-
কোনো কোনদিন ভাবি আমার ঘরটা যদি একটা ধানক্ষেতের মাঝখানে হত। অথবা পাশে। আমার বোন এখন যে বাড়িতে থাকে তেমন। মুখ বাড়ালে শস্যের ঘ্রাণ। হাত বাড়ালেই ক্ষেতের বাতাস। ফোনে কথা হলে কিম্বা বাড়িতে আসলে গল্প করতে করতে জিজ্ঞেস করি ওখানে হেমন্তের গন্ধটা কেমন। ভোরের কুয়াশা কতখানি গাঢ়। অন্ধকারে বন্ধ জানালা খুললে রাতের আকাশের নক্ষত্র কি হাতের কাছে চলে আসে। জীবনের সমস্ত কোলাহল আর ক্লান্তি কি তখন সেই শস্যক্ষেতের আইল পেয়ে সেখানটায় বসে একটু জিরিয়ে নিয়ে দিনান্তে মিশে যায়!
পথ চলতে গিয়ে যে গন্ধ পেয়ে পথের চলাটা থেমে গেছে সেটাই তো হেমন্তের গন্ধভরা শিউলিফুলতলা। অথবা যে কালে সূর্যের উত্তাপটুকু নেই শুধু আভাটুকু আছে, নদীর ঢেউ নেই শুধু তরংগটুকু আছে।
যে কালে বনের গাছ, ঘাস, পাতা, ধানের মাঠ সবুজের আবেষ্টনী থেকে বের হয়ে ধূসরতায় মিশে যেয়ে শীতের শরীরে মেখে যায়।
যে কাল স্বল্পায়ু, অথচ স্বপ্নময়ী___ অথবা যে কাল ছোটগল্পের শেষ হয়েও হইলো না শেষের মত বরাবর একটা আবেদন রেখে যায় তাকেই তো হেমন্ত বলে চিনি।পৃথিবীর সব গল্প সবাই একটু আধটু করে বললো। কিন্তু কার কতটুকু হেমন্তের গল্প আছে সেটা কেউ শোনালো না। কার্তিকের কুয়াশায় কার কতদূর হেটে চলে যাওয়া আছে, হাটতে হাটতে মাঝপথে থেমে যাওয়া আছে, দিনের ক্লান্তি নিয়ে ঘরে ফিরে যাওয়া আছে সেটাও তো বললো না কেউ কাউকে।
গভীর রাতে বারান্দায় দাড়ালে কুয়াশার হালকা গন্ধটা নিঃশ্বাসের খুব গভীরে যেয়ে ঘা মারে। মনে মনে কোনো স্মৃতির উদ্যানে চলতে ফিরতে থাকি। খারাপ লাগে না। শান্ত লাগে। ভালও লাগে কিন্তু সে ভালোর সাথে থাকে বিস্তর স্মৃতিময়তা। যা বিষাদকে জাগিয়ে দেয় আবার প্রসন্নও কম করে না।
আমরা জানি জীবন আর কালের আবর্তে একদিন মুছে যাবে জীবনের আস্বাদ। ম্লান হবে স্মৃতিবিলাসিতা।
এটাও ভেবেছি মাঝে মাঝে____বেহেশতে কি একটা হেমন্তকাল থাকবে? থাকতে পারে নাহ! সোনালি ধানের হাল্কা কুয়াশাজড়ানো হেমন্ত। শিউলি ফোটা ভোরের শিশিরভেজা হেমন্ত। উত্তরের হিম হাওয়ায় ভেসে আসা অপার্থিব গন্ধজড়ানো হেমন্ত। স্বল্পআলোর বিকেলবেলায় সাইকেলে ঘুরে বেড়ানো হেমন্ত। নবান্নের ধান ছড়ানো মাঠের আইলপথ দিয়ে হিমেল কুয়াশায় পরস্পর হেটে ঘরে ফেরা হেমন্ত।
আমরা হেটে চলি। চলতে চলতে থামি। আবার হেটে চলি। একটা সময় ক্লান্ত হয়ে ঘরে ফিরি। তখন আবার পথের কথা মনে হয়। পথ চলতি মানুষের কথা মনে হয়। এই হেটে চলা, থেমে যাওয়া, ঘরে ফেরার মধ্যে যতখানি পারি কেউ বর্ষার গল্প বলে, কেউ বসন্তের কথা শোনায় । আর আমি শুধু হেমন্তের কথা বলে যায়___ জীবনানন্দ দাশ যেমন বলেছিল___ যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়/যখন ঝরিছে ধান বাংলার ক্ষেতে-ক্ষেতে ম্লান চোখ বুজে___ যখন চড়াই পাখি কাঁঠালীচাপাঁর নীড়ে ঠোটঁ আছে গুজে/যখন হলুদ পাতা মিশিতেছে খয়েরী পাতায়।
আমার সামনে একশো কোটি ঘ্রান রাখা ছিলো। তার মধ্য থেকে আমি হেমন্তের ঘ্রাণকে আনিশ্বাস গ্রহণ করেছি অবলীলায় ____
___________________
Late Autumn 🍂 Diary1 Comment

Abrar Jahin Ratul
A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature
Friends
ইয়াসিন আরাফাত
@easir-arafat
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
Zahidul Jamy
@zahidul
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
ruba
@ruba91
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
অসীম রহমান
@ashim_rahman

গদ্য হচ্ছে বাক্যের খেলা। লিখে যাও।