Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অন্ধত্ব

    হাবলঙ্গের বাজারের মাঠে আজ বিশাল আয়োজন। তিনি এসেছেন। এই সেই ব্যক্তি। এই সে কামেল দৈব পুরুষ। মাঠে শাদা মাটা, সাধারণ, অসাধারণ, আটপৌরে, চতুর কর্পোরেট মানুষের ঢল নেমেছে। খাদিমের দল মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। তিনি এসেছেন। তার জাদুর স্পর্শে সব মুশকিল আসান। তিনি স্মিত হাসি আর নির্লিপ্ত মুখে দাঁড়িয়ে আছেন। ভিড়ের মানুষেরা ঠেলাঠেলি করে এগিয়ে আসছে। কতো জনের কতো সমস্যা। যদি তার স্পর্শে সমস্যা দূর হয়, এই আশাতীত আশায়।
    কথিত আছে এক ব্যক্তির দীর্ঘ দিনের পুরনো বাত ব্যাথা তাঁর সামান্য স্পর্শে দূর হয়েছে। কথিত আছে বৃদ্ধার বখাটে ছেলে তাঁর কাছে এসে সম্পূর্ণ ভিন্ন মানুষ আজ। কথিত আছে মনোয়ারার মার দারিদ্র হারিয়ে আজ পুরনো দিনের গল্প।
    আরো কতো জনের কতো অসুখ দূর হল। সবাই ভিড় ঠেলে এগিয়ে আসছে। যদি পার্থিব সমস্যার সমাধান হয়।
    খাদিমের দল কখনো ধমকাচ্ছে, কখনো বকছে। তাঁর কাছে যাবার জন্য কর্পোরেট চতুর লোকটিও আজ খাদিমের কাছে দেন দরবারে বসেছে। খুশি করার চেষ্টায় হাজার টাকার চকচকে নোট ধরিয়ে দিচ্ছে।
    এদিকে পশ্চিমের সূর্য অস্তগামী। পাখির দল যার যার নীড়ে ফিরে যাচ্ছে, অবাক বাতাসের স্রোত কেটে। ভেসে ভেসে আরো দূরে, আরো বহু দূরে।

    তিনি বয়সে তরুণ যুবা। সবল শরীর মেদহীন। মুখে স্মিত হাসি। উজ্জ্বল আলোকিত মুখশ্রী। কিন্তু চোখ গুলো কেমন অবাক নিঃস্পৃহ। কখনো ধারালো হয়ে ওঠে। দীর্ঘ পেটানো শরীর তাঁর। কথা বলেন কম। দু এক কথায় আলাপচারিতা শেষ হয়। মাঝে মাঝে আনমনে আকাশ দেখেন। বলে ওঠেন, আজ বৃষ্টি হবে।

    রহমতুল্লাহ শেখ ভীষণ কষ্টে আজ তাঁর দেখা পেয়েছেন। তাঁর মেয়ে নীলু। কী ভীষণ মায়াবী মেয়ে নীলু। মেয়েটিকে নিয়ে বড় কষ্টে আছেন। অন্ধ মেয়ে। একটা পাও নষ্ট। অন্ধ হলেও ভীষণ জেদী। এতো বলে কয়েও আনা গেলো না। তবে তার চেয়ে বড় সমস্যা আছে। সে জন্যই আসা। যদি দৈব পুরুষের সামান্য স্পর্শে মেয়েটি ভালো হয়। প্রতিবন্ধি মেয়েকে নিয়ে কি ঝামেলাতেই না পরেছেন তিনি। মেয়ে তো এলো না। যদি এই দৈব পুরুষ তার ঘরে আসেন। তবে সম্ভাবনা কম। তিনি কদাচিৎ বের হন।
    যাই হোক তাকে অবাক করে তরুণ যুবা রাজি হলেন। আজ কেন রাজি হলেন ভেবে খাদিমের দল ভীষণ বিস্মিত।

    তিনি ঘরে প্রবেশ করলেন। ভারী পর্দায় ঘরটিতে প্রবল আলো আধারির খেলা। নীলু রাগ করে বসে আছে। তার চোখে প্রবল জল। তিনি প্রথমে ঘরে আলোর ব্যবস্থা করতে বললেন। সামান্য কথা হল। নাম কি? কেমন আছো? নীলু রাগ চেপে কাটা কাটা সুরে উত্তর করে। নীলু জানে সে এক বিশাল বোঝা। তার পরিবারের কলঙ্ক, জলে ভাসা পদ্ম। কিছুক্ষণ কথা হবার পর তরুণ যুবা বললেন, আমি আপনার হাত ধরে দেখতে চাই। নীলু মনে মনে দুটো গালি দিয়ে বাবার কথা ভেবে হাত বাড়িয়ে দিলো। প্রবল অপমানে আর প্রচণ্ড ক্রোধে। তরুণ যুবা হাত ধরে চোখ বুঝে কিছুক্ষণ বসে থাকলেন। এভাবে কিছুক্ষণ পার হলো। তিনি প্রবল কষ্টে হঠাৎ কাতরে উঠলেন। তার নিঃস্পৃহ চোখে অতল জলের ধারা। তারপর হাত ছেড়ে তিনি উঠে দাঁড়ালেন। থর থর করে কাঁপছেন তিনি।
    তারপর তিনি রহমতুল্লাহ শেখের কাঁধে হাত রেখে বললেন, সব ঠিক হয়ে যাবে। আপনার মেয়েটি ভালো, তার যত্ন নেবেন। রহমতুল্লাহ শেখ নানাবিধ আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন। কিন্তু তিনি না খেয়েই বাইরের বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গেলেন। ঘরের দরোজা থেকে ফিরে রহমতউল্লাহ শেখ নীলুর ঘরে এসে দেখলেন, নীলু প্রবলভাবে কাঁপছে। দেয়ালে আর মেঝেতে থোক থোক রক্তের ছোপ।

Skip to toolbar