Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 1 month ago

    ছেঁড়া কাগজ
    (কাগজের আত্মকাহিনী )
    — জাহিদুল জামি।

    আমি,
    হ্যাঁ আমি—
    এক টুকরো কাগজ।
    না, কোনো ছেঁড়া পরিচয় নয় আমার—
    আমি নিজেই এক পূর্ণ ইতিহাস,
    যার শরীর ভেঙেছে কালের চাবুক,
    আর আত্মা দগ্ধ হয়েছে বিস্মৃতির বারুদের আগুনে।

    আমার গায়ে একদিন কলমের আঁচড়ে
    রচিত হয়েছে রাষ্ট্রের প্রথম সংবিধান।
    হিটলারের পাপের পরাজয়ে যে কাগজে
    সম্রাট সই দিয়ে বলেছিল “আমি হার মানি”—
    সে আমিই।

    তোমার ঘামে লেখা প্রেমপত্র ছিলাম আমি,
    যা তুমি বুকের ভেতর লুকিয়ে রেখেছিলে,
    দুই যুগ পর খুলে আবার চুমু খেয়েছিলে,
    আজ সেই চিঠি ময়লার ঝুড়িতে
    মুড়ির ঠোঙা হয়ে গেছে।

    আমি সেই প্রশ্নপত্র,
    যার এক উত্তরে কারো জীবন বদলে গেছে,
    আর কারো জীবন গেছে আত্মহত্যার ছায়ায়।
    আমি সেই খসড়া চুক্তিপত্র—
    যাতে দুই দেশের সীমান্ত সরেছিল,
    যাতে লাখো মানুষ উদ্বাস্তু হয়েছিল,
    আর কেউ বুঝতেও পারেনি আমি কবে ছিঁড়েছিলাম।

    একদিন,
    আমি পরীক্ষার হলের সেই প্রশ্নপত্র,
    যে এক পাতায় লেখা থাকত কারো ভাগ্য,
    দুই পৃষ্ঠায় জেগে থাকত ভবিষ্যতের স্বপ্ন।
    তখন আমার ছিল দাম, ছিল মর্যাদা—
    ছাত্রের কাঁপা হাতে আমি লিখতাম নিজের কথা,
    আর নির্ভয়ে—
    শিক্ষক, সময়, সমাজ—সবাই আমাকে পড়ত গভীর দৃষ্টিতে।
    তখন আমার প্রতি ছিল অসীম চাহিদা,
    একেক কপি ছাপাতে রাত্রি জাগত প্রেসের কামলা,
    কারণ আমি ছিলাম সত্যের প্রশ্ন—
    যার উত্তরেই গড়ে উঠত রাষ্ট্রের পরবর্তী ইতিহাস।

    আজ আমি ছেঁড়া।
    হ্যাঁ, ছেঁড়া।
    তুমি যখন ঝালমুড়ি খেয়ে
    আমার শরীর দলা করে ছুঁড়ে ফেললে,
    তখনো আমার কোণায় রয়ে গিয়েছিল
    এক শিশুর আঁকা বাড়ি আর সূর্যের হাসি।

    একদিন আমি ছিলাম শ্রেষ্ঠত্বের প্রতীক।
    তোমার দাদার সার্টিফিকেটে,
    তোমার মায়ের ডায়েরিতে,
    তোমার প্রেমিকার কবিতায়,
    তোমার জীবনের শ্রেষ্ঠ স্বপ্নে—
    আমি ছিলাম।

    কিন্তু আজ?
    ঝাড়ুর আঘাতে উড়ছি গলির শেষ প্রান্তে।
    রাস্তার কুকুরের থাবায় ছিঁড়ে যাচ্ছি,
    বর্ষার পানিতে গলে,
    নর্দমার নোটবুক হয়ে যাচ্ছি,
    কারণ আমার শরীরে এখন আর কোনো ভাষা নেই।
    তুমি আমায় নিষ্প্রাণ ভাবো।
    তবে শোনো—
    আমি আজও জেগে আছি,
    তোমার সমস্ত ভুলের সাক্ষী হয়ে।

    তুমি যখন আগুন দাও আমাকে,
    আমার ছাই উড়ে গিয়ে জমে
    তোমার সন্তানদের শ্বাস-প্রশ্বাসে।
    তারা জানেও না—
    তাদের ভবিষ্যৎ একদিন ছিল আমার গায়ে লেখা।

    আমি ছেঁড়া—
    তবু আমি এক মহাকাব্য,
    যে কাব্য ইতিহাস বইতে জায়গা পায় না,
    তবু ইতিহাস আমার ভিতরে জন্ম নেয়।
    আমি নষ্ট না—
    আমি পরিত্যক্ত এক সত্য,
    যাকে তুমি ভয় পাও,
    কারণ আমি বলি সেই কথা
    যা তোমার ভাষা ভুলে গেছে।

    আমি ছেঁড়া কাগজ।
    একদিন আমি ছিলাম রাজদরবারে,
    আজ আমি তোমার জুতোর নিচে।
    তবুও বিশ্বাস করো—
    তোমার মুখোশ যখন খসে পড়বে,
    তুমি খুঁজবে আমাকেই
    যে নিরবে সমস্ত কথা লিখে রেখেছিল,
    তোমার মতো মানুষের বিচার হোক বলে।
    এপ্রিল ২৪.২০২৪

    3
    2 Comments
    • এক টুকরো কাগজ।
      না, কোনো ছেঁড়া পরিচয় নয় আমার—
      আমি নিজেই এক পূর্ণ ইতিহাস,
      যার শরীর ভেঙেছে কালের চাবুক,
      আর আত্মা দগ্ধ হয়েছে বিস্মৃতির বারুদের আগুনে।

Skip to toolbar