Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ঠিকানা
    ~ শরীফ এমদাদ হোসেন

    পৌঁছেছো?
    দুটো অক্ষরের একটা মাত্র সেতু
    অথচ এর ওপর দিয়েই হেঁটে যায় হাজার বছরের নিশ্চিন্ত নির্ভরতা।

    পৌঁছেছো?
    জিজ্ঞেস করতেন দুঃখীনি মা আমার দু’হাত তুলে
    মায়াময় সেই হাত দুটোর আড়ালে
    যেন গোটা বিশ্বব্রহ্মাণ্ড আমায় আগলে রাখতো।
    সেই মায়া আর ছায়া বিলীন হয়েছে আজ।

    পৌঁছেছো?
    জানতে চাইতো কলেজের সেই হলদেটে চিঠি
    যার প্রতি ভাঁজে লেগে থাকতো
    অপেক্ষা আর নাম-না-জানা কিছু অভিমান

    আহা! ডাকবাক্সটা কবেই মরিচায় পড়েছে ঢাকা।

    এখন গন্তব্যে পৌঁছানোর খবর নেয় জিপিএস,
    যান্ত্রিক স্বরে বলে দেয়, ‘ইউ হ্যাভ অরাইভড’।
    অথচ প্রাণের ছোঁয়ায় কেউ আর শিউলি তলায় দাঁড়িয়ে বলে না—পৌঁছেছো?

    অন্ধকার চিরে ট্রেনের হুইসেলও জানতে চায় না—
    পৌঁছেছো?
    আমি স্টেশনের নির্জন বেঞ্চে বসে বসে ভাবি
    মানুষ কি সত্যিই কোথাও পৌঁছায়?
    নাকি সারা জীবন কেবল এক মায়া থেকে
    অন্য মায়ার স্টেশনে পাড়ি জমায়!

    3
    1 Comment
    • “মানুষ কি সত্যিই কোথাও পৌঁছায়? নাকি সারা জীবন কেবল এক মায়া থেকে অন্য মায়ার স্টেশনে পাড়ি জমায়!”………………….এটি যেন কেবল একটি কবিতার লাইন নয়, বরং পুরো মানবজীবনের এক চিরন্তন সত্য।

Skip to toolbar