁকে দেবো হিংস্রতার শ্লোক
    তখনো কি আসবে না?”
    একাকি বৃষ্টির জলে, সঙ্গী কেবল আমার আশৈশব ভালোবাসার তিতাস,
    আজও গননাহীন একান্ত অপেক্ষায়। শুধু তোমার অপেক্ষায়…

    9
    13 Comments
Skip to toolbar