Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • রাষ্ট্রের পাঠ
    — শরীফ এমদাদ হোসেন

    যে ছেলেটা ভোরে ডাস্টবিনে মুখ ঢুকিয়ে
    গতকালের ভাত খুঁজছে, তাকে ডাকুন।
    তার কানে কানে বলুন—
    দেখুন উন্নয়ন হচ্ছে, জিডিপি বাড়ছে।

    যে মেয়েটা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে
    চাকরির বিজ্ঞাপন পড়ে
    আর জানে—এই শহরে তার জন্য
    শুধু অপেক্ষার বেঞ্চ, তাকে ডাকুন।
    তার কানে কানে বলুন—
    এটা নারী অগ্রগতির শতক।

    যে লোকটা হাসপাতালের বারান্দায়
    ফাইল বুকে জড়িয়ে বসে আছে
    তিন দিন, তিন রাত
    ডাক্তার দেখানোর সিরিয়াল পায়নি,
    তাকে ডাকুন।
    তার কানে কানে বলুন—
    স্বাস্থ্য এখন মানুষের দোরগোড়ায়।

    যে কৃষক মাঠে দাঁড়িয়ে
    ফসলের চেয়ে ঋণের হিসাব বেশি দেখে,
    যার জমি বন্ধক,
    যার ছেলে শহরে রিকশা টানে
    চাকুরীর ইন্টারভিউ দিয়ে দিয়ে হয়রান
    তাকে ডাকুন।
    তার কানে কানে বলুন—
    দেশ এগোচ্ছে, খুবই এগোচ্ছে।

    যে মা রাত জেগে বসে থাকে
    মোবাইলের শব্দে বুক কেঁপে ওঠে,
    ছেলে বাইরে গেছে কাজে
    ফিরবে কি ফিরবে না জানে না,
    তাকে ডাকুন।
    তার কানে কানে বলুন—
    এদেশে আইনের শাসন অটুট।

    সবাইকে সব বলা শেষ হলে
    একটু চুপ করুন।
    এই চুপ থাকাটাই জরুরি।

    তারপর আয়নার সামনে দাঁড়ান।
    নিজেকে ডাকুন।
    নিজের কানে কানে বলুন—
    সবকিছু জানতাম,
    তবু আমি চুপ ছিলাম।

    1
    1 Comment
    • প্রতিটি চিত্রকল্প আমাদের চারপাশের রূঢ় সত্যকে তুলে ধরেছে

Skip to toolbar