Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বিষণ্ণতার প্রান্তরে

    মলিন বিষণ্ণতার রাত শেষে তুমি,
    তোমার দুঃখকে ভাসিয়ে দাও ওই পরাজিত আকাশে,
    হলদে ঘুড়ির আবহে।
    ধানের মাঠ শূন্য শুয়ে থাকে ফসলের বেদনায়- যেমন তুমি।
    পাড়া গাঁয়ে নবান্নের ধূম।
    ফসলের মাঠ একাকী অপেক্ষা করে রিক্ত চাঁদের পূর্ণিমায়।
    আবারো ফসলে ভরে উঠবে আবাদী জমিন-তোমার মতো।
    কুয়াশায় ভিজে যায় এই প্রান্তর,
    শীতের রাতের শূন্য চালে শিশিরের অশ্রু বৃষ্টির মতো বেদনা ঝরায়।
    ওপরে জেগে থাকে নক্ষত্রের রাত,
    সহস্রাব্দের স্মৃতি বুকে নিয়ে- তোমার মতো।
    এইসব শীতের রাতে মেঠো ইদুর ধান ঘরে সিঁদ কাটে।
    বাসী স্মৃতিরা ভোর করে লেখার খাতায়।
    দূরবর্তী ফসলের গ্রামে জমে ওঠে পুঁথি পাঠের আসর।
    আমাদের সুখ, দুঃখ, হাসি কান্নার অভিনয়, আর নিরন্তর সংগ্রাম,
    প্রাচীন পুঁথির মতো পোকায় কাটা, বেদনায় নিঃস্ব- বিলুপ্ত।
    রাত শেষে চায়ের পেয়ালায় উকি দেয়,
    প্রথম সূর্যের কিরণ- করুণ।
    সবজে ঘাসের ডগায় জমে থাকা শিশিরের অশ্রু-
    তোমার চোখের জলের মতো।

Skip to toolbar