-
(প্রবন্ধ)
‘ভালোবাসার আড়ালে এক রহস্যময় পৃথিবী’
……… সফিকুল ইসলাম শিল্পী,
৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ।কখনো কখনো মনে হয়, পৃথিবীতে কিছু মানুষ আসে আমাদের হৃদয়ের ভেতর অদৃশ্য একটি জানালা খুলে দিতে।
তাদের আগমনের আগে জীবন ঠিকই চলছিল। সকাল হতো, সন্ধ্যা নামত, বৃষ্টির ফোঁটায় উঠোন ভিজে উঠত। তবু কোথায় যেন একটা শূন্যতা থেকে যেত। তারপর হঠাৎ কারও চোখের দিকে তাকিয়ে মনে হয়, এই দৃষ্টির সঙ্গে বুঝি বহু জন্মের পরিচয়।
তার হাসিতে এমন এক মায়া থাকে, যা অচেনা পৃথিবীকেও আপন করে তোলে।
অথচ নিয়তির কী অদ্ভুত পরিহাস, যাকে একদিন নিজের পৃথিবী মনে হয়, একসময় সে-ই সবচেয়ে দূরের মানুষ হয়ে ওঠে…………..।
ভালোবাসা কি পাশাপাশি হাঁটার নাম?
নাকি দূরে থেকেও কারও অস্তিত্ব নিজের ভেতর অনুভব করার এক নিঃশব্দ অভ্যাস?
আমার কাছে ভালোবাসা এমন এক অনুভূতি, যার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই।সেখানে অধিকার আছে, কিন্তু শিকল নেই।
অভিমান আছে, কিন্তু প্রতিশোধ নেই।ভালোবাসার মানুষ পাশে থাকলে পৃথিবীকে নতুন করে দেখতে ইচ্ছে করে।
আর সে দূরে চলে গেলে চেনা দৃশ্যগুলোও কেমন অচেনা হয়ে যায়। চায়ের কাপের ধোঁয়া, ঘড়ির কাঁটার শব্দ, এমনকি সন্ধ্যার নিস্তব্ধতাও তখন একাকিত্বের ভাষায় কথা বলে।
তোমাকে প্রথম দেখার দিনটি আজও মনে পড়ে। তোমার হাতে ধরা কাগজের কোণটি বাতাসে কেঁপে উঠছিল, আর তুমি আঙুল দিয়ে সেটি সামলে নিচ্ছিলে।
তোমার মুখে এসে পড়া একফালি আলো আমার কাছে গোটা বিকেলের সৌন্দর্য হয়ে উঠেছিল। তোমার চোখে কী ছিল, আজও জানি না।
কোনো গোপন বিষাদ, নাকি আমার কল্পনায় আঁকা এক টুকরো স্বপ্ন?
তোমার চুলে বাতাসের দুষ্টুমি, ঠোঁটের কোণে মৃদু হাসি, হঠাৎ চুপ করে যাওয়ার ভঙ্গি- সবকিছুই আমার স্মৃতিতে একান্ত ব্যক্তিগত কবিতার মতো রয়ে গেছে।সেদিন বাড়ি ফিরে তোমার বলা একটি সাধারণ বাক্যও বারবার মনে পড়ছিল। জানালার পাশে বসে দেখেছিলাম, সন্ধ্যার আলো দেয়াল থেকে সরে যাচ্ছে। তোমার মুখের সেই মিষ্ট আলো আমার ভেতরে রয়ে গেছে।
রাতে বাতাসের সাথে সব যেন ঠান্ডা হয়ে আসছিলো। ফোনটি নিঃশব্দে পড়ে ছিল।
তবু মনে হচ্ছিল, তোমার কণ্ঠস্বর এখনো ঘরের বাতাসে ভাসছে।
তখনই বুঝেছিলাম, কিছু মানুষ চলে যাওয়ার পরও থেকে যায়- ঘরের প্রতিটি কোণে প্রতিটি নিঃশ্বাস……।কখনো কল্পনা করি, বহু বছর পর কোনো অচেনা পথে আবার আমাদের দেখা হবে।
তোমার চুলে রুপালি আভা। আমার চোখে সময়ের ক্লান্তি। তবু তোমার দিকে তাকালে ফিরে আসবে সেই প্রথম বিকেল।এমন দিনও কি আসবে, যখন তোমার নাম উচ্চারণ করেও বুকের ভেতর কোনো ঢেউ উঠবে না? স্মৃতি কি সত্যিই মুছে যায়, নাকি মানুষ কেবল তার সঙ্গে বেঁচে থাকার কৌশল শিখে নেয়?
পৃথিবী বড় রহস্যময়।
একই ছাদের নিচে থেকেও দুটি হৃদয় কখনো হাজার মাইল দূরে চলে যায়।
আবার কেউ বহুদূরে থেকেও মনের এত কাছে থাকে যে তার নীরবতাও অনুভব করা যায়। তোমার সঙ্গে আমার সম্পর্কেও হয়তো এমন অদৃশ্য দেয়াল তৈরি হয়েছিল।ভালোবাসা থাকলে সব ভুল বোঝাবুঝি একদিন মুছে যাবে। তাই বারবার নিজের অনুভূতি বুঝিয়েছি, তোমার নীরবতাকে ব্যস্ততা ভেবেছি, নিজের কষ্ট লুকিয়ে তোমার হাসির কারণ হতে চেয়েছি………………।
মনে আছে বাইরে টিনের চালে বৃষ্টির শব্দ বাড়ছিল, জানালা দিয়ে ভেজা মাটির গন্ধ আসছিল।
রাত পেরিয়ে ভোর হলো, কিন্তু তোমার কোনো খোঁজ খবর এল না।
সেই ফ্যাকাশে আলোয় প্রথম উপলব্ধি করলাম- অপেক্ষারও একসময় ক্লান্তি আসে।
একজন মানুষের সমস্ত আন্তরিকতা দিয়ে দুটি হৃদয়ের দূরত্ব মাপা যায় না।
যে শুনতে চায় না, তার কাছে সবচেয়ে সুন্দর কথাটিও অর্থহীন হয়ে পড়ে…….।
তাইনা?তবু তোমার ভালোবাসাকে আমি ব্যর্থ বলতে পারি না।
তোমার অনুপস্থিতিতে বৃষ্টির শব্দে অপেক্ষা শুনেছি। সন্ধ্যার ম্লান আলোয় বিষণ্নতার রং দেখেছি।
চাঁদের দিকে তাকিয়ে দূরত্বের গভীরতা বুঝেছি। একই সঙ্গে শিখেছি, ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে গড়ে তোলা নয়।
তার স্বাধীনতা ও স্বপ্নকে সম্মান করাও ভালোবাসার মহত্ত্ব।যে মানুষটি অন্য কোনো আকাশের নিচে নিজের পৃথিবী খুঁজে নিয়েছে, তাকে আটকে রাখার অধিকার আমার নেই। নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে কারও কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টাও ভালোবাসার পূর্ণতা নয়।
জীবন কারও জন্য থেমে থাকে না।
নদী পুরোনো জল হারিয়ে নতুন স্রোতে এগিয়ে চলে। শুকনো পাতার পাশে নতুন ঘাস জন্মায়।
মানুষের বুকেও একসময় বেঁচে থাকার নতুন ইচ্ছা জাগে।
তবু পুরোনো কোনো গানের সুর, বৃষ্টিভেজা বিকেল কিংবা পরিচিত কোনো গন্ধ হঠাৎ অতীতের দরজা খুলে দেয়।
মনে হয়- তুমি বুঝি পাশের ঘরেই আছ, শুধু জানালা খুলে তাকালেই হয়ত দেখা যাবে……………………।হয়তো কোনো একদিন তুমি -আমার লেখা পড়বে। কোনো নিঃসঙ্গ রাতে একটি বাক্যে নিজের ছায়া খুঁজে পাবে।
বুঝতে পারবে, এই শব্দগুলোর আড়ালে লুকিয়ে আছে সেই মানুষটি।
যে তোমাকে ঘিরেই একসময় তার ভবিষ্যৎ কল্পনা করেছিল। সেদিন হয়তো তোমার চোখের কোণে একফোঁটা জল জমবে।
কিন্তু সেই অশ্রু মুছে দেওয়ার জন্য আমি আর পাশে থাকব না।
সময়ের নিষ্ঠুর পরিহাস বোধ হয় এটাই- কখনো কখনো মানুষ অনুভূতির গভীরতা বুঝতে শেখে, যখন সেই অনুভূতির মানুষটি অনেক দূরে সরে গেছে।একসময় তোমাকে হারানোর ভয় আমাকে তাড়া করত। আজ বুঝি।
তোমাকে হারানোর চেয়েও ভয়ংকর ছিল তোমাকে ধরে রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা।আমি ভালোবাসা চেয়েছিলাম, করুণা নয়। একটু মনোযোগ চেয়েছিলাম, অবহেলার ব্যাখ্যা নয়।
কতবার ভেতরে ভেঙে পড়েও স্বাভাবিক থাকার অভিনয় করেছি, তা হয়তো তুমি কোনো দিন জানবে না।
মাঝেমধ্যে কল্পনা করি……….!
কোনো এক বিকেলে হঠাৎ হয়ত তোমার সঙ্গে দেখা হয়ে গেল।
তুমি হাসিমুখে জিজ্ঞেস করলে, কেমন আছ?
আমিও মৃদু হেসে উত্তর দিলাম।……….. তারপর দুজনেই নিজ নিজ পথে চলে গেলাম। আমাদের মাঝখানে পড়ে রইল এক অসমাপ্ত পৃথিবী। যেখানে একসময় কত স্বপ্নের জন্ম হয়েছিল।
কিছু বিচ্ছেদে দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা যায় না শুধু একদিন আবিষ্কার করা যায়। পাশাপাশি হাঁটার পথে এখন একটিই পদচিহ্ন।
যদি কোনোদিন আমার কথা মনে পড়ে…………!
তবে আমাকে খুঁজতে এসো না। হয়তো তত দিনে আমি অনেকটা পথ এগিয়ে গেছি।
শুধু মনে রেখো, একসময় অসংখ্য মানুষের ভিড়ে একজন মানুষ ছিল, যে তোমার সামান্য হাসির জন্য নিজের বিষণ্নতা আড়াল করতে পারত।
তোমার চোখের দিকে তাকিয়ে যে জীবনের শেষ ঠিকানা খুঁজেছিল, অথচ একদিন নিজের ভবিষ্যৎ থেকে তোমার নাম সরিয়ে নিতে বাধ্য হয়েছিল।
তোমাকে ভুলে যাওয়ার জন্য বাঁচতে শিখিনি, তোমাকে মনে রেখেও কীভাবে জীবন এগিয়ে নিতে হয়। সেটাই শিখেছি……….।
হয়তো একদিন সব অভিমান ফুরিয়ে যাবে।
মুছে যাবে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা।
থেকে যাবে কেবল একসময় গভীরভাবে ভালোবেসে ফেলার নীরব স্বীকারোক্তি।
হয়তো আমাদের ভালোবাসার সবচেয়ে গভীর পরিণতি এখানেই- তুমি এসেছিলে আমার জীবনে একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি হয়ে।
আর রয়ে গেলে এমন এক স্মৃতি হয়ে, যার কাছে ফিরে যাওয়ার কোনো পথ নেই।
একদিন পৃথিবীর সব মানুষ আমার নাম ভুলে যাবে।সময় মুছে দেবে আমার অস্তিত্বের শেষ চিহ্নটুকুও।
তবু আমার জীবনের কোনো এক নিভৃত বিকেলে তোমাকে ভালোবাসার সেই মানুষটি হয়তো আবারও ফিরে তাকাবে অতীতের দিকে।
তোমার ফিরে আসার আশায় নয়, বরং সেই হারিয়ে যাওয়া দিনগুলোর জন্য।
যখন তোমাকে পাশে পেয়েই মনে হতো………,
এই পৃথিবীতে বেঁচে থাকাটা সত্যিই অনেক সুন্দর….।।
……………সইশি,3 Comments-
আপনার এই চমৎকার রচনায় “তোমার মুখে এসে পড়া একফালি আলো আমার কাছে গোটা বিকেলের সৌন্দর্য হয়ে উঠেছিল”- এই লাইনটি আমার হৃদয়ে গভীর এক ভালোলাগার ছোঁয়া দিয়ে গেল এবং আপনি যেভাবে আবেগের সূক্ষ্ম সুতোগুলোকে সাজিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে, তাই সামনের দিনগুলোতে আপনার লেখনী থেকে এমন আরও হৃদয়স্পর্শী সৃষ্টি পাওয়ার অপেক্ষায় রইলাম।
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
Alamgir Job
@alamgirjob
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Eqbal Hossain
@eqbalhossain
GIFARI
@gifari
Redowan Hussain
@redowanhussain


‘কিছু মানুষ চলে যাওয়ার পরও থেকে যায়’ — স্মৃতির এই স্থায়িত্ব আমাদের অনেকেরই চেনা অনুভূতি।