Profile Photo

মোঃ রাকিবুল হাসানOffline

  • Rakib@writer
  • #নাম
    রাকিবুল হাসান
    21-08-2022খ্রি.

    গল্প লিখিবার পূর্বে গল্পের নাম ঠিক করা লইয়া বড়ই যন্ত্রণায় পড়িয়া যাই আমি। গল্প আগে লিখিব নাকি তাহার নাম। নানান রকম চিন্তা ঘুরপাক খায় আমার মাথার ভেতর। এই যেমন- মানুষ যাহা কিছু পয়দা করে, আগে কি তাহার নাম ঠিক করে নাকি আগে পয়দা করে?
    বাজার হইতে কুকুর কিনিয়া লইয়া আসিবার পর তাহার নাম হয় টমি, জনি, ডেমি, মমি আরো কত কি। অথচ বাজারে সে কুকুর হইয়াই থাকে।
    আবার দেখা গেল ঘরে কেউ এক জোড়া খরগোশ পালিয়াছে। সেই জোড়া হইতে আবার একখানা তুলতুলে ধবধবে সাদা খরগোশ পয়দা হইল, ব্যাস মালকিন তাহার নাম রাখিয়া দিল ওলুবুলু।
    এইগুলা নাম তো পরেই ঠিক করা হইলো। বাজারে যাইবার আগে তো কেউ নামটা ঠিক করিয়া লইয়া যায় না, গিয়া বলে না, আমারে একখানা টমি নামের সারমেয় দেন।
    যাক গে, পশু-পাখি ছাড়িয়া মানব সমাজে নামিয়া আসি। এই যে দুনিয়া জোড়া কত দম্পতি তাহাদের সন্তান পয়দা দিয়া থাকে। তাহারা কি আগেই নাম ঠিক করিয়া রাখে নাকি সন্তানটা পয়দা হইবার পর মৌলুভী বা পুরোহিত ডাকিয়া বিশাল আয়োজন করিয়া তাহার নাম ঠিক করা হয়।
    কেউ কেউ আবার অবশ্য সন্তান পয়দা হইবার আগেও নাম ঠিক করিয়া রাখে, পুত্র হইলে এই নাম, কন্যা হইলে ঐ নাম। অনেকেরই জন্মের পূর্বে ঠিক করা নাম টিকিয়া যায়, কাহারো যায় বদলাইয়া।
    কেউ কেউ তো আবার সন্তান জন্মের পূর্বে তো পূর্বে, বরং বিবাহেরও পূর্বে সন্তানের নাম ঠিক করিয়া ফেলে দু’জনে আলোচনা করিয়া। পরে কারো কারো হয়ত বিবাহ হয়, কারো কারো সংসারই করা হয় না। তবে যে তাহারা বিবাহের পূর্বে তাহাদের অনাগত সন্তানের নাম ঠিক করিয়া ফেলিল, সেই সন্তানের কী হইবে?
    একজন লেখকের সৃষ্টি তো তাহার লেখা, লেখা লিখিবার পূর্বে কি লেখক নাম ঠিক করেন নাকি নাম ঠিক করিয়া লেখা শুরু করেন? আমি এই বিষয়গুলো লইয়া বড়ই পেরেশান হইয়া আছি। এযাবত কালে আমার যত লেখা, তার প্রায় সবই পূর্বে নাম ঠিক করিয়া লেখা, কোন কোনটা আবার লিখিয়া পর নাম ঠিক করা। যেমন, এই লেখাটার কথাই বলি। বক্ষমান এই লেখাটা লিখিবার পূর্বেও আমি জানিতাম না, লেখাটার শিরোনাম কী হইবে? লেখা প্রায় শেষের দিকে আসিবার পর আমার মাথার ভেতরকার নানান চিন্তা ঘুরপাক খাইয়া অবশেষে “নাম” শিরোনামে আসিয়া স্থির হইল। শিরোনাম ঠিক হইয়া যাইবা মাত্রই আমার লেখাও বন্ধ হইয়া গেল, আর কিছুই মাথায় আসিতেছে না, তাই এইখানেই এই লেখাটার ইতি টানিয়া দিলাম।

    10
    4 Comments
    • নাম একটা অদ্ভুত জিনিস! যার নাম সে খুব কম ব্যবহার করে অন্যেরাই এর ব্যবহার বেশি করে। কিন্তু নাম যার তাকে খুব সাবধানে থাকতে হয় নতুবা সুনাম কামাতে গিয়ে কামাতে হয় দুর্নাম।

    • বৃক্ষ তোমার নাম কি?
      -ফলে পরিচয়।

    • বাহ! নাম নিয়ে বিশ্লেষণমূলক গল্প বেশ ভালোই। শুভকামনা রইল লেখক বন্ধু।

Skip to toolbar