Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এখানে আকাশ নীল

    আজ ভোরের সূর্যের কিরণ অদ্ভুত অসাধারণ লাগে রাধার কাছে। আজ রুদ্রের জন্মদিন। রাধা এই ভোর বেলায় পাহাড়ের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে জংলি ফুল যোগাড় করে। তারপর কোমল লতা দিয়ে সব গুলো ফুল বেঁধে ফেলে। রুদ্রের ফুল বড় প্রিয়। রুদ্রের জন্মদিনে রাধার উপহার।
    সকালে রাধা পাহাড় থেকে ফিরে রুদ্রকে খুঁজে বেড়ায়। রুদ্র একটি বাড়ির মেরামতের জন্য বেতের কাজ করছে। তার সমস্ত মনোযোগ কাজে নিমগ্ন। সে খেয়াল করে নি, কখন রাধা তার কাছে এসেছে। রুদ্র খালি গায়ে কাজ করছে। তার সমস্ত শরীরে ঘামের চিহ্ন। রাধা বলে,
    “দাদা কি করছো?”
    ফুলের তোড়াটা সে হাতের পেছনে লুকিয়ে রাখে। রুদ্র যেন অন্য জগত থেকে ফিরে আসে। সে ঘুরে তাকায়। মিষ্টি হাসি দ্যায়।
    রাধার মনে হয় এতো সুন্দর, নির্মল হাসি সে তার জীবনে দ্যাখে নি। এরকম একটি মুখের দিকে তাকিয়ে থেকে সারা জীবন পার করা যায়।
    সে রুদ্রের দিকে ফুলের তোড়াটা এগিয়ে দ্যায়।
    বলে, “শুভ জন্মদিন দাদা।”
    রুদ্র অবাক চোখে তাকিয়ে থাকে।
    সে হেসে দ্যায়। তারপর বলে,
    “খুব সুন্দর। তোর মতই সুন্দর। কিন্তু আজ যে আমার জন্মদিন তা কি তুই নিশ্চিত?”
    রাধা অবাক সুরে বলে, “কি বলছো দাদা? আজ তোমার জন্মদিন না।”
    রুদ্র হেসে বলে, “পাগলি এতো ভাবতে হবে না।”
    তারপর রুদ্র বিষণ্ণ দৃষ্টিতে আকাশ পাণে চেয়ে থাকে।

    কালো ঋজু দেহের অধিকারী লোকটি বান্দরবনের দুর্গম এ পাহাড়ে এসে উপস্থিত হয়েছে। গ্রামবাসী একটু অবাক হল। সাধারণত তাদের এই দুর্গম গ্রামে কেউ আসে না। কালো লোকটি কেমন উদ্ধত, দীর্ঘ দেহের অধিকারী। সে সারাটা গ্রাম ঘুরে দেখলো। তারপর রাধাদের মন্দিরে সরাসরি যেয়ে উপস্থিত হল। রাধা তখন ঘরের কাজে মগ্ন।
    কালো লোকটি বেসুরো গলায় বললো, তোমার নাম কি?
    রাধা একটু অবাক হয়ে তার নাম জানালো।
    আমি একজনকে খুঁজছি। তার নাম হল আনিস।
    রাধা অবাক হয়ে জানায়, এই নামে এখানে কেউ নেই।
    লোকটি একটু অবাক হয়।
    সে ধীরে বলে, আমি শুনেছি তোমাদের গ্রামে এক তরুণ যুবক এসেছে। দেখতে সুন্দর। বেশ ফর্সা।
    রাধা বলে আমাদের গ্রামে সচরাচর কেউ আসে না। এখানে কে আসবে?
    রাধা এক ধরণের বিপদের গন্ধ পায়।
    লোকটি বলে আমি জানি সে এই গ্রামেই আছে। সে দেখতে বেশ সুন্দর। অনেকটা কিশোর বালকদের মতন। কিন্তু যথেষ্ট বয়সী।
    রাধা বলে আমাদের গ্রামে আনিস নামে কেউ নেই।
    সে মনে মনে রুদ্রের কথা ভাবে। আজ থেকে প্রায় দু বছর আগে এই গ্রামে রুদ্র এসেছে। লোকটি কি রুদ্রকেই খুঁজছে? কিন্তু কেন?
    সে ঠিক করে ফেলে রুদ্রের কথা সে জানাবে না। তাছাড়া লোকটিকে তার ভালো ঠেকছে না। মেয়েরা আগে থেকে বিপদ টের পায়।
    লোকটি রাধার দিকে তাকিয়ে একটু হাসলো।
    তাহলে আমার মনে হয় আমারই ভুল হয়েছে। আমার সচরাচর ভুল হয় না।
    যাই হোক তোমাদের কষ্ট দেবার জন্য দুঃখিত। আজ আসি। পরে হয়তো বা দেখা হবে।
    লোকটি ঘুরে দাঁড়ায়। হাতের মুঠোয় কেতাদুরস্ত ভঙ্গিতে একটা সিগারেট ধরায়।
    শুনুন আপনার নাম কি?
    লোকটি ফিরে বলে, সে নিয়ে তোমার ভাবতে হবে না।
    তারপর লোকটি সোজা হেঁটে যায়। সে শিশ বাজায় আর সিগারেটের ধোঁয়া ছাড়ে।
    তাহলে আমি উপযুক্ত স্থানেই এসেছি।

    3
    2 Comments
Skip to toolbar