Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • চৌরাস্তার পাঠশালা
    — শরীফ এমদাদ হোসেন

    আমি ভিক্ষুকের মতো বসে থাকি চৌরাস্তায়।
    হাত পেতে নয়, চোখ পেতে।

    আমার পাশ দিয়ে হেঁটে যায় তাড়া
    হাঁটু ছুঁয়ে যায় ক্লান্তি
    মুখের ওপর দিয়ে ছায়া ফেলে ছুটে যায়
    অফিস ফেরা সন্ধ্যা।

    লোকজন ভাবে আমি কিছুই দেখি না
    অথচ আমি দেখি
    কীভাবে মানুষ নিজের মুখের ভেতর
    দরজা লাগিয়ে চলে।

    কেউ সন্তানের ভবিষ্যৎ
    প্লাস্টিক ফাইলে ভরে বয়ে নেয়।
    কারও কাঁধে ঝুলে থাকে দায়িত্ব
    কারও চোখে জমে থাকে হিসেব।

    আমার সামনে থামে বাস, থামে হর্ন
    থামে না মানুষ।
    আমি হঠাৎ হেসে ফেলি
    কারণ দেখেছি, কেউ একজন
    নিজের ছায়াকেই ডিঙিয়ে যেতে চায়।

    কুকুরেরা আমাকে চিনে ফেলে
    পাশে এসে বসে।
    ওরা জানে, চুপ করে থাকা মানেই হার নয়।

    আমি ভিক্ষুকের মতো বসে থাকি চৌরাস্তায়।
    অথচ এই শহরের সবচেয়ে ব্যস্ত মানুষ আমি।

    1
    1 Comment
    • আধুনিক শহুরে জীবনের ব্যস্ততা, বিচ্ছিন্নতা এবং একাকীত্বের মধ্যে দাঁড়িয়ে থাকা এক পর্যবেক্ষকের গভীর আত্ম-উপলব্ধি

Skip to toolbar