Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    • 1 year, 11 months ago

    বৃষ্টি, খিচুড়ি ও ভালবাসার গল্প

    অফিস থেকে ফিরে রফিক সাহেব ছাতাটা রাখলেন ঘরের কোনে। মাংসের পলিথিন টা রান্নাঘরে নিয়ে রেখে দিলেন। মাঝে মাঝে একটা বিড়াল আসে। কিন্তু আজ বাইরে বৃষ্টি হচ্ছে। বিড়ালটা মনে হয় আজ আর আসবে না। বিড়ালটা কি আশেপাশের কোন বিল্ডিং থেকে
    আসে? না কি রাস্তার বিড়াল এ কথা ভাবতে ভাবতে তিনি কাপড় বদলাতে বাথরুমে গেলেন। বাথরুমটা অনেক বড়। আজকের দিনের ফ্ল্যাটবাড়ির মত চিপা বাথরুম না। অনেক পানি খরচ করে গোসল করে ফুরফুরে মেজাজে রান্না করতে বসলেন।
    আজ বৃষ্টি দেখে মাংস নিয়ে এসেছেন। মাংস খিচুড়ি রান্না হবে, ঝুম বৃষ্টিতে খেতে ভাল লাগবে। তার বন্ধু বাহারের আসার কথা আছে। বাহার খিচুড়ি খেতে ভালবাসে। মনে মনে তিনি চাইলেন বাহার যেন না আসে। বাহার বক বক করতে ভালবাসে। সেসব বক বকানি এতদিন তার ভাল লাগতো।
    কিন্তু এখন তার নিজের মনে ডুব দিতে ইচ্ছে করছে।

    তিনি একজন গোছানো মানুষ, জীবনে সব ঝামেলা এড়িয়ে থাকতে চেয়েছেন। বই কেনেন, পড়েন, ঘুরে বেড়াতে ভাল লাগে তার। হালকা মেজাজে একটু ঘুরতে পারলেই খুব ভাল লাগে তার। সাহিত্য তার বিষয় না, কমার্সের ছাত্র ছিলেন কিন্তু সাহিত্য পড়তে ভালবাসেন।
    রান্নায় খুব একটা তাড়া নেই। বিকালে অফিসের ক্যান্টিনে এক কাপ চা আর একটি সমুসা খেয়েছেন। খিচুড়ি খেতে হয় প্রচন্ড খিদে নিয়ে। এই পঁচ্চান্ন বছর বয়সে এত খিদে কোথায় পাবেন। এক গ্লাস লেবুর শরবত খেয়ে ফেললেন। বাহার কি আসবে? ফোন করবেন কি না ভাবলেন।
    না আসলে থাক। বাহারের মত সাংসারিক লোকের অনেক কাজ থাকে। পরে আরেকদিন বাহারকে ডাকা যাবে।

    রান্না শেষে গরম গরম খিচুড়ি খেয়ে বারান্দায় বসে রইলেন। বাইরে বৃষ্টি দেখতে খুব ভাল লাগছে। শোবার ঘরে একটা বাতি জ্বলছে। বারান্দা অন্ধকার। এই বৃষ্টিতে মেয়েটিকে নিয়ে ভাবা যেতে পারে। মেয়েটি তার অফিসেই চাকরি করে। মাঝে মাঝে মেয়েটিকে নিয়ে ভাববার বিলাসিতা করেন তিনি।
    তিনি বিয়ে করেননি। সারাজীবন নির্ঝঞ্জাট জীবন যাপন করেছেন। ইদানিং একটি মেয়েকে ভালবাসতে ইচ্ছে করে তার। ঐ পর্যন্তই। তিনি জানেন মেয়েটিকে তিনি কখনো ভালবাসা বা বিয়ের কথা বলতে পারবেন না। অফিসে তার সহকর্মী মেয়েটি। বয়স ত্রিশের বেশি না। মাঝে মাঝে তার চোখ
    ফুলে থাকে। হয়তো কান্নাকাটি করে সে। হয়তো চোখের অসুখ আছে তার। মেয়েটিকে নিয়ে অনেক কিছু ভাবেন তিনি।
    মেয়েটি যদি এক কাপ চা নিয়ে আসতো, তার সঙ্গে একটু গল্প গুজব করা যেত। এবার বই মেলায় একটা জোকসের বই কিনেছেন। ওটা থেকেই হয়তো পড়ে শোনানো যেত। আরো কিছুক্ষণ বসে রইলেন তিনি। তারপরে ঘুমাতে চলে গেলেন।

    খুব এক ঘুম ঘুমিয়ে সকালে তার অফিসে যেতে ইচ্ছে করলো না। তারপরেও উঠলেন। চুলায় চা চাপিয়ে, ফ্রিজ থেকে খিচুড়ি বের করে গরম করে খেয়ে নিলেন। রিকশা করে অফিসে যেতে যেতে আকাশের দিকে তাকালেন একবার। আকাশ ঘন নীল। দুপুর বেলা ক্যান্টিনে গেলেন চা খেতে।
    ঐতো মেয়েটি রহমান সাহেবের সঙ্গে কথা বলছে। তার বুকের মধ্যে চিনচিন করে উঠলো। রহমান সাহেবকে হিংসে হচ্ছে তার। এটাকেই বুঝি ভালবাসা বলে। উহ! থাকুক না একটু চিনচিনে ভাব।

    2
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar