-
(প্রবন্ধ)
কল্পনায় অনিদ্রার রাত_____________
-সফিকুল ইসলাম শিল্পী, ০৫.১০.২৬,রাতটা কেমন করে যেন শেষ হতে চাইছিল না।
ঘুম আমার চোখের কাছে এসেও ফিরে যাচ্ছিল। বালিশে মাথা রেখে কতবার যে এপাশ-ওপাশ করেছি, তার হিসাব নেই। জানালার বাইরে তখন নিস্তব্ধ পৃথিবী।
দূরে কোথাও কুকুরের ডাক। মাঝে মাঝে বাতাসে পাতার মৃদু শব্দ। অথচ আমার ভেতরে তখন এক অদৃশ্য কোলাহল।
সেই কোলাহলের নাম তুমি।
সারারাত তোমাকেই কল্পনা করেছি।
কখনো মনে হয়েছে, তুমি আমার পাশে বসে আছ। কিছু বলছ না। শুধু তাকিয়ে আছ।
তোমার সেই নীরব তাকিয়ে থাকাটুকুতেই যেন আমার সমস্ত রাতের ক্লান্তি গলে যাচ্ছে।আবার কখনো মনে হয়েছে, তুমি অনেক দূরে। এতটাই দূরে যে হাত বাড়ালেও তোমাকে ছোঁয়া যায় না। অথচ আশ্চর্য, চোখ বন্ধ করলেই তুমি খুব কাছে চলে আসো।
ভোরের দিকে ঘর থেকে বেরিয়ে এলাম।
আকাশ তখন ঘোলাটে। সূর্যের কোনো দেখা নেই। ভোরের পাখিরা অচেনা কোনো গন্তব্যের দিকে উড়ে যাচ্ছে। মৃদু হাওয়ার সঙ্গে মেঘেরা আকাশের বুক জুড়ে ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে।
ইউক্যালিপটাসের পাতায় রাতের শিশির তখনো লুকিয়ে।
এক ফোঁটা।
তারপর আরেক ফোঁটা।
পাতার কিনারা বেয়ে নেমে এসে তারা ঘাসের ওপর পড়ছে। মনে হলো, রাতের জমে থাকা কিছু না-বলা কথাই বুঝি এভাবে ঝরে পড়ছে।
আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম।এক পা।
তারপর আরেক পা।
দুবড়া ঘাসের ওপর পা রাখতেই ঠান্ডা শিশির পায়ের পাতায় লেগে গেল। সেই শীতল স্পর্শে শরীরের ক্লান্তি একটু কমে এল।
মনে হলো, সারারাত জেগে থাকা চোখ দুটোকে ভোর নিজ হাতে একটু শান্ত করে দিচ্ছে……….।
দূর থেকে হিমেল বাতাস ছুটে এসে গায়ে লাগল।
আমি দাঁড়িয়ে রইলাম।
কতক্ষণ জানি না………।
চারপাশে তখনও মানুষের কোনো শব্দ নেই। বাজার জাগেনি। রাস্তায় যানবাহনের ব্যস্ততা নেই।
পৃথিবী যেন কয়েক মুহূর্তের জন্য নিজের সব দরজা বন্ধ করে রেখেছে……………।এই নীরবতার মধ্যেই তোমাকে সবচেয়ে বেশি মনে পড়ল।
ভাবলাম, তুমি যদি এই মুহূর্তে পাশে থাকতে!
তাহলে হয়তো তোমাকে কিছুই বলতাম না। শুধু পাশাপাশি হাঁটতাম।দুবড়া ঘাসের ওপর আমাদের দুজনের পায়ের ছাপ পড়ত। তুমি হয়তো হঠাৎ নিচু হয়ে শিশির ছুঁয়ে দেখতে। আমি চুপ করে তোমার দিকে তাকিয়ে থাকতাম।
তোমার চুলে ভোরের বাতাস লাগত।
আর আমার মনে হতো, পৃথিবীর সবচেয়ে সুন্দর সকালটি বুঝি এইমাত্র জন্ম নিল।
কিন্তু তুমি ছিলে না।
ছিল শুধু তোমার কল্পনা।
আর সেই কল্পনাই সারারাত আমাকে জাগিয়ে রেখেছিল।
অনিদ্রারও একটা নিজস্ব পৃথিবী আছে। সেখানে ঘড়ির কাঁটা ধীরে চলে। রাত দীর্ঘ হয়।
অন্ধকারেরও শব্দ শোনা যায়। আর মানুষ নিজের সবচেয়ে গোপন কথাগুলো নিজের কাছেই বলতে থাকে।সেই পৃথিবীতে আমি তোমার সঙ্গে অনেক কথা বলেছি।
যে কথাগুলো দিনের আলোয় বলা হয় না, সেগুলোও বলেছি।কিছু অভিমান ছিল।
কিছু না-পাওয়া ছিল।
কিছু অকারণ ভয় ছিল।
আর ছিল এক অদ্ভুত ভালোবাসা, যার কোনো নাম দিতে পারিনি।কখন যে চোখের কোণে জল জমেছিল, টের পাইনি।
নিঃশব্দে অশ্রু ঝরেছে।
কেউ দেখেনি।
তুমিও না।
তবু মনে হয়েছে, তুমি বুঝি সবই জানো।
হয়তো ভালোবাসার সবচেয়ে গভীর জায়গাটা এখানেই- যেখানে মানুষ কাছে না থেকেও খুব কাছে থাকে।
যেখানে কথা না বলেও অনেক কথা হয়ে যায়। যেখানে স্পর্শ ছাড়াই কারও উপস্থিতি অনুভব করা যায়।
ভোর আরও একটু পরিষ্কার হলো।
পাখিরা দূরে মিলিয়ে গেল। শিশিরে ভেজা ঘাসের ওপর আলো এসে পড়ল। রাতের অন্ধকার ধীরে ধীরে সরে গেল।
আমি তখনও দাঁড়িয়ে।
মনে হচ্ছিল, রাতটা আসলে শেষ হয়নি।
শুধু তার রং বদলেছে।
কারণ তুমি যে আমার কল্পনায় ছিলে, আছ, আর হয়তো কোনো এক অদৃশ্য ভোরে আবারও এসে দাঁড়াবে- আমার পাশে।
তাই ঘুমহীন রাতকে আর অভিশাপ মনে হলো না।
সেই রাত আমাকে তোমাকে দিয়েছিল।
বাস্তবে নয়।
কল্পনায়।
আর কখনো কখনো কল্পনায় পাওয়া একজন মানুষই বাস্তবের চেয়েও বেশি সত্যি হয়ে ওঠে।
সেদিন ভোরে দুবড়া ঘাসের শিশিরে ভেজা পায়ের কাছে দাঁড়িয়ে বুঝেছিলাম- কিছু মানুষ আমাদের জীবনে আসে না, তবু আমাদের প্রতিটি নিঃশ্বাসে থেকে যায়।
তারা হাত ধরে না, তবু পথ দেখায়, পাশে বসে না, তবু নিঃসঙ্গতার ভেতর নীরবে আলো জ্বেলে রাখে।
তুমি তেমনই একজন।
তোমাকে পাওয়া হয়নি-তবু তোমাকে হারানোর ভয় প্রতিদিন আমাকে ছুঁয়ে যায়।
তোমার সঙ্গে কোনো সকাল ভাগ করে নেওয়া হয়নি- তবু প্রতিটি ভোরে তোমার জন্য একটু জায়গা রেখে দিই। তুমি জানো না, অথচ আমার সমস্ত নীরবতা তোমার নামেই লেখা।সেদিন সূর্য উঠেছিল। পৃথিবী জেগে উঠেছিল। মানুষ তাদের ব্যস্ততায় ফিরে গিয়েছিল।
শুধু আমার ভেতরে সেই রাতটি থেকে গিয়েছিল- একটি দীর্ঘশ্বাসের মতো।একটি অসমাপ্ত চিঠির মতো।
একটি ভালোবাসার মতো যার শেষ নেই।রাতটা ঘুমে কাটেনি।
তোমার কথা ভাবতে ভাবতেই কেটে গেছে।
আর সেই কারণেই হয়তো, সেই অনিদ্রার রাত আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল ভোর হয়ে রয়ে গেল।
যদিও- তুমি পাশে ছিলে না- তবু আমার সমস্ত রাত জুড়ে ছিলে।
বাস্তবে নয়।
কল্পনাতেো নয়,
শুধু……………আমার হৃদয়ের এক গভীরতম স্থানে, যেখানে ভোর হলেও কোনো ভালোবাসা কখনো শেষ হয় না……।।
………….(সইশি)4 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
Alamgir Job
@alamgirjob
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Eqbal Hossain
@eqbalhossain
GIFARI
@gifari
Redowan Hussain
@redowanhussain



“কখনো কখনো কল্পনায় পাওয়া একজন মানুষই বাস্তবের চেয়েও বেশি সত্যি হয়ে ওঠে”—আহা! কী চমৎকার একটা লাইন!