Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অশ্রু

    অশ্রু, তোমার চোখের জল কি চোখের অনেক নিচে টলমল করে, নাকি না?
    আমি তোমাকে কখনো কখনো কাঁদতে দেখেছি,
    কিন্তু তোমার গভীর চোখে কোন জল খুঁজে পাই নি।
    তুমি যখন কাঁদো, তখন তোমার না বলা দুঃখগুলো
    শোকে ভেজা কষ্টগুলো
    আর তোমার দ্যাখা না দ্যাখা ক্ষতগুলো
    নিরর্থক শব্দে অথবা তীব্র শারীরিক কাঁপনে আর জান্তব চিৎকারে প্রকাশিত হয়।
    কিন্তু তোমার সেই কান্নাগুলো, না বলা দুঃখগুলো, শোকে ভেজা কষ্টগুলো, দ্যাখা না দ্যাখা ক্ষতগুলো,
    আমাদের মতন ভীষণ বাস্তব মানুষের পাথর দেয়ালে একটা আঁচড়ও ফেলতে পারে না। কিভাবে পারবে বল-
    আমাদের স্বার্থপর পৃথিবীতে তুমি উপেক্ষিত।
    তোমাকে আমরা খুঁজে পাই রাস্তার মোড়ে, বাসী ডাস্টবিনে, মৃত, নগ্ন, ধর্ষিতা হিসেবে। এক ঝলক দেখি আবারো হেঁটে যাই চেনা পথে।
    কি করবো বলে-
    আমাদের স্বার্থপর পৃথিবীতে তুমি অবহেলিত।
    মাঝে মাঝে তোমাকে ভাবি,
    মনে হয় তুমি যেনো আমাদের থেকে অনেক দুরের কেউ- কাক অথবা রাস্তার কুকুরও এতোটা দূরত্ব অর্জন করতে পারে নি।
    কিভাবে বলি বলো-
    আমাদের স্বার্থপর পৃথিবীতে তুমি ঘৃণিত।
    অশ্রু তোমার গভীর চোখে আমি কোন জল খুঁজে পাই নি।
    পেয়েছি এক অদ্ভুত আগুন, যা তোমাকে পোড়ায় প্রতিটি মুহূর্ত।
    যে আগুন আর সব কেরোসিন, পেট্রোল অথবা ডিজেলে জ্বলে ওঠা আগুনের চেয়ে বেশি জ্বালাময়ী।
    এই এতোসব আগুনে পুড়েও, প্রতিটি উপেক্ষা, অবহেলা আর ঘৃণার অনুভূতি পেরিয়েও
    মাঝে মাঝে তুমি হেসে ওঠো-

    তখন আমরাও হেসে উঠি যেনো আমাদের আনন্দময় জীবনে আরো একটি বিনোদনের উপকরণ খুঁজে পেয়েছি।
    কিন্তু কেউ না বুঝলেও আমি বুঝি, ঠিক তোমারই মতো,
    বেঁচে আছি বুঝতে হলে মাঝে মাঝে আমাদের হাসতে হবে।

Skip to toolbar