Profile Photo

হাসনাত সৌরভOffline

  • Hasnat21
  • Profile picture of হাসনাত সৌরভ

    হাসনাত সৌরভ

    • 5 years, 1 month ago

    উপোসি আঁধার
    ———————————–

    হাত থেকে প্যাকেটটা রাস্তায় পড়ে গেল সুপমের, চাল ছড়িয়ে পড়ল রাস্তায়। গরমের দুপুর, পিচের রাস্তা থেকে ভাপ উঠে আসছে। অন্যদিন হলে এখন গেদে লোকালে ওঠত সুপম। বাদাম, ডালমুট, ছোলাভাজা। সাথে কাঁচা মরিচ। ছোট্ট একটা কাঁচি পকেটে থাকে সবসময়।

    এখন সব খালি। ট্রেন বন্ধ, বাস বন্ধ। রাস্তা একদম ফাঁকা। রোজগার বন্ধ। পেট একদম ফাঁকা। মায়াকে একটা ভিটামিন ট্যাবলেট খেতে বলেছিল ডাক্তার বাচ্চাটা হওয়ার পর, সাতদিন খাওয়া হয়নি সেটা। বাচ্চাটার সেরেল্যাক শেষ। সাবু কিনে এনেছে সুপম, অনিলদার দোকান থেকে ধারে। তবে ধারের ও তো একটা সীমা আছে, গোটা পাড়া ধার নিচ্ছে ওই একটা দোকান থেকে। অনিলদা একটু শুনিয়ে দিয়েছে আজকে।

    মায়ার কাছে আটশো টাকা ছিল। সেটা গত সপ্তায় ফুরিয়েছে। সুপম বিপদ-আপদের জন্য লুকিয়ে রেখেছিল হাজার মত, টিনের বাক্সটায়। সেটা তো কবেই শেষ। আর হাতে কিচ্ছু নেই। আর হাতে কিচ্ছু নেই। আর হাতে কিচ্ছু নেই।

    চাল দিচ্ছে ক্লাব থেকে। লাইনে দাঁড়াতে লজ্জা করছিল খুব ওর। এভাবে কখনো দাঁড়ায়নি সুপম। লাইনে দাঁড়ানো নিয়ে ঝামেলা করছিল দুটো লোক। সুপম ওদের একজনকে কদিন আগেও বাস স্ট্যান্ডে একটি কুকুরকে খাওয়াতে দেখেছে। ও মুখ নীচু করে চালের প্যাকেটটা নিয়েছে।

    মাথা ঘুরছিল আসার পথে। সকাল থেকে কিচ্ছু খায়নি। কাল রাতের পান্তা ছিল, সকালে উঠে দেখে পুরো পচে ফুলে গেছে। মাথাটা ঘুরে উঠল হঠাৎ। রোদের আর দোষ কী! রাস্তার আর দোষ কী! হাত থেকে চালের প্যাকেটটা পড়ে রাস্তায় ছড়িয়ে গেল।

    দুহাত দিয়ে কাঁচিয়ে নোংরা মাখা চাল তুলে নিচ্ছে সুপম। রাস্তা থেকে খুঁটে খুঁটে চাল তুলে নিচ্ছে। নখের ডগায় নোংরা লেগে যাচ্ছে। ধুলোমাখা চাল, লোকের পায়ে পাড়ানো ধুলোর চাল। মাথাটা ঘুরছে সুপমের। কেমন মনে হচ্ছে গোটা রাস্তাজুড়ে চাল ছড়ানো। আহা, একসময় হয়তো এই গোটা জায়গাটাই ধাতক্ষেত ছিল। এখন সুপমকে চাল কুড়োতে দেখে জেগে উঠেছে।

    উবু হয়ে সারা রাস্তাজুড়ে চাল কুড়োচ্ছিল সুপম।

    @হাসনাত সৌরভ

    14
    7 Comments
Skip to toolbar