Profile Photo

Abrar Jahin RatulOffline

  • Abrar123
  • Profile picture of Abrar Jahin Ratul

    Abrar Jahin Ratul

    4 years, 5 months ago

    অঘ্রান মাসের এক ধোয়া ধোয়া বিকেলে আম্মু ঘুম থেকে ডেকে হাত মুখ ধুইয়ে দিয়ে একটা গোলাপি-সবুজ রং এর সোয়েটার পরিয়ে দিচ্ছিল। খুব পুরনো আর ঝাঝালো একটা গন্ধ পাচ্ছিলাম সোয়েটারে। তখন পরতে চাচ্ছিলাম না। মুখ ভার করে ছিলাম সবটুকু বিকেল। কিছুদিন পরে দেখলাম ছাদে লেপ,কম্বল রোদে দেওয়া। সেখানেও ওরকম বহুদিনের পুরনো, কটকটে একটা গন্ধ।

    এখন বুঝতে পারি। সোয়েটার, জ্যাকেট, মাফলার, লেপ,তোষক, কম্বল এর এই গন্ধটা না পেলে শীতকালটাকে শীতই মনে হত না। এখনও মেলাতে পারি না আসলে গন্ধটা কিসের। মিলিয়ে নিতে পারি না। কাউকে জিজ্ঞেস করলে বলতেও পারতো না। আমি মনে মনে ধরে নিতাম যে ন্যাপথলিন, কাঠ, সুতো আর শরীরের গন্ধের একটা মিশ্রণ। তার সাথে মিশে থাকে অতীতের ভাসা ভাসা একটা ঘ্রাণ। এই সব মিলিয়ে মনটাও কুয়াশায় ভেজা ঘাসের মত ভারী হয়ে ওঠে।

    জীবন থেকে একটা গ্রীষ্ম, বর্ষা, একটা শরৎ, একটা হেমন্ত আবার ফুরিয়ে গেল। ছোটবেলার শীত শীত বিকেলে বন্ধুদের সাথে মনোমালিন্য হলে, অথবা শীত শীত রাতে পড়া নিয়ে আম্মু বকলে যখন মন খারাপ হত সেই সবুজ, গোলাপি রং সোয়েটারটা দেখলে মন ভাল হয়ে যেত; তাতে মিকি মাউসের একটা ছবি ছিল।তখন অল্পতেই কেমন মন ভাল হয়ে যেত। রং দেখে, ছবি দেখে, কলম দেখে, মা’ কে দেখে।

    রোদে রাখলে, কিছুক্ষণ বাতাসের স্পর্শ পেলে শীতবস্ত্রের গন্ধগুলো মিইয়ে যাবে। আর পানি পেলে গন্ধগুলো একদম থাকবে না। আমরাও এমন। বহু বছরের রোদ পেয়ে, হাওয়া পেয়ে, জলের স্পর্শ পেতে পেতে আমাদের শরীরের পুরনো ঘ্রাণ সব মিলিয়ে যাবে, ম্লান হবে। আমরা বেঁচে থাকবো না চিরকাল।কোন এক শীতের শেষ রাতে, অথবা হেমন্তের বিকেলে, কিম্বা শরতের সন্ধ্যায় হাটতে হাটতে, আনন্দ করতে করতে, অথবা মুখ গুঁজে বিছানায় শুয়ে আমরা বিদায় নেব। আমাদের শীতবস্ত্র থাকবে, লেপ, কম্বল, বিছানার চাদর থাকবে। আর থাকবে এই শিহরিত শরীরের ঘ্রাণ। আমাদের ঘরে আসলে, বিছানায় বসলে, আলমারি খুললে, ড্রয়ার টানলে খুব কাছের মানুষেরা সেই গন্ধটা পাবে। আর কেউ পাবে না। আর কেউ না। ন্যাপথলিন, কাঠ, সুতো, শরীর আর ক্ষয়ে যাওয়া সময়ের সেই গন্ধটা !!!

    হাফহাতা সোয়েটার
    ২ অঘ্রাণ, ১৪২৮

    8
    9 Comments

Abrar Jahin Ratul

A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature

Skip to toolbar