Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • হে কবি
    – শরীফ এমদাদ হোসেন

    হে কবি!
    কত আর নীরব থাকবে এ অন্ধকারে ?
    সময় তো থাকে না থেমে
    সময় পিছলে যায় ক্ষুধার সাজানো বাগানে
    এখনো তুমি জাগাতে পারো
    এখনো তোমার কণ্ঠে ধাক্কা দিতে পারো ঘুমানো বিবেক

    দ্যাখো—
    এখনো মাঠে দাঁড়িয়ে কৃষক
    মাটির চোখে চোখ রেখে জিজ্ঞেস করে
    আসবে কি আগামী সকাল?
    এখনো মায়ের বুকে কান্না জমে থাকে
    প্রগাঢ় অন্ধকারে ভরা থাকে আগামীর অনিশ্চয়তা।

    হে কবি,
    কবে খুলবে তুমি কবিতায় দ্রোহের জানলা?
    কবে তোমার পঙ্‌ক্তির টানে নদী ভুলে যাবে বিভাজন?

    হে কবি!
    মানায় না আর এই বসে থাকা
    কেবল শব্দকে সাজিও না অলংকারে
    শব্দকে নামাও রাস্তায়, মিছিলে, স্লোগানে….
    তুমি তো জানো,
    কবিতা ছাড়া আর কেউ নেই
    যে ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলে
    কবি ছাড়া কে ডাকে মানুষকে মানুষ নামে?
    কে আগুন দেয় রক্তের ভেতর?
    কে শেখায় মাথা উঁচু করে দাঁড়াতে আবার?

    হে কবি!
    কলমটা তোলো, হাত ধরো আগামীকালের
    তোমাকেই হাঁটতে হবে সকলের আগে।

    4
    1 Comment
Skip to toolbar