Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বোধ

    মুহূর্ত কেন এত বিশাল ব্যাপ্তিতে নিজেকে লুকোয়,
    মহাকালের অনিশ্চয়তায়।
    প্রেমকে ভালোবেসে আমি সযত্নে প্রত্যাখ্যান করি আমার প্রেমিকাকে।
    প্রেম নয়, সুখ নয়, সচ্ছলতা নয়-
    আরো বিস্তৃত এক গভীর আকঙ্খায় আমি ছুটে চলি সামনের দিকে।
    সকল দৈন্যতা, সকল ভালবাসার অদেখা শৃঙ্খল অতিক্রম করে।
    আমার তীব্র উচ্চাকাঙ্ক্ষার অন্তরালে আমি অনুভব করি,
    মৃত্যুর মুহূর্ত- কেমন শূন্যতা!
    একটি মুহূর্তের শূন্যতা।
    সেই মুহূর্তে থাকবে না এই প্রাণ চঞ্চল আবেগ, ঘনীভুত হবে না বিরহ শোক,
    থাকবে না কোন দুর্নিবার জয়ের আকাঙ্ক্ষা।
    থাকবে না তোমাকে হারানোর ভয়।
    থাকবে না লোভ, কাম, ক্রোধ, জিঘাংসা, ক্ষুধার যন্ত্রণা, দায়িত্বশীলতা।
    থাকবে না কাঁটাতার, দেশপ্রেম বা মহান হবার বাসনা।
    থাকবে না কুষ্ঠ রোগীর চেটে খাওয়া জলে, বেঁচে থাকার প্রবল কামনা।
    মৃত্যু সবাইকে নিয়ে আসবে পরম সাম্যাবস্থায়।
    আর সব ভালোবাসা ভুলে রাজাদের হাড় মিশে যাবে ভিখিরির কবরে-
    একটি অলীক অস্তিত্ব হয়ে কিছু সময় কাল কারো স্মৃতিতে বেঁচে থাকা ছাড়া করার মতো কিছুই থাকবে না।
    এই সেই-
    পরম নির্বাণ।
    যেভাবে হাত ফসকে পরে যায়,
    আমাদের হাতে থাকা কলস, কুয়োর গভীর জলে।
    জীবন যেন দুটো শূন্যতার ভেতর একটি মুহূর্ত।
    মহাকালের বিবর্তনে কি তুচ্ছ এই অস্তিত্ব!
    তবু মৃত শালিখের পচে যাওয়া শরীর ভেদ করে উড়ে যায় উড়ন্ত মাছি,
    বাতাসে ছড়িয়ে পরে শিমূল তুলোর বীজ।
    ক্ষণস্থায়ী জীবনে উড়ন্ত পতঙ্গ খুঁজে ফেরে প্রিয় সঙ্গিনী।
    আর আমরা কজনা এই অর্থহীনতার মুহূর্তকে অর্থবহ করার প্রবল প্রচেষ্টায় ছুটে যাই,
    জীবনের উৎসবে।

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar