-
বোধ
ভাবতে অবাক লাগে, একটা সময় আমি থাকব না। যে আমিকে নিয়ে নিয়ত ভাবি সেই আমি থাকবে না। এক দিন অন্ধকার সারা বেলা প্রিয় বন্ধু হবে। থাকবে না এই রূপ তৃষ্ণা। থাকবে না প্রাণ খোলা হাসি অথবা তোমার অবনত চোখের জল দেখে ভাবা তোমাকেই সহস্র বছর ভালোবাসি। থাকবে না এই যৌবনের উচ্ছলতা, উচ্ছ্বাস। থাকবে না দুঃখ, শোক, জড়াগ্রস্থতা। নিজেকে হারিয়ে ফেলার ভয়। থাকবে না বন্ধুর সাথে রাতের গভীরে আলো খোঁজার যাত্রা। থাকবে না এই কাম, ক্রোধ, লালসা, বাসনা, অস্থিরতা, রাত জাগা। রাত থেকে ভোর হওয়া। থাকবে না সবচেয়ে মধুরতম সঙ্গীতে শিহরিত হবার ভালো লাগা।
জীবনের এবং জগতের প্রতি এই প্রেম। তারা ভরা রাতে প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রবল প্রচেষ্টা। আবারো নশ্বর জীবনে ঘাতে, প্রতিঘাতে অগ্নি স্ফুলিঙ্গ এর মতো, বারুদ মাখা বিস্ফোরণ।
থাকবে না এই শহরের পথে পথে খুঁজে ফেরা নিজেকে, অতীতের ছায়ায়। থাকবে না সমুদ্র এর বিশালতা দেখে নিজেকে তুচ্ছ মনে হবার উপলব্ধি। থাকবে না আকাশ ছোবার দুর্নিবার আকাঙ্ক্ষা। এক দিন এই গতি থেমে যাবে। চারিদিক হবে অন্ধকার। যে অন্ধকারে জোনাকি আলো জ্বালে না। একদিন এ সব অনুভব, বোধ সব শূন্য হবে। শূন্য হবে প্রার্থনার সকল সময়। জীবনের প্রবল তৃষ্ণা শান্ত হবে। এই এক জীবনের সকল সরলতা, উচ্ছলতা শান্ত হবে।
এই এক জীবনের কোন কিছুই থাকবে না। তাহলে জীবন কি মৃত্যুর এই উপত্যকায় সত্যই এক বিস্ময় নয়?
জীবনকে ভালোবাসার আকুলতা তো মানুষের কখনো শেষ হবে না। আমার জায়গায় আসবে অন্য আরেক জন। তোমার স্থানে অন্য আরেক মানুষ। জীবন বয়ে যাবে জীবনের গতিতে। কী অপূর্ব এই শূন্যতায় আমাদের গতিশীলতার আখ্যান!জাকের আদিত্য
০১ জুন, ২০২৫
ঢাকা, বাংলাদেশ।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

