-
আলোর রেখা ও চার জীবনের গল্প
খালপাড়ের ধূলিউড়ানো মেঠো পথ ধরে হেঁটে গেলে হাতের বাঁয়ে পড়ে চার-পাঁচটি ছনে ছাওয়া ঘর। বর্ষায় ছাদের ফুটো দিয়ে পানি পড়ে ঘরের ভেজা মাটিতে কাদাপানি জমে, আর শীতের রাতে বাঁশের বেড়ার ফাঁক গলে নোনা বাতাস হাড় কাঁপিয়ে দিয়ে যায়। এই ভিটেগুলো রহমত, রহিমুদ্দি, সুফিয়া আর কাসেমের। নুন আনতে পান্তা ফুরানো যাদের নিত্যসঙ্গী, ভাগ্যের চাকা ঘুরিয়ে এক মুঠো সুখে জীবন বাঁচানোই ছিল তাদের প্রতিদিনের সংগ্রাম।
রহমত আলী পেশায় কাঠমিস্ত্রি। দিনভর অন্যের বাড়ি বয়ে নিয়ে যাওয়া ভারী কাঠের চাল চেঁছে চেঁছে তার হাতে কড়া পড়ে গেছে। হাতের বাটাল আর করাত দিয়ে নিখুঁত নকশা তোলার অদ্ভুত এক জাদুকরী ক্ষমতা আছে তার, কিন্তু বিদ্যুৎ না থাকায় স্রেফ হাতে চালানো যন্ত্র দিয়ে দিনে একটার বেশি চেয়ার বা পিঁড়ি তৈরি করা তার পক্ষে অসম্ভব ছিল।
পাসের ঘরের সুফিয়া বেগম বিধবা হওয়ার পর থেকে দুই ছেলেমেয়েকে নিয়ে সেলাই মেশিনের ওপর ভর করে বাঁচবার চেষ্টা করছিলেন। প্যাডেল ঘুরিয়ে ঘুরিয়ে পায়ে ব্যথা জমে যেত, তার ওপর রাতে কুপি বা হারিকেনের আবছা আলোতে সুঁচ ফুটাতে গিয়ে চোখ দুটো ঝাপসা হয়ে আসত। দিনে তিন-চারটির বেশি কাপড়ের অর্ডার তিনি সামলাতে পারতেন না।
রহিমুদ্দির স্বপ্ন ছিল আলাদা। সে নদীর ঘাট থেকে আনা তাজা মাছ প্রক্রিয়াজাত করে দূরের বাজারে বিক্রির জন্য ছোট একটি বরফকল আর শুঁটকি প্রক্রিয়াকরণ কেন্দ্র করার কথা ভাবত। আর তরুণ কাসেম চেয়েছিল ধান-গম ভানানোর একটি ছোট্ট কুটির চাতাল দিতে, যাতে পুরো পাড়ার মানুষকে আর বহুদূরের রাইস মিল পর্যন্ত ছুটতে না হয়।
সবকিছুই আটকে ছিল একটা অদৃশ্য দেয়ালে—গ্রামের মোড়ে মোড়ে কাঠের খুঁটি আর তার টানানো হলেও ঘরে ঘরে বিদ্যুতের দেখা ছিল না।
অপেক্ষার প্রহর শেষ করে অবশেষে যেদিন গ্রামে বিদ্যুৎ এলো, সেদিন শুধু কাঁচের বাতি জ্বলে ওঠেনি, সেই আলোতে ভেসে উঠেছিল এই চার পরিবারের চোখে লেগে থাকা একগুচ্ছ স্বপ্ন।
রহমত আলী তার সামান্য জমানো টাকা আর গাঁয়ের সমিতির ঋণ মিলিয়ে কিনে আনলেন একটি ইলেকট্রিক উড কার্ভিং আর কাটিং মেশিন। যে কাজ হাতে করতে দু’দিন লাগত, তা এখন কয়েক ঘণ্টাতেই হয়ে যেতে লাগল। খাটের পায়া আর দরজার ফ্রেমে তার হাতের নিখুঁত নকশা ছড়িয়ে পড়ল পাশের হাটেও। রহমতের দোকানে কাজের চাপ সামলাতে সে গ্রামের আরও দুজন বেকার ছেলেকে সাথে যুক্ত করে নিল।সুফিয়া বেগম তার পুরোনো সেলাই মেশিনে লাগালেন ছোট্ট একটি মোটর। হারিকেনের জায়গা নিল মাথার ওপরের উজ্জ্বল এলইডি বাল্ব। রাতে ছেলেমেয়েরা যখন পড়ার টেবিলে নিশ্চিন্তে পড়াশোনা করছে, তখন সুফিয়া নিরবচ্ছিন্নভাবে বুটিকের কাজ চালিয়ে যাচ্ছেন। আগের চেয়ে তাঁর দৈনিক উৎপাদন বেড়ে গেল তিনগুণ। এলাকার অন্য নারীদেরও তিনি সেলাইয়ের কাজে যুক্ত করে একটি ছোট্ট সমবায় দল গড়ে তুললেন।
রহিমুদ্দি ছোট্ট একটি ফ্রিজিং ব্যবস্থা করে মাছের ব্যবসার প্রসার ঘটাল, আর কাসেম ছোট একটি ভাঙানোর কল বসিয়ে গ্রামের কৃষকদের বড় স্বস্তি এনে দিল। এক বছরের মাথায় ভিটেগুলোর চেহারাই বদলে গেল—গোলপাতার চালে উঠলো টিন, পেটের ক্ষুধা মেটানোর চিন্তা দূর হয়ে সেখানে ঠাঁই নিল ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর আনন্দ।
কিন্তু জীবন তো মসৃণ পথ নয়। আসল চ্যালেঞ্জ নেমে এলো কিছুদিন পর থেকে, যখন হঠাৎ করেই বিদ্যুতের দেখা পাওয়া ভার হয়ে উঠল।দিনের পর দিন সকালে বিদ্যুৎ গিয়ে ফেরে গভীর রাতে। আবার কখনো টানা দুই-তিন দিন কোনো খবরই নেই। রহমতের অর্ধেকের বেশি তৈরি হয়ে থাকা খাটের অর্ডার আটকে গেল, কাঠের কাটিং বন্ধ হয়ে কাজ হাতছাড়া হতে লাগল। সুফিয়ার মেয়াদি অর্ডারের কাপড় সময়মতো দিতে না পেরে কাস্টমারের কটু কথা শুনতে হলো, মেশিন স্তব্ধ হয়ে রইল। কাসেমের চাতালে ধান-গম জমে গিয়ে পচনের ঝুঁকি তৈরি হলো, আর রহিমুদ্দির জমানো মাছ নষ্ট হওয়ার উপক্রম হলো।
উপার্জনের পথ বন্ধ হয়ে আসায় আবার এক অনাকাঙ্ক্ষিত আঁধার নেমে এলো তাদের সংসারে। কিস্তির টাকা শোধ করা আর প্রতিদিনের চাল-ডালের হিসাব মেলানোই হয়ে উঠল পরম যুদ্ধ।
রহমতদের এক জায়গায় বসে কপাল চাপড়ানোর সময় ছিল না। তারা বুঝল, শুধু এই অনিশ্চিত পাওয়ার সাপ্লাইয়ের ওপর হাত গুটিয়ে বসে থাকলে তাদের পেটে ভাত জুটবে না, এতদিনের গড়ে তোলা স্বপ্ন এক পলকে ধূলিসাৎ হয়ে যাবে।
চার পরিবার এক উঠানে এসে বসল। রহিমুদ্দি বলল, “অপেক্ষা কইরা বইসা থাকলে আমাগো ছাওয়াল-পাইয়াল না খাইয়া মরবে। উপায় আমাগোই বের করতে হবে।”তারা নিজেদের স্বল্প সঞ্চয় এক করল। বড় কোনো জেনারেটর কেনার সামর্থ্য তাদের একার ছিল না, তাই রহমত, সুফিয়া, কাসেম আর রহিমুদ্দি মিলে যৌথভাবে একটি ছোট ডিজেল চালিত জেনারেটর ভাড়ায় সাময়িকভাবে জোগাড় করার সিদ্ধান্ত নিল। বিদ্যুৎ চলে গেলে তারা ভাগ করে সময় নির্ধারণ করে নিল—কখন রহমতের করাত চলবে, কখন সুফিয়ার মেশিন আর কখন কাসেমের মিল।
খরচ কিছুটা বাড়ল, লাভের গুড় কম হলো, কিন্তু তাদের কাজের চাকা সচল রইল। এরপর তারা রূপালী ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের সহায়তায় এবং গ্রামের যৌথ উদ্যোগে চালের ওপর ছোট সোলার প্যানেল বসানোর কাজে হাত দিল।
পরশ্রমে কখনো পরাজয় থাকে না। নানা সংকট, পাওয়ার কাটের অনিশ্চয়তা আর কঠিন বাধা পার করে চার অতি দরিদ্র পরিবার আজ নিজেদের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়েছে। রহমতের দোকানে আজ পাঁচজন কারিগর কাজ করে, সুফিয়ার সেলাই কেন্দ্রে গ্রামের দশজন নারী স্বাবলম্বী, কাসেমের চাতাল আজ পাড়ার অন্যতম ভরসা আর রহিমুদ্দির মাছের ব্যবসা ছড়িয়ে পড়েছে উপজেলার গণ্ডি পেরিয়ে।তাদের জীর্ণ ছনের ঘরগুলো আজ আর শুধুই বেঁচে থাকার আশ্রয় নয়; সেগুলো এখন গ্রামটার অর্থনৈতিক উন্নতির অনুপ্রেরণা। তারা প্রমাণ করে দিয়েছে—আলো যদি সুযোগ এনে দেয়, তবে সেই সুযোগকে আঁকড়ে ধরে নিজেদের ভাগ্য বদলে ফেলার মূল শক্তিটা মানুষের ভেতরের অদম্য ইচ্ছাশক্তি আর পরস্পরের হাত ধরে এগিয়ে যাওয়ার মানসিকতার মধ্যেই লুকিয়ে থাকে।
7 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Eqbal Hossain
@eqbalhossain
মেহেদী মারুফ
@maruf1
Rumin
@rumin
অস্ট্রিক মাসুদ
@masudaustrikgmail-com
Rajib M Sarker
@sarkerr-rrajiv
সিরাজুল ইসলাম
@sherajulislam


nice