Profile Photo

Redwan KhanOffline

  • Redwan-Khan
  • Profile picture of Redwan Khan

    Redwan Khan

    4 years, 10 months ago

    তিনটি কবিতা
    রেদওয়ান খান
    =======================
    ১.
    পূর্ব-পশ্চিম
    করতলে ভুল,রাজকপালেও ঝিকিমিকি ভুল টিকা
    ভালোবাসা ভুল,কথামালা ভুল;সহমরণের শিখা–
    ওঠে নাই জ্বলে দুই দেহ জুড়ে,এক দেহ পুড়ে খাক
    ছলনার জলে সাঁতরিয়ে দেখি– সর্বাঙ্গই না-পাক!

    সোনালি সুতোয় মসলিন বুনে কেটেছি নিজের হাত
    চন্দ্র-কুসুম-স্বপ্ন-বিভোর ঘুমহীন মিছে রাত–
    কাটিয়ে দিয়েছি,জানালায় দেখি– অশরীরি কার ছায়া
    পুলসিরাতের আগুন সাঁকোয় ছিঁটায় ফুলকি-মায়া।

    একবার জ্বলে একবার নিভে চোখের জোনাকগুলো
    ভোরের আলোয় চোখ মেলে দেখি উঠোনে স্বপ্ন-ধুলো
    অভিমান-কাল পেরিয়ে এসেছি,মরণব্যাধিতে ডুবে
    আমি পশ্চিমে নিভেছি আঁধারে,তুমি জ্বলে ওঠো– পুবে!
    =============================
    ২.
    ইচ্ছেরা ম’রে গেলে ফুল ফোটানো যায় না
    রেদওয়ান খান

    ইচ্ছেরা ম’রে গেলে ফুল ফোটানো যায় না।
    তুমি যদি শর্ত দাও তবে কোথাও ফুটবে না জেনো,ইচ্ছে-বকুল
    চোখের বৃষ্টিতে শুধু ধুয়ে যাবে উথলে-ওঠা অভিমান– কিছু ভুল।

    ইচ্ছেগুলো ম’রে গেলে ফুল ফোটানো যায় না।
    তুমি যদি শর্ত দাও,সুন্দর উড়ে যাবে চোখের নিমেষে– দূরে
    জন্ম নেবে সন্দেহকাঁটা স্বতঃস্ফূর্ত বহমান লৌকিক সুরে।

    ইচ্ছেরা ম’রে গেলে কচুরি বাগান ভুলে যায় নীল বালিহাঁস
    করতলে খুন হয় অসীম আকাশ!
    =============================

    ৩.
    অপেক্ষা
    রেদওয়ান খান
    কতবার মনে হয়েছিল,দারুণ খরদাহ শেষে,চৈত্রের অন্তিমে তুমি
    ঠিক বেজে উঠবে ধ্যানমগ্ন বৃষ্টি অবিরল– মোহর-কণিকার মতো!
    তারপর অন্তরে বাহিরে মৃত্যুর উৎসব শেষ হয়ে এলে
    বৃষ্টিস্নাত ছাতিম ফুলের সৌরভে অজ্ঞান হয়ে যাবো আমি!
    ধুয়ে যাবে,মুছে যাবে কলঙ্ক-বিলাপ,চিৎকার,মহামারী-ক্ষত।
    ==============================

    7
    3 Comments
    • প্রতিটি লেখাই অসাধারণ! অনেক দিন বাদে খুব সুন্দর লেখা উপহার দিলেন। আপনার কাছ থেকে বন্ধুত্বের আমন্ত্রন পেয়ে খুব আনন্দ বোধ করছি। একরাশ ভালবাসা ও শুভেচ্ছা নেবেন বন্ধু।

    • সুস্থ থাকুন,সুন্দর থাকুন!

    • সুন্দর লেখা আগামীর শুভেচ্ছা

Skip to toolbar