Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • শুক্লপক্ষের শহরঃ গুপ্ত এবং সুপ্ত স্বপ্ন
    শহরের নাগরিক রাত গভীর হলেই এখানে এক প্রাচীন দেবীর ছায়ায় বেড়ে ওঠে আমাদের পরাবাস্তবতার শুক্লপক্ষ। এই সব দিন রাত্রির বাস্তবতাকে গ্রাস করে প্রাচীন জাদু বাস্তবতা। এই করুণ নেক্রোপলিস বদলে যায় মুহুর্মুহু। আমরা চিরকালীন ছেলে মানুষীর দলের কয়েক জন নেমে আসি ওই রাজপথে। আমরা এই নগরে এক প্রাচীন মন্ত্রের উচ্চারণে আকাশের তারকা রাজিদের ডেকে নিয়ে আসি। এই পরিত্যাক্ত নগরীর মৃত্তিকার ভেতর থেকে জেগে ওঠা জোনাকি আমাদের পথ নির্দেশ করে। আমরা খেলতে খেলতে এই নগরীর সকল আবরন খুলে দেখি। দেখি সহস্র শ্রমিকের ঘাম আর কবিদের মৃত অস্থি যার ভিতে এই নগরীর রাজপথ আর অট্টালিকার প্রাচীন দেয়াল গড়ে উঠেছে। আমরা নিয়নের আলোতে দেখি কিভাবে এগারোটি ছায়া আমাদের ইডেনের খোঁজ এনে দেয়। সেই প্রাচীন পুরাতন স্বর্গোদ্যান। আমাদের ক্ষুধার্ত মন খুঁজে নিতে চায় প্রিয় স্বর্গোদ্যান। এখানে স্বপ্ন আর বাস্তবতা এক হয়ে আসে। আমরা কজনা ঘুরে বেড়াই এই প্রাচীন গোলকধাঁধায়। এখানেই আনুবিসের পাতাল, ব্যবিলনের ঝুলন্ত স্বর্গোদ্যান, সিন্ধু নদের অববাহিকায় সহস্রাব্দের জীবন জেগে ওঠে বর্তমানে। এই নগরীর প্রাচীন গলি পথ ডেকে নেয় অচেনা সঙ্গীতে তার প্রবল রহস্যময়তায়। সকালের মৃত পরিচিত নগরী রাতের জোছনায় উন্মোচন করে তার গোপনীয় অবয়ব। জাদু বাস্তবতার নগরীতে আমরা দেখি দৃশ্যের আড়ালে দৃশ্য, কল্পনার আড়ালে অধিকতর পরাবাস্তবতা। ভোর হতে আমরা ফিরে যাই নিজ শয়ন কক্ষে সিঁড়ি ভেঙে। দরজার খিল খুলে চুপি চুপি আশ্রয় নেই বাস্তবতার শীতল চাদরের আবরণে। সকালে পরিচিত শহরে ঘুম ভেঙে পরিচিত বাস্তবতায় অপেক্ষা করি পরবর্তী পরাবাস্তবতার শুক্লপক্ষের জন্য।

Skip to toolbar