Profile Photo

Redwan KhanOffline

  • Redwan-Khan
  • Profile picture of Redwan Khan

    Redwan Khan

    4 years, 9 months ago

    গীতা পাঠ ।।
    রেদওয়ান খান
    ১২.০৫.২০২১ ।।

    আমাকে যদি পুড়তে হবে– একা
    চিতায় কেন,এলে? তোমার দেখা–
    এমন করে হোক,আমি কি চাই?
    রাতের তারা– এই আছে,এ-নাই!

    কুসুম বনে দেখেছিলাম যারে
    চুল খোলা সে,ডাকাতিয়ার পাড়ে
    বাতাস– যেন উড়তে গিয়ে কাঁপা
    মন মাতানো জুঁই বেলী কি চাঁপা!

    আহা তাহার নীল-কচুরি-চোখ–
    নীরব ভাষা,ভাসায় ইহলোক
    সেই পুকুরে ডুব দিয়েছি আমি
    কাঁপছি শীতে আসলো না সে নামি।

    এই আমাকে জড়িয়ে ধরে বুকে
    রাখলো না সে,ডুকরে উঠি,দুখে
    তবু দূরের আলোর গানে মাতি
    শুনবো বলে আঁধারে কান পাতি।

    আমাকে যদি কাঁপতে হবে শীতে
    স্রোতের নিচে স্রোতের বিপরীতে
    চলছে তবে উজান-ভাটি খেলা–
    আমার প্রতি তোমার অবহেলা।

    ঝ’রা পাতায় খোলস ছেড়ে সাপ
    জানিয়ে গেল– কালের অভিশাপ–
    এই আমাকে তাড়ায় সারা বেলা
    তোমায় নিয়ে আর হল না খেলা।

    ধুলোয় মাখা আধেক খেলাঘর
    আধেক ভাঙা,আপন কি-বা পর
    হয়নি চেনা,সেই তোমাকে আমি
    ভেবেছিলাম সোনার চেয়ে দামি!

    এখন আমি একলা পুড়ে ছাই
    নাই ধূপে সে,পূজার ছলে নাই!
    আমায় শুধু পুড়তে হবে একা
    জীবন-তারা আর হল না দেখা!

    আসলে তুমি অথবা এই আমি –
    অন্ধকারে আছি বিপদগামী
    চণ্ডালে কি জ্বাললো তবে– চিতা?
    ঘাটের মড়া কেউ বোঝেনি– গীতা!

    7
    3 Comments
Skip to toolbar