Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    • 1 year, 9 months ago

    কুকুর ও পৃথিবী

    আলগোছে দরজা ঠেলে বাইরে বেড়িয়ে আসে ইভান। আজ ডে অফ। রাস্তায় হাঁটতে হাঁটতে কতো ছেলে মানুষী ভাবনা মাথায় আসে। একটা আইসক্রীম কিনে খায়। একবার ভাবে বাসে উঠে বাস ভাড়া না দিলে কেমন হয়। পরক্ষণে ভাবনাটা মাথা থেকে তাড়িয়ে দেয়।
    আজ হাঁটবে, হেঁটে হেঁটে হলে যাবে। সোহরাওয়ার্দী উদ্যানে বসে থাকবে।

    হঠাৎ বৃষ্টি নামলো। বৃষ্টিতে ভিজতে থাকে ইভান। রোদ উঠলে জামাটা গায়ে শুকাবে। হঠাৎ বৃষ্টি স্কুল জীবনের কথা মনে করিয়ে দেয়। এভাবে স্কুল থেকে ভিজতে ভিজতে বাসায় ফিরতো ইভান।
    হাঁটতে হাঁটতে ধানমন্ডি ছাড়িয়ে মিরপুর রোডে ওঠে সে। বালকের চোখ দিয়ে সবকিছু দেখতে চায়।

    দুপুরে জগন্নাথ হলে খেতে যায় সে। পরিচিত কাউকে না পেয়ে ভাল লাগে তার। ক্যান্টিনে মানুষের শোরগোল, ব্যস্ততা দুই চোখ ভরে দেখে সে। খাওয়া শেষে সোহরাওয়ার্দীতে গিয়ে বসে থাকে ইভান। এক কাপ চা নিয়ে বসে। পরিচিত অনেকের সাথে হাই হ্যালো হয়। চা’য়ে লেবুর রস নেই।
    চিনিতে ঠাসা চা খেতে ভাল লাগে না। এক অদ্ভুত কষ্টে মন হাহাকার করে ওঠে। এক চিমটি লেবুর রসহীন চা বিস্বাদ লাগে।

    একটা কুকুর এসে পায়ের কাছে বসে। কুকুরটাকে রুটি কিনে টুকরা টুকরা করে ছড়িয়ে দেয় ইভান। বারবার রুটি কিনে ছড়িয়ে দেয় সে। কয়েকটি কাক এসে রুটির টুকরোয় ভাগ বসায়। অলস চোখে দেখে ইভান।

    এক সময়ের তুখোড় ছাত্র ইভানের জীবনে কুকুরকে খাওয়ানোর চেয়ে বড় কোন মহত্ব আর নেই। তাই অফডে’তে কুকুরকে খাওয়াতে সোহরাওয়ার্দীতে আসে সে।

    মুখস্থবিদদের সঙ্গে পাল্লা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় নি ইভান। সরকারি চাকরিতে ছিল অনীহা, ছাত্র অবস্থায় কবিতা লিখতে গিয়ে নেসায় আসক্ত ইভান জীবনের ট্র্যাক থেকে ছিটকে গেছে।
    না পারছে সফলতার দৌঁড়ে দৌঁড়াতে, না পারছে জীবন থেকে পালাতে। বাবার মৃত্যু, নেশা আর হঠাৎ এক বিয়ে তার প্রতিবাদী জীবনকে চুনোপুটি বানিয়ে ছেড়েছে। এখন সে প্রতিবাদে আর সাহিত্যে আগ্রহ পায় না। রাষ্ট্র বদল সমাজ বদল কোন কিছুর খেই নেই তার কাছে।

    সবাই যে আইএলটিএস দিয়ে বিদেশ যায় এই বুঝি মুক্তি! কিন্তু পরিক্ষা আর রেজাল্টের প্রতি অনীহায় সে তৃতীয় শ্রেণী পেয়েছে অনার্সে। কোথায় পালাবে ইভান। হঠাৎ জীবন খুব দীর্ঘ মনে হয়।

    ইভান আবার কুকুরটার দিকে তাকায়। কুকুরটাকে দু’টো ভালবাসার কথা বলতে ইচ্ছে করে তার। কুকুরটার গায়ে হাত বুলায় সে। এইতো ভীষণ ভালবাসতে ইচ্ছে করছে পৃথিবীটাকে। শেষ বিকেলের মায়াবী আলো ছড়িয়ে অস্ত যাচ্ছে সূর্য।

    4
    2 Comments
Skip to toolbar