Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 7 months, 2 weeks ago

    মেঘের ভাঁজে পুরনো বন্ধু

    পাহাড়ি খাড়া পথ বেয়ে যখন চূড়ার দিকে উঠছি, তখন মনে হচ্ছে শরীর ছুঁয়ে মেঘেরা দলবেঁধে ওপার পাহাড়ের দিকে উড়ে যাচ্ছে। হাতের নাগালে সাদা তুলোর মতো কুয়াশা আর মেঘের এমন মেলা সচরাচর চোখে পড়ে না। মেঘগুলো যেন আমাদের সাথে পাল্লা দিয়েই পথ চলছে। সাথে মেনলে—ম্রো পাড়ায় আমার বন্ধু আর গাইড। গত দুদিন ধরে ওদের গাছের ওপর তৈরি মাচাং ঘরে রাত কাটছে। মই বেয়ে সেই ঘরে ওঠা আর রাতে রিংপু, চাংখংদের সাথে আড্ডায় বসার স্মৃতিগুলো এখনো তাজা। ওদের কাছে আমি কয়রা এলাকার আমার মুন্ডা বন্ধুদের গল্প করছিলাম। সমতলের মুন্ডা আর পাহাড়ের ম্রো—দুই জীবনের তফাৎ শুনছিল ওরা মুগ্ধ হয়ে।
    হঠাৎ করেই পাহাড়ের শেষ বাঁকে দেখা এক অদ্ভুত দৃশ্যের সাথে। ঝোপঝাড় আর নাম না জানা বুনো ফুলের ফাঁক দিয়ে নিচের পাহাড়গুলোকে মনে হচ্ছিল কার্পেটের মতো বিছানো। এই নিস্তব্ধতায় হঠাৎ কেউ একজন নাম ধরে ডাকল।
    ফিরে তাকিয়ে দেখি দীর্ঘদেহী এক যুবক আর তার পাশে এক অপার্থিব সুন্দরী তরুণী। যুবকটিকে চিনতে কয়েক সেকেন্ড সময় লাগল। সংচাং! আমাদের সেই চট্টগ্রাম কমার্স কলেজের সহপাঠী। এখন সুদূর অস্ট্রেলিয়ায় থিতু হয়েছে। ওর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির নাম তুমলেং। সূর্যের শেষ বিকেলের সোনালী আলো যখন ওর মুখে পড়ছিল, তখন মনে হচ্ছিল পাহাড়ের সব রূপ যেন এই এক মানবীকে ঘিরেই তৈরি। ওর চোখের তারায় যেন আকাশের স্থিরতা।
    সংচাং হাসিমুখে এগিয়ে এসে বলল, “সেই কলেজে তোর আর আমার কবিতা পাশাপাশি ছাপা হতো ম্যাগাজিনে। কত্তদিন পর দেখা!”
    আমরা চূড়ায় দাঁড়িয়ে শৈশবের নদী, কিশোর বেলা আর সেই হারানো দিনগুলোর গল্প শুরু করলাম। সংচাং জানাল, তুমলেং ওর খুব প্রিয় বন্ধু। তারা দুজনে মিলে পাহাড়ের এই নির্জনতা আর উড়ন্ত মেঘের খেলা উপভোগ করতে এসেছে। পাহাড়ি নারীরা যখন মাথায় শুকনো ডাল নিয়ে বাড়ির পথে ফিরছে, তাদের চঞ্চল পায়ের আওয়াজ আর নিচের সাঙ্গু নদীর কলকল ধ্বনি মিলে এক মায়াবী সুর তৈরি হলো। মেঘেরা বারবার আমাদের আড়াল করে দিচ্ছিল, যেন তারা আমাদের কথোপকথনে ভাগ বসাতে চায়।
    সংচাং হঠাৎ বলল, “তোর সেই কিশোর আর পাখি নিয়ে লেখা কবিতাটা আজও আমার মনে আছে রে।”
    তুমলেং মৃদু হাসল। সেই হাসিতে যেন পাহাড়ি ঝর্ণার শীতলতা ছিল। আড়াই হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে নিচের পাহাড়গুলোর দিকে তাকালে মনে হয়, স্রষ্টা কত নিখুঁত করে এই পৃথিবী সাজিয়েছেন। নিচে সাঙ্গু নদী বয়ে যাচ্ছে সাপের মতো এঁকেবেঁকে। আমাদের পায়ের তলা দিয়ে মেঘের দল তখন ভেসে যাচ্ছে দূরের কোনো অজানায়।
    সেদিন বিকেলে সংচাং আর তুমলেং-এর সাথে কাটানো সময়টুকু কোনো ছবির চেয়েও বেশি জীবন্ত মনে হচ্ছিল। আমরা চূড়ায় বসে মেঘেদের লুকোচুরি দেখলাম। মানুষের জীবনটা হয়তো এমনই—কখনো আকাশের সীমানায় দেখা হয় পুরনো বন্ধুর সাথে, আর কখনো সমতলের মুন্ডা পল্লীর স্মৃতি ভেসে ওঠে সুউচ্চ আলীকদমের এই ম্রো পাড়ায়।
    সূর্য যখন পাহাড়ের আড়ালে মুখ লুকাল, তখন আমরা চারজন—আমি, মেনলে, সংচাং আর তুমলেং—একসাথে পাহাড়ি পথ ধরে নিচে নামতে শুরু করলাম। পেছনে পড়ে থাকল পাহাড়ের সেই সোনালী স্মৃতি আর সামনে ম্রো পাড়ার কুপি বাতির অস্পষ্ট আলো। আমাদের জীবনের গল্পগুলো যেন সেই আঁকাবাঁকা রাস্তার মতোই অমলিন রয়ে গেল।

    6
    3 Comments
    • ম্রো পাড়ার আতিথেয়তা আর আপনার বর্ণনায় মুন্ডা ও ম্রো জীবনের তুলনাটা খুব ভালো লাগল।

    • “মেঘের ভাঁজে পুরনো বন্ধু”
      ভ্রমণ-স্মৃতির এই লেখাটা পড়তে পড়তে পাহাড়ের ঠান্ডা বাতাস যেন গায়ে লাগে! সংচাং-এর সাথে অপ্রত্যাশিত দেখা হওয়ার মুহূর্তটাও খুব জীবন্ত!

    • লেখাটা পড়ে দারুণ ভালো লাগল…
      ম্রো পাড়ার মাচাং ঘর, সাঙ্গু নদী, আলীকদমের প্রকৃতি… এগুলো যে মমতা দিয়ে বর্ণনা করেছেন সেটা স্পষ্ট। মেনলে, রিংপু, চাংখংদের সাথে আড্ডার দৃশ্যটা খুব আন্তরিক… ❤
      তবে একটা জায়গায় একটু থামতে হয়… তুমলেংকে বর্ণনা করতে গিয়ে “অপার্থিব সুন্দরী” বলা এবং তার রূপ নিয়ে যেভাবে বিস্তারিত লেখা হয়েছে, সেটা একজন আদিবাসি নারীকে প্রায়ই যেভাবে “এক্সোটিক” করে দেখা হয় তার সাথে মিলে যায়। আমরা যারা পাহাড়ের মানুষ… আমাদের নারীরা শুধু এমন অপার্থিব সুন্দর দৃশ্যের অংশ নই, আমাদেরও নিজস্ব গল্প, কণ্ঠস্বর, পরিচয় আছে।
      মুন্ডা আর ম্রো জীবনের তুলনাটা আগ্রহ থেকে করা বোঝা যায়, কিন্তু আদিবাসি জীবনকে অনেক সময় “বিস্ময়ের বস্তু” হিসেবে দেখার যে অভ্যাস সমতলের লেখকদের মধ্যে আছে, এই লেখায় সেটার ছায়া একটু আছে।
      ভ্রমণলেখা হিসেবে সুন্দর, কিন্তু আদিবাসি জীবনকে আরেকটু মানবিক গভীরতায় দেখলে লেখাটা সত্যিকারের অর্থবহ হয়ে উঠত।

Skip to toolbar