Profile Photo

নাহিদ হাসান নয়নOffline

  • Nahid-Hasan-Noyon
  • নিঃশব্দতার প্রান্তে
    ✍️নাহিদ হাসান

    পাহাড় দেখেছি—যেখানে নীরবতা পাথরে পাথরে ধ্বনিত হয়,
    একান্ত ব্যক্তিগত যন্ত্রণার মতো জমে থাকে ঢেউহীন বিস্তার।
    সমুদ্র দেখেছি—তার গর্জনের ভিতরেও লুকিয়ে থাকে এক প্রাচীন বিষাদ,
    যেন অতল জলের গভীরে কেউ রেখে গেছে এক অশ্রুসিক্ত ইতিহাস।

    তেপান্তর পেরিয়েছি—যেখানে দিগন্তের রেখাও দুলে ওঠে মরীচিকার আশ্বাসে।
    সেই বিশালতার মাঝেও ছিলো একরকম অন্তর্হিত সংকোচ,
    একাকিত্বের দীর্ঘশ্বাস।

    তবু—
    এই নির্জনতা, এই নিঃশব্দের ভাষা, আগে কোথাও পাইনি।
    এ এমন এক শূন্যতা,
    যা শব্দে বর্ণনায় আসে না,
    শুধু অনুভবে খেলে যায়,
    হৃদয়ের অলিন্দে নিঃশব্দ পায়চারির মতো।

    চৌকাঠ পেরোলেই—
    শহরের কোলাহল,
    যেখানে প্রতিটি শব্দ যেন একেকটি ছিন্ন গানের অংশ,
    ভাঙা নোটে বাঁধা অচেনা সুর।
    মানুষ হাসে, বলে, ছুটে চলে—
    কিন্তু কেউ শোনে না নিজেরই মনের কণ্ঠস্বর।

    এই শহর—
    আলোয় মোড়া, অথচ অন্তরে অন্ধ।
    এখানে হৃদয় নেই,
    শুধু হৃৎপিণ্ডের শব্দ।

    আর আমি—
    চৌকাঠে দাঁড়িয়ে ভাবি,
    নিঃশব্দতা কি সত্যিই শূন্য?
    নাকি সেটাই সবচেয়ে পূর্ণ এক আর্তি—
    যা শুধু তারা জানে,
    যারা রাত জেগে আকাশ দেখে।

    3
    3 Comments
Skip to toolbar