Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Online

  • Md-Zaker-Hayat-Khan
  • যাত্রাপুরে একদিন

    চৈত্রের এ মধ্য দুপুরে সেলিম তার এলোমেলো চুলে হাত বোলায়। চোখে কালো সানগ্লাসের পেছনে জমে থাকা বিরক্তি, আড়ালে ঢাকা পরে। সেলিমের মনে হয় রাজ্যের ধুলোয় তার চুলগুলো আঠা আঠা হয়ে আসে। কপালে জমে থাকা ঘামে আর কুঞ্চিত কেশরাজির আড়ালে সেলিম বিবমিষা বোধ করে। সে এখন মানিকগঞ্জ সদরে। দীর্ঘ ঘর্মাক্ত যাত্রার মধ্য বিরতি। কি কথা ভেবে যে, সে নীলার অনুরোধে ঢেঁকি গিলেছে। সে কথা ভেবে, মনে মনে নিজেকে দুটো গাল দিলো। তারপর পেট্রোল পাম্পের ওয়াশরুমের দিকে এগিয়ে গেলো। মনে হচ্ছে ব্লাডারের ধৈর্য শক্তি শেষ। এখান থেকে সে যাবে ইছামতির পারে। গ্রামের নাম যাত্রাপুর। সেলিম আবারো নিজেকে মনে মনে গাল দ্যায়। ওয়াশরুম থেকে বের হয়ে সাধের নিকোটিনে শ্বাস টানে। এলোমেলো চেয়ে দেখে আকাশে জমেছে কালো কালো ক্রুদ্ধ মেঘদল। নাকি সানগ্লাসের আড়ালে সবকিছু কালো হয়ে আসে? সিগ্রেট টানতে টানতে সেলিম সানগ্লাস খুলে চেয়ে দেখে, চৈত্রের আকাশে জমে থাকা চলিষ্ণু মেঘদল।

    প্রাইভেট কারের জানালা খুলে দিলে এক দল এলোমেলো বাতাস ভেতরে প্রবেশ করে। সেলিম আনমনে চুলে হাত বোলায়। দৃষ্টির সুদূরে সবুজ ধানক্ষেতে অবাক আলোড়ন। ওপরের আকাশে কালো কালো মেঘদল অযথা জড়ো হয় বৃষ্টির আগমনী বার্তা নিয়ে। সেলিম অবাক একাকী দুরের দিকে তাকিয়ে থাকলেও তার মন কোন সুদূর অতীতে বিচরণ করে। নীলার কথা মনে পরে। মনে পরে এক মধ্য দুপুরের কৃষ্ণচূড়া। নীলার সাথে তার সংসার জীবনে দীর্ঘ দশটি বছর পার হয়ে গেলো কেমন এক লহমায়। স্মৃতিতে, অভাবিত ভালোবাসায়। কিন্তু সব গল্পের একটি দুঃখজনক অধ্যায় থাকে। সেলিম আর নীলার জীবনে আসে নি কোন সন্তান। তাদের অকথিত দুঃখের অপার সাগর। হাজারো ডাক্তার দেখানো হল, খাওয়া হলো অজস্র পানিপড়া। কিছুতেই কোন কাজ হল না। নীলার বিমর্ষ অন্তরালের গোপন দুঃখ। মা না হতে পারার প্রবল যন্ত্রণা। সেলিম সব বোঝে, সান্তনা দ্যায়। নিজেও কোন এক অবাক দুঃখে একা হয়ে থাকে। সমস্যা যে কার? কিছুই বোঝা যায় না। মাঝে মাঝে জীবনকে ভীষণ প্রতারক বোধ হয়। এবারো নীলার অনুরোধে সেলিম ছুটেছে যাত্রাপুরের উদ্দ্যেশ্যে। যদি কিছু হয়। লোক মুখে শুনেছে ইছামতীর পারে, যে ব্যাপারিয়ার হাট বসে প্রতি রবিবারে; সেখানে এক বড় কবিরাজ আছে। মান্নান মিয়াঁ। তার ওষুধে ক্যানসার অবধি ভালো হয়। সেলিম এসব বুজরুকি সহ্য করতে পারে না। কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলায় তাকে যাত্রাপুরে ছুটতে হয়। যেতে হয় আরো কতো ইছামতির পারে।
    সেলিম খেয়াল করে আকাশে ক্রুদ্ধ মেঘদল বজ্রের নিনাদ তোলে। সেলিম আবারো সানগ্লাসের আড়ালে গাড়ির কাঁচ উঠিয়ে দিয়ে যাত্রাপুরের পথে চোখ রাখে।

    চৈত্রের বিকেলে গুমোট গরমে, সেলিম যাত্রাপুর গ্রামের ব্যাপারিয়ার হাটে দাঁড়িয়ে আছে। প্রবল গুমোট গরমে পরনের শার্ট গায়ে লেপটে থাকে। কপালে জমে ওঠে মুক্তোর স্বেদবিন্দু। সেলিম দীর্ঘ দু ঘণ্টা এই প্রাগৈতিহাসিক হাটে ঘুরছে চক্রাকারে। অনেক আতিপাতি করে সে মান্নান মিয়াঁকে খুঁজে নিয়েছে। দেখেই মনে হচ্ছে ধুরন্ধর মাল। পানের কষে দাঁতগুলো লাল থেকে গোঁড়ায় কালো হয়ে আছে। ঠোঁট থেকে গড়িয়ে পরছে পানের কষ। একটা হাওয়াই শার্ট পরে মান্নান মিয়াঁ প্রাচীন তেঁতুল গাছের ছায়ায় বসে আছে। তাকে ঘিরে আছে অসংখ্য আটপৌরে মানুষের দল। মান্নান মিয়াঁ বিরক্ত মুখে তিতাস মলমের গুরুত্ব ব্যাখ্যা করেছে একবার। এবার সাগ্রেদ নান্টুর পালা। সে অবিরাম বলে যাচ্ছে তিতাস মলমের ভীষণ উপকারিতার বয়ান। পাশে পরে আছে, এক লুলা ল্যাংড়া। তিতাস মলমের অভাবনীয় সাফল্যে সে আগের চেয়ে অনেকখানি ভালো হয়ে উঠেছে। উৎসুক জনতা দীর্ঘ সময় সাফল্যের বয়ান শুনছে। কিন্তু সেরকম আগ্রহী ক্রেতা দেখা যাচ্ছে না। সেলিম বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে। সিগ্রেটের স্বাদে নিজেকে মনে মনে গাল দিচ্ছে। মান্নান মিয়াঁকে তার ব্যক্তিগত সমস্যার কথা জানানো হয়েছে। মান্নান মিয়াঁ ইশারায় বলেছে ব্যবস্থা হবে। সেলিম ব্যবস্থার জন্য অপেক্ষা করছে। তার সারা শরীর ভারি হয়ে আসছে। কপালের রগগুলো ফুলে উঠেছে। একটা ঘুম দিতে পারলে ভালো হতো। সেলিম অপেক্ষার আড়ালে ইছামতির পারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে।
    এদিকে ইছামতির মৃদুমন্দ স্রোত তুফানের আশঙ্কায় জেগে উঠছে। আকাশে ক্রুদ্ধ মেঘদল ধীরে ধীরে চক্রাকারে আবর্তিত হচ্ছে আরো অনেক ওপরের আকাশের সমতলে।

    সেলিম অবুঝ শিশিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার ইচ্ছা করছে শিশিটা মান্নান মিয়াঁর মাথায় ভাঙতে। দীর্ঘ তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে এক রত্তির একটুকুন শিশি পাওয়া গেলো। সর্ব রোগের ওষুধ। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা ধরে। সেলিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ইছামতির পারে, কোথায় কোথায় ঘুরে বেড়ায়। অবশেষে ভাঙ্গা টুকরি ঘর ছেড়ে বেরুলে সে নান্টুকে দেখতে পায়, লুলা ল্যাংড়াটার সাথে। লুলা ল্যাংড়াটা পষ্ট দুপায়ে হেঁটে বেড়ায়। সেলিমের জেদ চেপে আসে। তার ইচ্ছে করে বুজরুকটার মাথায় সর্ব রোগের ওষুধের শিশিটা ভেঙ্গে গুড়ো গুড়ো করতে। কিন্তু শহর থেকে এতো দূরে এসব করা ঠিক হবে কি না বুজে ওঠে না। তার নিজেকে অসহায় মনে হয়। মনে পরে ভাগ্যের দিব্য চক্রে সে ইছামতির পারে পারে ঘুরে বেরাচ্ছে। নিজের প্রবল অসহায়ত্ব অনুভব করে সেলিম শেষ পর্যন্ত ইছামতির মৃদু মন্দ স্রোতে সর্ব রোগের ওষুধের শিশিটুকু ছুঁড়ে ফেলে, ঘাড় মটকে কোন চেনা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দ্যায়। যাত্রাপুরের সর্পিল পথে সেলিম একা একা হেঁটে চলে। এদিকে ইছামতির বুকে ক্রুদ্ধ স্রোত আরো নতুন যৌবনে ফুলে ফেঁপে ওঠে।

    সন্ধ্যা ঘনিয়ে এলে একটি সর্পিল পথে সেলিম একা একা হেঁটে চলে। পথে পরে থাকা নুড়ি পাথরে আক্রোশে লাথি দ্যায়। এভাবে অনেকক্ষণ পার হলে সেলিম খেয়াল করে একজন পাগড়ি পরা লোক তার পিছু নিয়েছে। পরনের বেশে দীর্ঘকায় লোকটি স্থানীয় বলে মনে হয় না। সেলিমের মনে ভয় ধরে। ছিনতাইকারী নয় তো? সে হিপ পকেটের মানিব্যাগ একবার ছুঁয়ে দ্যাখে। লোকটি কাছে আসলে, সেলিমের জেদ আবারো চেপে ওঠে কপালের উগ্র শিরায় শিরায়। লোকটি কাছে এলে সেলিম উগ্র ভঙ্গিতে জানতে চায় কেন তার পিছু নেয়া হয়েছে। মোছওয়ালা লোকটি সেলিমকে অবাক করে বিষণ্ণ ভঙ্গিতে বলে, “এতো দূর থেকে এসেও সর্ব রোগের ওষুধ পেলি না?”
    সেলিম মনে মনে ভাবে, না জানি কতক্ষণ ধরে পিছু নিয়েছে? সে জিগ্যেস করে, “আপনি কে? কি চান?”
    লোকটি অন্য দিকে তাকিয়ে বলে, “মান্নানটা বুজরুকির ব্যাবসা করে। কতো লোক ঠকালো। কতো দূর দূরান্ত থেকে লোকে আসে, সর্ব রোগের ওষুধের জন্য। সব ঠকে ঘরে ফেরে।”
    সেলিম একটু অবাক হয়। তারপর শান্ত গলায় জিগ্যেস করে, “আপনি কে?”
    লোকটা আবারো দীর্ঘশ্বাস ছাড়ে। আকাশের দিকে তাকিয়ে বলে, “আমি যাত্রাপুরের রাজা সালেম উদ দ্বীন।”
    “আমার কাছে সর্ব রোগের ওষুধ নেই। তবে সঞ্জীবনী সুধা আছে। সে সুধায় ভালো হয় সকল পূর্ব রোগ। পাওয়া যায় নতুন জীবন। নিবি?” লোকটা একটা নতুন শিশি বের করে সেলিমের দিকে এগিয়ে দ্যায়।
    সেলিম আবারো মনে মনে খেপে ওঠে। মনে মনে ভাবে, যাত্রাপুর আসলে একটা বাজে জায়গা। পথে পথে বুজরুক আর পাগল। তার ইচ্ছে করে লোকটার গালে একটা কষে চড় দিতে। নাম নাকি, সালেম উদ দ্বীন। আবার বলে কিনা যাত্রাপুরের রাজা। পাগল ছাগল যতসব।
    লোকটা সেলিমকে অবাক করে বলে, “ওরে আমাকে হেলা করিস না। চড় দিয়ে কি আর করবি? তিনশো বছর ধরে আমি যাত্রাপুরের পথে পথে ঘুরে বেরাচ্ছি। সে বারো ভূঁইয়াদের আমলে মুসা খানের দরবারে আমি অসুস্থকে সুস্থ করেছি। নিয়ে যা এই সঞ্জীবনী সুধা।”
    সেলিম হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর বাড়ানো সুধার শিশিটা হাতে নিয়ে দূরে কোথাও ছুঁড়ে ফেলে। লোকটা অবাক হাসি দ্যায়।
    “তুইই প্রথম না। আমাকে আগেও অনেক হেলায় হারিয়েছে।” বলে হাসতে হাসতে অন্য পথে হাঁটা দ্যায়।
    সেলিম একটু অবাক হয়ে লোকটার চলে যাওয়া দ্যাখে। তারপর নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দ্যায়। খেয়াল করে তার মাথায় চেপে বসা রাগ অনেকখানি কমে এসেছে। সে মানিকগঞ্জ সদরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
    এদিকে পতিত জমিতে পরে থাকা সুধার শিশিটুকু থেকে গড়িয়ে পরা সঞ্জীবনী সুধায় অনাবাদী জমিতে বিবিধ সবুজ মাথা চাড়া দিয়ে জেগে ওঠে।
    অনুপ্রেরণাঃ সুবর্ণস্রষ্টা [লেখকঃ পাওলো কোয়েলহো]

Skip to toolbar