Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • কেন আসো
    — শরীফ এমদাদ হোসেন

    কেন আসো
    শীতের জমাট ঘুম ভেঙে রোদের পাতলা হলুদে
    শুকনো ডালপালার গায়ে নতুন কুঁড়ির অস্বস্তি নিয়ে
    কেন আসো?

    মাটির ভিতরে গুমরে থাকে পুরোনো ক্ষুধা
    পায়ের নিচে ভাঙা বছর, অসমাপ্ত হিসেব
    তবু কেন হঠাৎ হালকা হাওয়ার নামে
    ডেকে তোলো আমাদের?

    আমরা তো শিখে গেছি শীত সইতে
    নিঃশ্বাস জমিয়ে রাখতে, বাঁচতে অল্প আলোয়
    এই অকারণ উচ্ছ্বাস কেন রক্তে ঢুকিয়ে দাও?

    শহরের দেয়ালে এখনো লেগে আছে
    বিজ্ঞাপনের কৃত্রিম হাসি,
    চোখের কোণে জমে থাকা দীর্ঘ শীতের ক্লান্তি
    এই ভিড়ে কেন হঠাৎ পলাশের রং দেখাও?

    আসো দখিনা হাওয়ায়, আসো কোকিলের গলায়
    আসো হাটের ভিড়, মাঠের ধুলোয়,
    মানুষের ভেতর জমে থাকা স্বপ্নে
    কেন আসো?

    আমরা জানি, তুমি স্থায়ী নও, কেউই নয়
    তোমার পেছনে আসে ঘাম, ক্ষয়, ভাঙন—
    তবু অভ্যাসের অন্ধকার থেকে প্রশ্নের তীর ছুটে যায়

    প্রতিবছর এই সময়েই
    কেন এত ঘটা করে আসো, হে বাহারি বসন্ত?
    _____________________________________

    2
    1 Comment
    • সাধারণত কবিরা বসন্তকে স্বাগত জানান, কিন্তু আপনি বসন্তকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়।

Skip to toolbar