-
অপরিচিত
নিঝুম রাত্রির কোলে, দুঃখের এই নগরীতে একজন বিবাগী একা আনমনে হেঁটে বেড়ায়। রাত্রির গভীরে শিশিরের অশ্রু ঝরে। তার হাতে পুড়ে যায় বিশ্বস্ত নিকোটিন। বিবিধ গলিতে সচকিত কুকুরের দল তাকে দেখে অবাক তাকিয়ে রয়। বোঝার চেষ্টা করে, সতর্ক ঘ্রাণ নেয়। বিবাগী নিশ্চুপ হেঁটে চলে। তার ধারালো চেহারায় প্রবল নিঃস্পৃহতা। বিবাগী একাকী শুন্য দৃষ্টিতে আকাশ দেখে। আকাশ মেঘে ঢাকা। হালকা বৃষ্টি ঝরছে করুণ অশ্রুতে। বিবাগী নিকোটিনে ধোঁয়া ঢাকা মুখে হাত বাড়িয়ে দ্যায়। যেন বা বুঝে নিতে চায় সত্যই বৃষ্টি ঝরছে কিনা। তার ভ্রূকুটিতে প্রবল আন্দোলন। সে বোধ করে উপকূলে উপদ্রব।
কে সে? কোথা থেকে এসেছে? কোথায় যাবে? জানে না, জানে না। তার শুধু মনে আছে, একটা ডাস্টবিনের পাশে সে বসেছিলো। আর কোন স্মৃতি নেই। গত জন্মের কোন ছাপ নেই আজ তার নতুন জন্মে।
সে হাঁটছে আর হাঁটছে। বোধহীন শূন্যদৃষ্টিতে অবাক বিচরণ। হ্যালোজেন আলোর নিচে দাঁড়িয়ে সে খেয়াল করে, তার শরীরে সহস্র ক্ষত।
কে সে? কি তার পরিচয়? কোথায় তার ঘর? কোথায় গন্তব্য? কি বা তার উদ্দেশ্য?
এদিকে একটি সতর্ক কুকুর এই অদ্ভুত আগুন্তুকের দিকে এগিয়ে আসে। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিবাগী কুকুরের চোখে চোখ রাখে। তারপর আবারো একা হাঁটতে থাকে। সে শুধু জানে তার যেতে হবে তারাদের কাছে। তার আগপর্যন্ত অবাক নির্লিপ্ত পদচারণা।রাস্তার ল্যাম্পপোস্টে বাতি জ্বলে। নগরের নিঝুম রাতে এসব আলো আধারির ভিড়ে একা একা চলে আগুন্তুক। হাতে হাতে নিকোটিনের করা বাষ্প, চোখে মুখে অগ্নিকুণ্ড। একা একটা কুকুর অবাক বিস্ময়ে আগুন্তুকের পিছু নেয়। সে একা আনমনে বিক্ষিপ্ত হাঁটতে থাকে। পথে পথে পরে থকে শুন্য রাস্তা। দৃশ্যমান পৃথিবীতে রাত্রি দ্বিপ্রহর। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরের মাতাল বাতাস একা গান ধরে। আশ্রিত রাজপথে দু একটি ঝুপড়ির ভেতর থেকে জোড়া চোখ অবাক চেয়ে চেয়ে শূন্য দৃষ্টিতে বিস্ময়ে তাকিয়ে থাকে আগুন্তুকের দিকে। পিছু নেয় বেহায়া কুকুর।
আগুন্তুক টলোমলো পায়ে হেঁটে যায় সামনের দিকে। সে শুধু জানে তার যেতে হবে তারাদের কাছে। সেখানেই তার গন্তব্য। তারাদের জন্য তার নিরুদ্দেশ যাত্রা। সেখানেই তার গন্তব্য। তারাদের সাথেই তার একাকী নিয়তি।
আগুন্তুক একটার পর একটা সিগ্রেট ধরায়। পকেট হাতড়ায় আগুনের সন্ধানে। তার মুখে কাঠিন্য। চোখের তারায় প্রবল আগুন।
পকেট হাতড়াতে যেয়ে সে খেয়াল করে তার বুকের বামপাশে হৃদয়ের ঠিক ওপরে একটা গোল ক্ষত। সেখানে লালচে কালো আঠার মতো করুণ রস জমে থাকে। ক্ষতটা সামনে ছোট, পেছনে পিঠের দিকে গোলাকার ক্ষতটা বড় হয়ে আছে। আগুন্তুক জলের তৃষ্ণায় ঠোঁট চাটে। তার মুখের কোণায় রক্তের স্বাদ, ঘামের অপরিচিত নোনা গন্ধ।রাত্রির ক্রমশ কালো অন্ধকার নীল হয়ে এলে নাগরিক রাস্তায় ভোর আসে। সূর্যের প্রবল কিরণ এখনো অপরিচিত। কিন্তু আকাশে আলোর আভা অপূর্ব উদ্ভাসিত। নাগরিক রাজপথে , ফাঁকা জমিতে, এলোমেলো আইলে বেড়ে ওঠা বিবিধ বৃক্ষে আশ্রিত পাখির দল জেগে ওঠে, কিচির মিচির করে। এসব নানাবিধ শব্দে আর এলোমেলো বাতাসে অপরিচিত তার এলোমেলো চুলে হাত বোলায়। একা কুকুরটা এখনো পিছু পিছু ঘোরে।
এদিকে ভোরের আলোয় আজানের ধ্বনিতে, কিছু মানুষ বের হয়ে আসে তাদের প্রিয় আশ্রয় থেকে। তারা ধাবমান হয়, তড়িৎ গতিতে হাঁটে।
অপরিচিতের সামনে এরকম এক বৃদ্ধ এসে দাঁড়ায়। সাদেক মোল্লা চোখ বড় বড় করে তাকায়। তার চোখ যেন কোটর থেকে বের হয়ে আসবে এখনি। সে ঠোঁট চাটে, ভয় পায়। তারপর “আল্লা গো” বলে ভীষণ দৌড় দ্যায়।
অপরিচিত বুঝতে পারে, সে আসলে মৃত, যদিও কেউ তাকে বলে দ্যায় নি। বোকা কুকুরটা একাকী রাজপথে ক্লান্তিতে বসে পরে।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

