Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • সত্য বলার সাহস
    ~ শরীফ এমদাদ হোসেন

    আমি জন্মাইনি কেবল নিঃশ্বাস নেবার জন্যে
    আমার ভেতরে অক্ষর-খচিত অস্থিমজ্জা
    ধ্বনি জেগে ওঠে ক্ষুধার মতো
    আর ব্যঞ্জনবর্ণেরা রাতভর ঠুকে যায় দরোজা—
    বলতে চায়, “আমাদের উচ্চারণ করো, নইলে আমরা ইতিহাসে পরিণত হবো।”

    আমি শব্দের কাছে দায়ী
    কারণ তারা আমাকে উচ্চারণ শিখিয়েছে
    নদী যেমন তৈরী করে চর
    মা যেমন শেখায় প্রথম ডাক
    আমি সেই ডাকে এখনো কেঁপে কেঁপে উঠি

    যারা বলে ভাষা কেবল যোগাযোগ
    তাদের দিকে তাকিয়ে দেখি
    তাদের চোখে কোনো আগুন নেই, কোনো শহীদ মিনার নেই, শুধু হিসেবের খাতা আর মুনাফার কলম

    অথচ ভাষা একটি রক্তে লেখা প্রতিশ্রুতি
    যেখানে উচ্চারণ মানে দাঁড়িয়ে থাকা
    আর নীরবতা মানে বিশ্বাসঘাতকতা

    শব্দকে ভয় পেও না হে বাঙালি
    শব্দের ভেতরেই লুকানো থাকে মুক্তির কপাট;
    যে দরোজা খুলতে জানে,
    সে মানুষকে আলাদা করে না ধর্মে, উচ্চারণে, ব্যাকরণে
    সে কেবল শুনতে চায় হৃদয়ের স্পষ্ট উচ্চারিত স্বর।

    যতদূর চোখ যায়—
    দেখবে শব্দের বাতিঘর জ্বলে আছে ,
    তার আলো রক্তে নয়, উচ্চারণে; যেশিখা নেভে না,
    যতক্ষণ কেউ একজন
    নিজের ভাষায় সত্য বলার সাহস রাখে।

    1
    1 Comment
    • আপনার এই দ্রোহী উচ্চারণ মনে করিয়ে দেয় যে—বেঁচে থাকা মানে কেবল নিঃশ্বাস নেওয়া নয়, নিজের ভাষায় সত্য বলার সাহস রাখা।

Skip to toolbar