Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ঈর্ষা

    সিসিফাস, আমি তোমাকে ঈর্ষা করি।
    একটা দীর্ঘ পথ তোমাকে পাড়ি দিতে হয় ভারী পাথরের বোঝা ঠেলতে ঠেলতে- তুমি ঠেলে যাও।
    বাংলাদেশে জন্মালে ভালো ঠেলাওয়ালা হতে নির্দ্বিধায়- অস্বীকার করি না।
    এই ভীষণ অবাঞ্ছিত পাথরের বোঝা ঠেলে নিয়ে তুমি পৌঁছে যাও পাহাড়ের চূড়ায়।
    যেখান থেকে খুব সহজেই লাফিয়ে পরা যায়- কোন দীর্ঘশ্বাস ফেলবো না।
    সিসিফাস, তবু তুমি লাফিয়ে পরো না- তুমি কি নির্বোধ মূর্খ?
    জানো না- পতনের শব্দে তুমি হতে পারতে টিভি চ্যানেলের অমর শিল্পী।
    তোমার আত্মহত্যার ভিডিও আমরা ডাউনলোড করতাম পাইকারি হারে।
    তোমাকে নিয়ে হতো সভা, সেমিনার, গভীর রাতের টক শো।
    প্রশ্ন উঠত- সিসিফাস কি দুখী ছিলো?
    মেটে নাই জীবনের স্বাদ, সাধ, প্রগাঢ় আহ্লাদ?
    তুমি আমাদের সে সুযোগ দিলে না।
    আর এরই মধ্যে তোমার প্রতারক পাথর দৈব দোষে গড়িয়ে চলে যায় পাহাড়ের সমতলে।
    বোকা সিসিফাস, তবু তুমি হাসো?
    আবারো নেমে আসো,পাহাড়ের উচ্চতা থেকে সমতল ভূমিতে, পতনের লোভ ছুঁড়ে ফেলে। সমতল ভূমিতে নেমে এসে তুমি কি ছুটে যাও নদীর কাছে?
    দেখেছো কি তার অবিরল ধারা?
    অহংকারী সিসিফাস, তবু তুমি নত হবে না?
    আবারো এক অবাঞ্ছিত বোঝা নিয়ে তুমি তোমার পথ চলতে থাকো। আবারো সেই একই ঘটনার পুনরাবৃত্তি।
    কতো শত যুগ যুগান্তর ধরে এই একই খেলা চলে আসছে তোমার সাথে। সময়ের কাঁটা ঘুরে চলে।
    আমাদেরও বয়স বাড়ছে। আমরা প্রতিক্ষায় আছি তোমার শেষ পরিণতি দেখবার জন্যে অধীর আগ্রহে-
    বোকা সিসিফাস, তবু তুমি হাসো?
    তোমার কি ক্লান্তলাগে না?
    তোমার কি দুঃখ হয় না?
    তোমার কি অসহায় মনে হয় না নিজেকে?
    তোমার কি হতাশা আসে না?
    তুমি কি বোধহীন? নাকি তুমি ভীষণ ধূর্ত? স্রষ্টার সাথে জুয়া খেলায় ধোঁকা দিয়ে তুমি এক অদ্ভুত জুয়ারি- সবটুকু হারিয়েও জিতে গেছো।
    যেনো হেরে যাওয়াটাই আসল জয়।
    গেয়ে চলেছো ব্যর্থতার জয়গান।
    সিসিফাস আমি তোমাকে ঈর্ষা করি।
    অর্থহীনতার আনন্দ শুধু তুমিই বোঝো- আর আমরা অসীম ক্লান্তিতে মাটিতে মাথা রেখে ঘুমিয়ে পরি।

    2
    1 Comment
    • এই ভীষণ অবাঞ্ছিত পাথরের বোঝা ঠেলে নিয়ে তুমি পৌঁছে যাও পাহাড়ের চূড়ায়।…মুগ্ধতা

Skip to toolbar