Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলমOffline

  • Ashraful710
  • ”বল বীর-
    বল উন্নত মম শির!
    শির নে-হারি আমারি,
    নত শির ওই শিখর হিমাদ্রীর!”

    আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিন ।
    শুভ জন্মদিন!
    জন্ম: ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ, ২৫শে মে ১৮৯৯ খ্রিস্টাব্দ ।
    মৃত্যু: ১২ই ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট ১৯৭৬ খ্রিস্টাব্দ ।
    দ্রোহ, প্রেম, সাম্য ও ভালোবাসার কবি কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । ডাক নাম ‘দুখু মিয়া’ । তার পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন ।
    কাজী নজরুল ইসলাম শৈশব জীবনে কষ্টের মধ্য দিয়ে বেড়ে উঠেন ৷ এক সময় রুটির দোকানে কাজ নেন ৷ পড়াশুনা বন্ধ করে ১৯১৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন ৷ মুসলিম পরিবারের সন্তান হিসেবে ইসলামী শিক্ষা অর্জন করলেও ধর্মনিরপেক্ষ সত্তাকে লালন করেন ৷ ঔপনিবেশিক শোষণ, শাসন ও বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ করে কারাবন্দী হন ৷ বিকশিত হয় বিদ্রোহী সত্তা ৷ রচনা করেন বিদ্রোহী কবিতা ৷ সাম্যের পক্ষে দৃঢ়তা এবং ধর্মীয়গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন ৷ বাঙালি কবি, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার ও সম্পাদক কাজী নজরুল ইসলাম স্মৃতি বিজরিত কুমিল্লা জেলার মুরাদনগর থানার দৌলতপুর গ্রামের খাঁ বাড়ির মুন্সী আবদুল খালেক ও আসমাতুন্নেসার মেয়ে নার্গিস আসার খানম (সৈয়দা খাতুন) নামে এক ষোড়শীকে ভালোবেসে নাম দিয়েছিলেন ‘নার্গিস’ । ফার্সি ভাষায় ‘নার্গিস’ অর্থ গুল্ম । প্রথমে প্রণয় ও পরবর্তীতে বিয়ে ৷ ০৩রা আষাঢ় ১৩২৮ বঙ্গাব্দে (১৯২১ খ্রিস্টাব্দে) তাদের বিয়ের দিন আকদ্ সম্পন্নের পর কাবিনে ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ সৃষ্টি হয় ৷ কাজী নজরুল ইসলাম ঘর জামাই থাকতে অস্বীকার করেন ৷ বাসর রাত সম্পন্ন করার পূর্বেই তিনি কুমিল্লা চলে যান এবং এক সময় বিয়ে ভেঙ্গে যায় । পরবর্তীতে নার্গিস কবি আজিজুল হাকিমকে বিয়ে করেন ৷ নার্গিসকে নিয়ে তিনি রচনা করেন ‘বুলবুলি নিরব নার্গিস বনে’ এবং ‘আজো মধুর বাঁশরি বাজে’ । এছাড়া ছায়ানট, পূবের হাওয়া এবং চক্রবাক নামক কাব্যগ্রন্থে নার্গিসকে নিয়ে কবি কাজী নজরুল ইসলাম বেদনা অভিমান, অবেলায়, পাপড়ি খেলা, হারামনি, বিধূর পথিক, মানস বধূ, অনাদৃতা, বিদায় বেলায় এবং হার মানা হার নামক বিভিন্ন কবিতা রচনা করেছেন । পরবর্তীতে ২৫শে এপ্রিল ১৯২৪ খ্রিস্টাব্দে (১২ই বৈশাখ ১৩৩১ বঙ্গাব্দে) কলকাতার বেনিয়াপুকুরের ০৬ নং হাজী লেনের বাসায় কাজী নজরুল ইসলামের সাথে আশালতা সেনগুপ্তা’র (প্রমিলা নজরুল ইসলাম) শুভ বিবাহ সম্পন্ন হয় । আশালতা সেনগুপ্তা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী । তার ১৮ বছর পূর্ণ না হওয়ায় “অহেলা কেতাব” এর বিধি মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন হয় ৷ এতে করে কনে তার নিজের ধর্ম পরিচয় বজায় রাখতে পারেন ৷ ফলে তিনি বিয়েতে ধর্মান্তরিত হন নি । মূলত একটি বৈবাহিক চুক্তির মাধ্যমে এ বিয়ে সম্পন্ন হয়েছিল । এতে করে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মাঝে বিতর্কের সৃষ্টি হয় । আশালতা সেনগুপ্তার ডাক নাম ‘দোলন’, ‘দুলি’ । তার পিতার নাম বসন্ত কুমার সেনগুপ্ত ও মাতা গিরিবালা সেনগুপ্তা । বিয়ের পর স্ত্রীকে ‘প্রমিলা’ নামটি কাজী নজরুল ইসলাম দিয়েছিলেন ৷ তাদের দাম্পত্য জীবনে সন্তানাদি হচ্ছেন: কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ (বুলবুল), কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ । স্ত্রী প্রমিলা নজরুল ইসলামকে নিয়ে তিনি ‘বিজয়িনী’, ‘প্রিয়ার রূপ’ ও ‘অভিমানী’ নামক কবিতা রচনা করেন । কবি কাজী নজরুল ইসলামের অসংখ্য সৃষ্টিকর্ম রয়েছে ৷ যেগুলো যুগে যুগে মানুষকে অনুপ্রেরণা যোগাবে ৷ মুক্তির পথ দেখাবে ৷ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তার সেই সৌন্দর্যময় শাশ্বত সৃষ্টিকর্মগুলো লালন করবে ৷ কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহ, প্রতিবাদ ও প্রতিরোধের অগ্রদূত । বৈষম্যের বিরুদ্ধে সাহসের প্রতীক । বাঙালির অমানিশায় আলোর বাতিঘর । তার সৃজনশীল সৃষ্টি কালজয়ী সাহিত্যকর্মে ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতি এবং মানবতার বার্তা প্রতিফলিত হয়েছে । তার উন্নত উচ্চারণে মুক্তি, সাম্য, মানবতা আর ভালোবাসার পথ দেখায় । কাজী নজরুল ইসলাম ভাষা ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন । ১৯৪২ খ্রিস্টাব্দে তিনি বলেছেন ”বাঙলা বাঙালির হোক । বাঙালির জয় হোক ।” কিন্তু তার সেই বাংলা এক থাকেনি, পাঁচ বৎসর যেতে না যেতেই দু’টুকরো হয়ে গেছে । ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশ ভাগের ঠিক পরে অন্নদাশঙ্কর রায় লিখেছেন,
    ”ভুল হয়ে গেছে ভুল
    সবকিছুই ভাগ হয়ে গেছে
    ভাগ হয় নিকো নজরুল
    ওই ভুলটুকু বেঁচে থাক
    বাঙালি বলতে একজনই আছে
    দুর্গতি তার ঘুচে যাক ।”
    নজরুল বিরচিত নতুনের গান ‘চল চল চল’ বাংলাদেশের রণ-সঙ্গীত । মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে বাঙালির অসীম প্রেরণার উৎস ও বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয়বাংলা’কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি কাজী নজরুল ইসলামের ‘ভাঙার গান’ কাব্যগ্রন্থের ‘পূর্ণ-অভিনন্দন’ কবিতা থেকে নিয়েছিলেন । মানুষই ছিল নজরুলের মর্মকথা । অনিন্দ্য সুন্দর সৃষ্টিশীলতার মধ্য দিয়েই কাজী নজরুল ইসলাম চিরকালের অনুপ্রেরণা । জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিনে বিনম্র শ্রদ্ধা!

    তথ্যসূত্র: উইকিপিডিয়া, অন্তর্জাল (The Internet) ৷

    7
    9 Comments
Skip to toolbar