-
সেদিনের নভেম্বর মাসটা অন্যরকম ছিলো। তাতে শীত ছিলো। সেই শীত খুঁজতে গ্রামের বাড়ি যেতে হত না। তার সাথে ছিল শিউলি আর ছাতিম ফুলের ঘ্রাণ। আর ছিল ধান পাকার ঘ্রাণ। কার্তিকের শেষ সন্ধ্যায় বাড়ির বারান্দায় গিয়ে দাড়াতাম। একটা জলজ গন্ধ বাড়ির হাওয়ায় ভেসে বেড়াতো। সেই গন্ধটা যেখানে দাড়িয়ে থাকতাম তার থেকে অনেক দূর, দূরান্তে নিয়ে যেত। কোথাও হয়তো সেই জায়গাটা আছে, অথবা ছিল এখন নেই । সেটা হয়তো দুরাতীত জীবনের কোন মেঠোপথ যা স্মৃতির বাতাবরণের সমারোহে পূর্ণ।
ঠান্ডা চাঁদের আলোয় গন্ধরাজ ফুলের ফুটে থাকা ছিলো বাড়ির উঠানে। আজকের নভেম্বরের কাছে যেটা শুধু রূপকথা। তখনকার শীত শীত রাতে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস শেষবারের মত রিভিশন করতাম। আমাদের মায়েরা সারাদিনের কাজ গুছিয়ে নিরিবিলি সন্ধ্যায় আমাদের সাথে বই নিয়ে বসতো। বাবারা বসতো টেলিভিশন এর সামনে। কারেন্ট চলে গেলে মোমের আলো। সেই আলোয় শীত পোকাদের পুড়ে যাওয়া। বুক আর পিঠ জুড়ে গরম কাথার প্যাচ। পাড়ার বন্ধুদের সাথে দেখা হলে শুনতাম কার কতদূর হলো, কার আর কতটুকু বাকি।
দূরের কোনো মসজিদের মাঠ থেকে মাহফিলের সুর ভেসে আসতো। ভাবতাম পরীক্ষাটা শেষ হলে কোথাও যেতে আর ঠেকাই কে। পড়া শেষ করে রাত দশটার ভিতরে ঘুম। তারমধ্যেই একটু টিভি দেখা। বিটিভি। বিছানায় শুয়ে ভাবতাম শার্টের উপরে কোন রঙের সোয়েটারটা পরবো। পিতা পুত্রের বয়সের অংকটা কার কাছ থেকে ভালভাবে বুঝে নেব। কাল বিকেলবেলায় সাইকেলে কার বাগানে যেয়ে পৌঁছাব।
পরীক্ষার বাকি আর মাসখানেক। তারপর লম্বা ছুটি। শীতের ছুটি। তারপর কোন শাসন নেই। বারণের প্রতিবন্ধকতা নেই।
কিন্তু সেই যে শুরু পরীক্ষার।এখনও পরীক্ষা। ক্লাসের পরীক্ষা, জীবিকার পরীক্ষা, প্রেমের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। একসময় ক্লাসের সেরা পরীক্ষা দিব ভাবতাম। আর এখন পাসমার্কটা চাই। আলোয়-ভালোয় মিশে যেতে পারলে তাতে প্রাণটা জুড়ায় ভাই। জটিল ভাগের অংক না মিললে কোনোমতে যোগ বিয়োগের হিসাবটা বুঝে দিনান্তে ঘরে ফিরতে পারলে তাতেই জীবনের স্বাদ। আর কোথাও কিছু বাকি পড়ে থাকলে তাতে আমারই বা কি_____
_____________________
Late Autumn 🍂 Diary1 Comment

Abrar Jahin Ratul
A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature
Friends
ইয়াসিন আরাফাত
@easir-arafat
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
অসীম রহমান
@ashim_rahman
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
ruba
@ruba91
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
Zahidul Jamy
@zahidul

রাতুল, গদ্য হচ্ছে বাক্যের নিপুন খেলা। অভিনন্দন।