Profile Photo

তিতা ফুলOffline

  • nadia1
  • Profile picture of তিতা ফুল

    তিতা ফুল

    • 2 months, 1 week ago

    আগে ভাবতাম, বিবাহ উপযুক্ত অবস্থায়, যখন অহরহ পাত্রপক্ষ দেখতে আসে, বিয়ের কথাবার্তা চলে, এইসময়টা একটা মেয়ের সবচেয়ে সুন্দর সময়। পড়াশুনার চাপ নেই, ঘরে কোন কাজ করতে হয় না হয়তো, আবার নতুন নতুন সব অনুভূতির সাথে পরিচিত হতে থাকে। ইসস, কবে যে আমারও এমন সময় আসবে! কবে যে আমিও এতো সুন্দর একটা সময় পার করবো!

    পরিবারের মানুষগুলো তখন হয়তো খুব আদর আহ্লাদ করবে আমায় নিয়ে। কিছুদিন পর পরের বাড়িতে চলে যাবো যে! এসব মনে করে শুধু দিন গুনে যেতাম, কবে ফাইনাল পরীক্ষাটা শেষ হবে, কবে বিয়ের কথা চলবে পুরোদমে।

    একের পর এক পরীক্ষা শেষ হতে থাকলো। ফাইনাল পরীক্ষাটাও দিয়ে দিলাম। অবসর সময়। সারাদিন শুয়ে বসে থাকা ছাড়া আর কোন কাজ নাই। অবশ্য কাজ থাকলেও করতাম না আমি। ছোট থেকে বলা হয়েছে আমাকে শুধু পড়াশুনা করতে হবে। ঘরের কাজ শেখার কি প্রয়োজন? আমি ডাক্তার হবো। সারাদিন রোগী দেখবো, আর মাসে লাখ লাখ টাকা কামাবো। কাজের লোক করে দিবে আমার সব কাজ।

    দিন রাত এক করে পড়েছি। পড়ার টেবিল থেকে উঠলেই বলা হতো, তোমাকে কোন কাজ করতে হবে না। তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশুনা করা, জিপিএ পাওয়া, আর মেডিকেলে চান্স পাওয়া।

    স্বপ্নটা যদিও আমার নিজের ছিল না। জোর করে ঢুকিয়ে দেয়া হয়েছিলো মনের ভেতর। সেই থেকে আমিও ভাবতে শুরু করলাম, এভাবেই বুঝি হবে সব। যেমনটা বলা হয়েছে, ঠিক সেভাবেই সব হবে।

    দিন যেতে থাকে, আমিও পড়াশুনা ছাড়া আর কিছু বুঝি না। সারাক্ষন পড়ার টেবিলেই আমার সব। একসময় এসএসসি তে জিপিএ পেলাম। সবাই খুব খুশি হলো। কলেজে ভর্তি হতে গিয়ে দেখি পছন্দের কলেজ আসছে না। বাধ্য হয়ে অপছন্দের কলেজেই পড়তে হলো।

    কলেজ মনমতো না হওয়ায় আর যেতাম না কলেজে। বাসায়ই বসে পড়াশুনা করতাম। সকালে ফজর পড়তাম, পড়তে বসতাম। রাতে ১২ টার পর ঘুমাতে যেতাম। এর মাঝে পুরোটা সময় পড়তাম, একেবারে জরুরি কাজগুলো বাদে। কলেজের দিনগুলো যে কিভাবে ফুরিয়ে গেলো টেরই পেলাম না। ফাইনালে জিপিএ আসে নি। অল্পকিছুর ব্যবধানে হারালাম সেটা। মন খারাপেরও সময় পেলাম না। অ্যাডমিশনের জন্য পড়াশুনা শুরু করলাম পুরোদমে।

    অ্যাডমিশনের একেকটা দিন আমার কাছে যুদ্ধের মতো ছিল। এমন কোন রাত হয়তো ছিলো না যে আমি কান্না করিনি। এতটা ডিপ্রেশন আমার লাইফে কখনো ছিলো না। টেস্টগুলোতে নাম্বার কম আসতো, অভিভাবক আবার সেটা দিয়ে জাজ করতো, চান্স পাবো কি পাবো না। যদিও এসব গল্প আমি আর আমার রব ছাড়া আর কেউই জানে না। সবাই শুধু দেখতো আমি দরজা বন্ধ করে সারাক্ষন খুব মনোযোগ দিয়ে পড়াশুনা করি। আশায় বুক বাধতো আমাকে নিয়ে।স্বপ্ন দেখতো।

    বলা হতো চান্স পেলে নাকি বিশাল বড় বড় অফিসাররা লাইন ধরবে আমাকে বিয়ে করার জন্য! বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়াররা প্রপোজাল দিবে অহরহ। শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে, এই বলে বলে তারা আমার মাথায় জোরপূর্বক ডাক্তার হওয়ার স্বপ্ন গেঁথে দিতে চাইতো।

    দিনশেষে আমিও তাদের সেসব স্বপ্নগুলোকেই সত্যি ভাবতে শুরু করি। এমন সব ফ্যান্টাসির বাইরে কিছু চিন্তাই করতে পারতাম না। সাধারন কাউকে কখনো পছন্দ হয়নি। ওইযে, মস্তিস্কে গেঁথে গেছে, সাধারন ছেলেরা তো আমার যোগ্যই না, তাদেরকে পাত্তা কেন দিবো!

    অ্যাডমিশনের সেই যুদ্ধটাও একসময় শেষ হয়। ক্লান্ত আমি ভীষণ খুশি ছিলাম। ভীষণ। ভাবলাম যাক, অবশেষে বিয়ের সময় এলো তবে। এখন একটু জীবনটাকে উপভোগ করা দরকার।

    জীবন উপভোগ বলতে অনেক অনেক শপিং করা, ঘুরতে যাওয়া এসব ছিলো না। আমি উপভোগ বলতে বুঝতাম পড়াশুনার চিন্তা মুক্ত শান্তির ঘুম। তবে দুইদিনের মাথায় রেজাল্ট চলে আসে অ্যাডমিশনের। আমি মাত্র ৪ নাম্বারের জন্য চান্স মিস করি!

    আর সেদিনই আমার সব স্বপ্ন, ফ্যান্টাসির পর্দা সরে যায় চোখের সামনে থেকে। আশেপাশের এতো এতো শুভাকাঙ্ক্ষী, আপনজন, যারা কিনা সবসময় বলতো, আমি ডাক্তার হলে তারা ফ্রিতে চিকিৎসা নিবে, তাদেরকে আমি যেন চিনতেই পারছিলাম না। সবাই কেমন খোলস পাল্টে ফেলতে লাগলো। আমি শুধু দেখতাম, শুনতাম আর অবাক হতাম। এরাই কি সেইসব মানুষগুলো? যারা এতোদিন আমার কিছু হতে না হতেই দুশ্চিন্তা করতো।

    আমাকে সবসময় বলা হয়েছিলো কাজ করার দরকার নেই। অথচ সেদিনের পর থেকে বলতে শোনা গেলো, কাজ না শিখলে পরের বাড়িতে নাকি দুইদিনও রাখবে না আমাকে। পড়াশুনা করে তো কিছুই করতে পারলাম না, এখন আর কি? কাজ শিখে শ্বশুর বাড়িতে যাও।

    তারা আমাকে একসময় বলতো, সাধারন কোন মানুষ আমার যোগ্যই না। এমন কাউকে বিয়ে করা আমার জন্য অপমানের। অথচ এখন তারাই বলতে লাগলো, ‘ এতো ভালো খুঁজে কোন সাহসে? ওর জন্য এতো ভালো পাত্র কোথায় পাবো? বেশি আশা করতে নিষেধ করো!’

    ‘এতো ভালো চাইলে মেডিকেলে চান্স পেলো না কেনো?’

    আমি এসব শুনে কষ্ট পাইনা, একদমই কষ্ট পাইনা। শুধু অবাক হয়ে যাই। আমি নিতে পারি না এতো পরিবর্তন। মনে হয় সবকিছু যেন মাথার দুই হাত উপর দিয়ে যাচ্ছে আমার। এসব স্রেফ আমার স্বপ্ন। বাস্তব কিছু না। আমার বাস্তব জীবনটা তো এমন ছিলো না। কবে কবে এতো কিছু হয়ে গেলো? আমার অগোচরে!

    ভেবেছিলাম সবসময় তো ঘরে বসে পড়াশুনাই করতাম, এবার ঝামেলা শেষ হলে সবার সাথে সময় কাটাতে পারবো, আড্ডা দিতে পারবো। নিজেকে মুক্তো পাখির ন্যায় উড়াতে পারবো। তবে সেদিনের পর থেকে সবাই কেমন করে যেন কথা বলে। মনে হয় সাধারন সব কথাবার্তা, তবে প্রতিটা কথার পিঠেই থাকে একটা খোঁচা। আমার পেছনে সব টাকা অযথাই ঢালা হয়েছে। যার যোগ্য আমি ছিলাম না।

    আমি মানুষের সাথে মিশতে শুরু করার আগেই শেষ করে দিলাম। ঘরবন্দী করলাম নিজেকে। পড়াশুনা ছিল না। সারাক্ষন শুয়ে থাকতাম। একসময় বিরক্ত এসে গেলো। বই পড়তে শুরু করলাম। কাল্পনিক সব চরিত্রগুলোর মাঝে সুখি অনুভব করতাম নিজেকে। নিজের একটা আলাদা কাল্পনিক জগৎ তৈরি করে ফেললাম।কেউ সেখানে কিছু বলতো না আমায়।অপমান করতো না কথায় কথায়।

    তবে সেই সুখ রইলো না বেশিদিন। কিছুদিন পরই অভিযোগ, বিচার শুরু হয়ে গেলো আমায় নিয়ে। সারাদিন শুয়ে বসে থাকলে কেই বা মেনে নিবে? কোন পরিবার বলবে না কিছু? তাও আবার এমন একটা মেয়েকে, যে কিনা পুরো বংশের সবার স্বপ্ন ভেঙ্গেছে? সবার বিনামূলে চিকিৎসা পাওয়ার স্বপ্নটা অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে। মানবে না। মানার কথাও না।

    কাজ করতে আমার ভালো লাগতো না। কখনো করার অভ্যাস ছিল না যে! তাদের বকা শুনেও কোন কাজ করতাম না আমি। বই পড়তাম মনোযোগ দিয়ে। তবে আগের মতো মনোযোগ দিতে পারতাম না তেমন। বকাঝকাগুলো গায়ে লাগাতে না চাইলেও কান সজাগ থাকতো। কখন কি বলে শুনতাম সব। শুনতাম শুধু। মন খারাপ করবো না ভেবেও চোখ ভরে আসতো। আমি চোখ বড় করে পানি শুকাতে চাইতাম। উপরের দিকে তাকাতাম পানি যেন বেশি না হয়ে যায়। কিছুতেই কিছু হতো না। অবাধ্য পানি গড়িয়ে যেতো। ওড়নার কোনা দিয়ে মুছে ফেলতাম সাথে সাথে। আবার চোখ ভরে উঠতো। বিরক্ত লাগতো খুব। এই চোখের পানিগুলো যেন বেহায়া একদম। আমার কথা না শুনে মানুষের কথা শুনে।

    আমি আর্ট করতে পছন্দ করতাম খুব। ভালো আঁকতামও। তবে সেসব নাকি কোন কাজের না , কিছু হবে না এই ট্যালেন্ট দিয়ে। আমিও বিশ্বাস করে নিয়েছিলাম তা। আসলে তাদের প্রতিটা কথাই আমার কাছে মনে হতো ধ্রুব সত্যের মতো। আমার মাথায় গেঁথে যেতো তা। আমি আর চর্চা করিনি। আঁকাআঁকি করতে দেখলেই বলা হতো, ‘পড়াশুনা রেখে এসব কি করছো? অযথা সময় নষ্ট। যাও, পড়তে বসো।’

    কিছুদিন এভাবে চলার পর একসময় সত্যি সত্যিই আমার বিয়ের আলোচনা উঠলো। কতোদিন আর অকর্মা মেয়েকে খাওয়াবে ঘরে রেখে? এবার বাস্তবতা বুঝানো দরকার। আমি প্রথমে বুঝতাম না সেসব। খুশি ছিলাম এই ভেবে যে, যাক, অবশেষে একটা ভালো শ্বশুর বাড়ি পেয়ে গেলেই হয়। ভালো একজন জীবনসঙ্গী পেয়ে গেলেই হবে আমার। সব দুঃখ বুঝি শেষ হবার পালা। কিন্তু আমি জানতাম না, দুঃখের পালা তখনো শুরুই হয়নি। যেই সময়টাকে আমি জিবনের সবচেয়ে আনন্দের মনে করতাম, যেই সময়টার অপেক্ষা করে আমার সময় কাটতে চাইতো না, ঠিক সেই সময়টাই আমার জিবনের সবচেয়ে ভয়াবহ দুঃসময় হয়ে উঠলো। প্রতিটা সেকেন্ড কাটতো আতঙ্কের মধ্যে। কখন জানি আজেবাজে কোন লোকের সাথে জুড়ে দেয় আমায়। কখন জানি দুনিয়ার নরকের মধ্যে আয়োজন করে নিক্ষেপ করা হয় আমায়।কোন সাধুবেশে ঘুরে বেড়ানো লম্পটের সাথে জুড়ে দেয়া হয় আমার জীবনটা। আমার মতামত ছাড়া! অবশ্য দেয়ারই তো কথা। আমার মতামতের কি গুরুত্ব আছে? চান্স পেয়েছি নাকি আমি মেডিকেলে? করতে পেরেছি কি সবার স্বপ্ন পুরন? পারি নি তো।

    একদিন সন্ধায় কিছু মহিলা এলো আমাকে দেখতে। প্রায় ৯-১০ জন তো হবেই। বাসার সবাই তাদেরকে খুব আপ্যায়ন করলেন। আমকে সামনে নেয়া হলো। সালাম দিলাম। তাদের প্রশ্নের উত্তর দিলাম হেসে হেসেই। হুট করে আমার নজরে আসলো, তাদের মধ্যে এক মেয়ে আস্তে করে আমার ছবি তুলে নিলো। আমি তাকাতেই ক্যামেরা অফ। কান্না পেলো আমার। যেই আমি আমার পরিচিতদের ফোনেই ছবি তুলি না আমার, যদি পরপুরুষ দেখে কোনভাবে? সেই আমার কিনা আজ এতোটা অধঃপতন!

    কিছু বলি নি তখন। তবে তারা চলে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে এমন একটা কথা শুনলাম, যে আমার মাথা ঘুরে যাওয়ার উপক্রম হলো। জিবনে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি কিনা, তাই হয়তো!

    কবুলের আগে
    পর্ব-১
    -তিতা ফুল

    ( নতুন একটি গল্প শুরু করলাম। আপনাদের পাশে থাকার অনুরোধ থাকবে। এটা খুব বড় হবে না। বাকিটা দেখা যাক)

    6
    11 Comments
    • অসাধারণ হয়েছে।সম্পূর্ণ বাস্তবধর্মী।আমার জীবনে কিছুটা মিল খুজে পাই।

      • মনে করি এদেশে গ্রামাঞ্চলের অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের মেয়েদের মনের কথা এসব!

    • চাপিয়ে দেওয়া স্বপ্নই একদিন হয়ে ওঠে সবচেয়ে একা থাকার কারণ…..🖤

    • তিতা ফুল, আপনি অনেক গভীর আবেগ দিয়ে “স্বপ্নটা যদিও আমার নিজের ছিল না, জোর করে ঢুকিয়ে দেয়া হয়েছিলো মনের ভেতর” লাইনটি যেভাবে তুলে ধরেছেন, তা সত্যিই যেকোনো মধ্যবিত্ত পরিবারের মেয়ের জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

    • মেয়েটার আর্ট করার শখটা এমনে থামায়া দেওয়ার জায়গাটায় কষ্ট লাগলো খুব
      পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম লেখা চালায়া যান

    • ভালো লাগল বেশ। আপনার এই গল্পে এসে লেখার ধরণ একেবারে বদলে গেল আগের সিরিজ থেকে। এই স্টাইল চেইঞ্জ করতে পারাটা খুব প্রশংসনীয়। বলতেই হবে শক্তিসালী লেখনীর অধিকারী আপনি। ২ স্টাইলই ভালো লাগছে। এই সিরিজটাও পড়ার অপেক্ষায় থাকলাম।

    • আপনার লেখাটি খুব গভীর এবং আবেগী, যা এক মুহূর্তেই পাঠকের মনে ছাপ ফেলে যায়। আপনি আপনার মনের অব্যক্ত কথাগুলো যেভাবে সাজিয়ে তুলেছেন, তা সত্যিই দারুণ এবং এই লেখাটি চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক শুভকামনা রইল।

    • গল্পটা দারুণ লাগলো পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ।

Friends

Profile Photo
Ms Rani Khatun Maya
@msranikhatunmaya
Profile Photo
MI Shaikh
@mishaikh
Profile Photo
Misty buri
@misty
Profile Photo
Mashuk Hossain
@mashukhossain
Profile Photo
Noyontara
@bablee
Profile Photo
Sazia Islam Mim
@saziaislammim
Profile Photo
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
Profile Photo
Redowan Hussain
@redowanhussain
Skip to toolbar