Profile Photo

মনীষা সরকারOffline

  • Manisha-Sarker
  • Profile picture of মনীষা সরকার

    মনীষা সরকার

    • 4 years, 1 month ago

    # একটা বড় আকাশ কিনবো #

    ঠিক করেছি-
    আমি আর আমার ছেলে মিলে একটা বড় আকাশ কিনবো।
    উড়বো দুজন ঘুড়ি হয়ে। লাগামহীন। সূতো ছিঁড়ে।
    খোকা যদিও আকাশেতে জায়গা পাকা করে নিয়েছে।
    বয়স তখন কতো আর হবে! পাঁচ।
    মাস বছরের হিসেব বড় লম্বা লাগে,
    খোকার বড় তাড়া কিনা
    তাই দিন প্রহরেই থাক।

    ঠিক করেছি-
    আমি আর আমার ছেলে মিলে একটা বড় আকাশ কিনবো।
    কী দামে কিনলো খোকা –
    জানতে পারলে সহজ হতো হিসেব কষা।
    দামে আমার আটকাবে না।
    আমার যে পাহাড়খানি, একেবারেই নিজের বলে
    তার বদলেই কিনবো আকাশ। ঠিক করেছি।
    আমার পাহাড়খানি কিন্তু ভারী বেশ
    কঠিন শিলায় গড়ন তারি, উচ্চতায় সব ছাড়িয়ে।
    আজও তার চূঁড়া অজেয়।
    পাহাড়ের বুনো ঘাসে খেলা করে কালো প্রজাপতি,
    গহীন অরণ্য, যেন অসীমের মত অন্তর্লীন মায়ার জাল।
    রুক্ষ শিলায় আছড়ে পড়ে ভারী শীতল বাতাস, যখন তখন।

    পাহাড়টা সেবার কিনেছিলাম ঝরনা দিয়ে;
    সে বছর দুয়েক আগে, সময় নামের দামে।
    সময় কেবল একটু পেলেই খেয়াল কিংবা অবসরে
    গা ভাসাতাম ঝরনায় আমার
    মন উড়াতাম হাওয়ায়, মলাট খুলে।
    বড় প্রিয় ছিল ঝরনাটা আমার।
    খোঁজ পেয়েছি, এই তো সেদিন
    ঝরনাাটা আমার আর বেঁচে নেই
    শাসন ভেঙ্গে নদী হয়ে গেছে।

    খোকা বুঝি আকাশ নিয়েছে একটা বড় নদী দিয়ে।
    নদী বহমান, চির অস্থির,
    আকাশ থির, উচ্চ বড়
    নিচে কেবলই বিপুলা পৃথিবী জরা জীর্ণতার।
    কে না জানে, নদীর থেকে আকাশই দামী।
    খোকা বুঝি সত্যি জিতে গেছে।

    আমি যখন আকাশখানি হাতে পাবো
    জানতে চাইবো খোকার কাছে
    জায়গা কিনলো আকাশেতে আমায় একটু না জানিয়ে!!
    একটু আগে বললে নাহয় পুরো আকাশ কিনে নিতাম
    খোকা, আমি আর ওর বাবা মিলে।
    ঠিক করেছি-
    আমি আর আমার ছেলে মিলে একটা বড় আকাশ কিনবো।
    উড়বো মোরা ঘুড়ি হয়ে। লাগামহীন। সূতো ছিঁড়ে।

    6
    3 Comments
Skip to toolbar