Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • সূর্য সংক্রান্ত
    – শরীফ এমদাদ হোসেন

    বালক বয়সে হেডস্যার জিজ্ঞেস করেছিলো, “কওতো সূর্য কোনদিক উঠে কোনদিকে ডুবে যায়?”

    আমি কইলাম, আমি জানি স্যার
    সূর্য তো খলিল কাগা’গে কুটোর পালার বাড় দিয়ে উইঠে…. বৈকেলে রানু’গে টিনির চালে খানিকক্ষণ বাইধে থাইয়ে, ফুচ্চুৎ কইরা ডুবে যায়।
    পুবপচ্চিম কোন বালও না….

    আমার জবাব শুনে ক্লাস ভরতি মাইয়া পোলা হাইসা ওঠে। হেডস্যার আমারে বেদম পিটানি দেয়
    আমি বুঝতেই পারি না
    কী এমন ভুল উত্তর দিয়েছিলাম!
    এমন একটা সপ্রতিভ উত্তর দিয়েও সেবার আমি
    ভূগোলে গোল্লা পেয়েছিলাম

    শৈশবের মতো আজও আমি দেখি
    বাড়ির পাশে শুকনো খটখটে নদী
    মালোদের মাছ ধরা, সূর্যের গনগনে তাপ
    খলিল কাগার কুঁজো হতে হতে আরো কুঁজো হওয়া
    রাস্তাঘাট দরদালান চাকচিক্য বেড়ে যাওয়া
    রাতারাতি ধনী হতে গরীব, গরীব হতে ধনী হওয়া

    আসলে, পৃথিবীটাও মনে হয় সরে গেছে
    ধনী আর দরিদ্রের ব্যবধানে

    তবু চোখ বুজলেই দেখতে পাই
    খলিল কাগার খড়ের গাদা আর রানুদের টিনশেডের সীমানায় আজও সূর্যটা ঘুরপাক খায়
    বুঝতেই পারিনা….
    বালক বয়সে হেডস্যারের কাছে কওয়া
    জবাবটার ভুলটা কোথায়?

    3
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar