Profile Photo

Abrar Jahin RatulOffline

  • Abrar123
  • Profile picture of Abrar Jahin Ratul

    Abrar Jahin Ratul

    4 years ago

    ছোটবেলায় লোডশেডিং এর রাতগুলোতে আম্মু হাতপাখা দিয়ে বাতাস করতো। আমি আধোঘুমে আধো জাগরণে তা অনুভব করতাম। ঘরময় অন্ধকার। বাহিরে ঝি ঝি পোকার একটানা শব্দ। দূরের মাঠ থেকে একটা দুটো শিয়াল ডেকে উঠতো। কোন কোনদিন অনেক দূরের অস্পষ্ট কোন মাহফিলের আওয়াজ শোনা যেত।

    তখনকার দিনগুলোতে একটু বৃষ্টি হলেই কারেন্ট থাকতো না। মোমবাতি অথবা হারিকেনের আলোয় পড়তাম, হাতের লিখা লিখতাম। মা পাশে বসে সেই হাতপাখা দিয়ে ধীরে ধীরে বাতাস করতো। পড়া শেষ হলে উঠানের লম্বা বেঞ্চিতে যেয়ে বসতাম। সাথে আরো অনেকে। আকাশে মেঘের ভাজে ভাজে চাঁদের আলো। বৃষ্টিভেজা বাতাসে কামিনী ফুলের গন্ধ আর মাটিতে আমরা কিছু বন্ধুর মত মানুষ। গল্প হতো, গান হতো। এই সব মিলিয়ে লোডশেডিংটা কাটিয়ে দিতাম।

    আজকের শহুরে শিশু কিশোররা এসব চিন্তাও করে না। এখন কত রকমের চার্জার ফ্যান, চার্জার লাইট, এল.ই.ডি লাইট। কত রকমের আলো। অথচ ছোটবেলায় সেই মোমবাতির আলোয় দেখা দারিদ্র্যটুকু এখন জীবনের পরম ঐশ্বর্য্য বলে বোধ হয়। মনে হয় শৈশবের সেই দরিদ্রতাটুকুর উপর ভালবাসা অনুভব করি বলে আজও মাটির কাছাকাছি যেয়ে খালি পায়ে দাঁড়াতে পারি।ঘাসের বক্তব্য শুনতে পারি। নিজের শিকড়কে স্বীকৃতি দিতে পারি নির্দ্বিধায়।

    সেইসব সময়, সেই ছোট ছোট আনন্দের সংগ্রহগুলো আর সেইসব কাছের মানুষেরা আজ কোথায়!

    প্রিয় মানুষ, প্রিয় জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। সুখের মুহূর্তগুলো ছোট হয়ে আসছে। হারানোর তালিকাটা লম্বা হচ্ছে আস্তে আস্তে। তবুও জীবন থেমে নেই। হয়তো পুরনো জিনিস হারায় বলে নতুন জিনিস জায়গা পায়।

    আহা! কবিতার মত ছন্দময় জীবনটা গল্প আর উপন্যাসে কেমন জানি খরচ হয়ে যায়…

    হাতপাখা
    ২৮ শ্রাবণ, ১৪২৯

    5
    7 Comments

Abrar Jahin Ratul

A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature

Skip to toolbar