Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • গন্তব্যহীন যাত্রা
    – শরীফ এমদাদ হোসেন

    সমস্ত ভোরের কুয়াশা আমি বুনে দিয়েছি
    জাহ্নবীর ভাঙা ঢেউয়ে
    যেন নির্বাসিত রাম অযোধ্যার দিকে তাকিয়ে
    হারিয়ে ফেলেছে প্রত্যাবর্তনের পথ।

    কথা ছিল,
    তোমার পদচিহ্ন মেপে নেব সন্ধ্যার বালুকায়
    অথচ দেখি, সে বালি মহাভারতের ভস্ম অবশেষ
    যেখানে দ্রোণের ভাঙা ধনুক, এখনও রক্তিম
    শব্দ তোলে।

    স্বজনেরা দূরে গেলে আমি হই অনাথ পাণ্ডব
    যে জুয়া হেরে হারিয়েছে নিজস্ব আকাশ
    নিঃশব্দ গঙ্গাপাড়ে দাঁড়িয়ে তবু
    প্রতিটি তরঙ্গে খুঁজে ফেরে দ্রৌপদীর দীর্ঘশ্বাস।

    বাতাসে ভেসে আসা অচেনা পাখির ডানা ঝাপটানি দেখে মনে হয়, এ কোনো পাখি নয়
    অভিশপ্ত অভিমন্যুর কণ্ঠস্বর
    যে কিনা আটকে আছে চক্রব্যূহের অদৃশ্য দেয়ালে।

    আসলে তখনই বুঝি, গন্তব্য বলে কিছু নেই
    শুধু জন্ম থেকে মৃত্যুর মাঝখানে
    এক দীর্ঘ কাব্যিক যুদ্ধক্ষেত্র
    যেখানে প্রতিটি মানুষই নিজেকে দেখে যায়
    চূড়ান্ত পরাজিতের তালিকায়।

    4
    3 Comments
Skip to toolbar