Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • নিশ্বাসের শোকগাথা
    – শরীফ এমদাদ হোসেন

    আকাঙ্খার আলো ফুরিয়ে গেলে নিঃশব্দে নেমে যাই নিজস্ব দহনভূমিতে
    যেখানে শ্বাসও পুড়ে যায় ধূপের মতো
    ধোঁয়ার ভেতর লুকিয়ে থাকে সমস্ত প্রার্থনার অক্ষর।

    আমার ভিতরে বয়ে চলে নিরুপায় নদী
    জল তার ঘোলা নয়—
    কেবল ভেসে যায় অচেনা স্বপ্নদের মৃতদেহ
    সময়ের বাঁধন খুলে তারা ভেসে যায় অন্ধকারের দিক
    যেখানে আর কোনো পথ নেই, নেই কোনো উদ্ধারের আয়োজন।

    দেহের অন্দরে মুখ লুকোচ্ছে এক অদৃশ্য ক্ষত
    কী করে রুখবো তারে? কী করে বলবো,
    “ভালোবাসা মানে একদিন নিজেকেই মাটি করে ফেলা।”

    আকাশের দিকে তাকাই—
    বুঝি, তারাগুলো আসলে নিঃশেষ হওয়া আগুনের শোকগাথা।
    আর আমি, আমার প্রতিটি নিশ্বাসে একটি করে
    ক্ষুদ্র প্রার্থনা লিখে যাই অদৃশ্য কোনো কপালে
    যার নাম হয়তো মুক্তি, অথবা ক্লান্তি।

    2
    1 Comment
    • আপনার এই কবিতাটির প্রতি লাইনে, মানুষের ভেতরের হতাশা এবং সেই হতাশাকে অতিক্রম করার এক দার্শনিক চেষ্টা অনুভব করা যায়।

Skip to toolbar