Profile Photo

ডা. ফরিদ-উজ-জামান খানOffline

  • Dr-Fariduzzaman-khan
  • মনে হয় বেঁচে আছি

    আমার পথ শুধুই অরণ্যে মিশে যায়
    বারবার, যতবার দাঁড়াতে চাই পৃথিবীর রোদে।
    আমলকির বনে এখনো সবুজ থমকে আছে
    জোনাকি আর ঘাসফুলের বুকে এখনো খেলা করে
    আরণ্যক উৎসব।
    মনে হয় বেঁচে আছি।

    আরো অনেকটা সময় আমি বেঁচে থাকতে চাই
    এই নক্ষত্রখচিত আকাশের নীচে
    আলো আধাঁরিতে কিংবা ঝুল বারান্দায়;
    অনেকটা পথ আমি একাকী হেঁটে যেতে চাই।

    আমার চারপাশে এখনো বিচিত্র প্রজাপতি খেলা করে
    সারাদিন ঝি ঝি আর মৌমাছিদের ঐকতানে
    বুঁদ হয়ে থাকি নেশায়। আমি নিজেকে ভুলে যাই,
    বারবার ভুলে যাই একদিন আমিও ছিলাম, তুমিও ছিলে।

    দিনশেষে এই অনাবাদি অরণ্য আমার চোখে ঠুলি এটে দেয়
    গুলগুলিতে যতটুকু আলো আসে,আমি কান পেতে রই,
    মহাশূন্যের ওপাড় থেকে ভেসে আসে অশ্রুত রোদনধ্বনি
    আমি স্তব্দ, অনড় বসে থাকি, শুধুই বসে থাকি।

    দিনে দিনে বেড়ে চলে দেনা, আকণ্ঠ ঋণ পৃথিবীর কাছে
    এই রোদ,আকাশ, বাতাস, নদী, জল,চরাচর
    সবাই আপন, অসীম মমতার আঁকড়,
    হায় তবু ভুলে যাই, ভুলে থাকি।

    দিনশেষে আমি এক পরজীবি উদ্ভিদ
    কখনো ভেসে চলি, কখনো জড়ায়ে ধরি আলোক লতায়
    দূর্বল লতানো আঁকশিতে, জলের বুকে আঁকিবুঁকি।
    তবুও মনে হয়, মনে হয় এখনো বেঁচে আছি।

    6
    6 Comments
Skip to toolbar