-
রাক্ষস
চার মাসের দুধের সন্তানকে বাড়ীতে রেখে ইট ভাটায় কাজ করতে এসেছে আঙ্গুরী। চৈত্র মাসের তপ্ত রোদে ইট টানতে টানতে হাঁসফাস করছিল সে। গতরাতে ওর স্বামী মালেক বেদমভাবে পিটিয়েছে। বেকায়দাভাবে মারার ফলে সারা শরীরে প্রচন্ড ব্যাথা করছিল। তার উপর এই রোদে সে তাল মিলিয়ে অন্যদের সাথে কাজ করতে পারছিল না। এক সাথে ৬জন মহিলা কাজ করছিল। দুজন দুজন করে ছালার মধ্যে জমিতে বিছানো শুকনো ইট তুলে একখানে খামাল দিচ্ছিল। ওর সাথে কাজ করছিল পাশের গ্রামের হালিমা। সে বিরক্ত হয়ে বলল, ‘তুমি দেখছি কাজ করবার পারবা না। এত দম নিলে আমারেও কাজ থাইকা ছাইড়া দিবো। হইছে কি তোমার।’
আঙ্গুরী ব্যাথা সহ্য করে বলল, ‘কাল রাইতে আমার সোয়ামি ভীষণ মাইর মারছে। শরীলটা খুব ব্যাথা করছে।’
হালিমা মুখে হাত দিয়ে বলল, ‘ওমা এই অবস্থায় কেউ কামে আহে। কি করে তোমার সোয়ামি?’
আঙ্গুরী দাঁতে দাঁত চেপে বলল, ‘বাসের কন্ডাক্টর।’
হালিমা চোখ কপালে তুলে বলল, ‘তাই কও। ব্যাডায় নেশা-ভাঙ করে বোধহয়!”
আঙ্গুরী কোন উত্তর দিল না। এমন সময় লেবার সর্দার আকমলের চ্যালা জয়নাল এগিয়ে এল। সে মুখ খারাপ করে বলল, ‘বাইনচোতরা গাল-গল্প মারাও। এহানে তোমাগো চেহারা দেইখা মালিক টেকা দিবো নাকি! কাম করো নইলে ঘাড় ধইরা তাড়ায়া দিমু।’
হালিমা হাসতে হাসতে বলল, ‘জয়নাল ভাইগো এ্যাত আগ করেন ক্যা। একটু মিঠা কথা কবার পান না।’
জয়নাল চোখমুখ পাকিয়ে বলল, ‘আহারে আমার পীড়িতের ভাইগো। তোমারতো রসকষ সব হুকাইয়া গেছে। তোমার পীড়িতের কথা ক্যাডা হোনে।’
এরপর জয়নাল আঙ্গুরীর সারা শরীরের দিকে তাকিয়ে লোভীর মত ওর বুকের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। বুঝতে পেরে শরীরের কাপড় ঠিকঠাক করে নিয়ে উঠে দাঁড়াল আঙ্গুরী। জয়নাল যতক্ষণ দেখা যায় ততক্ষণ আঙ্গুরীর পশ্চাৎদেশের দিকে লোভাতুর চোখে তাকিয়ে রইল।
হালিমা যেতে যেতে বলল, ‘মাইয়া ওই ব্যাডা থাইকা সাবধান থাইকো। সুযোগ পাইলেই ছোবল মারবো।’
তারপর সে এক মহিলার দিকে তাকিয়ে বলল, ‘ওই যে ফরিজনরে দেখছো। হের তের বছর বয়সী মাইয়াডারে গত মাসে খামালের ফাঁকে নিয়া কুকাম করছে। পরে আড়াই হাজার টেকা দিয়া মুখ বন্ধ করছে। হেরা সাপের চাইতে বিষাক্ত। খারাপ। তোমার বয়স কম, শরীরে যৌবন আছে একটু চোখমুখ খোলা রাইখো। পরে আমাগো দোষ দিতে পারবা না।’
শরীরে ব্যাথা নিয়ে দুপুর পর্যন্ত কাজ করল আঙ্গুরী। বড় ছেলে মনতাজ দুধের শিশুকে নিয়ে মায়ের কাছে এল। অল্প একটু ভাত আর লাউশাক নিয়ে এসেছিল। তাই দিয়ে মা-ছেলে দুপুরের আহার সারল। এরমধ্যে দুবার জয়নাল এদিকে চক্কর দিয়ে গেছে। আঙ্গুরী বেশ বুঝতে পারল এখানে তার কাজ করা উঠে গেছে। এখানে থাকলে মান-সম্মান নিয়ে থাকা যাবে না। এক ঘন্টার খাবারের বিরতী ছিল। মনতাজ খেয়ে দেয়ে ম্যানেজারের রুমের দিকে গেল। আঙ্গুরী দুই সারি ইটের খামালের আড়ালে কোলের শিশুকে দুধ খাওয়াচ্ছিল। এখন শরীরের ব্যাথার পাশাপাশি মাথাটাও ঝিমঝিম করছে। গতরাতে মনতাজের বাপে মদ খাইয়া বাড়ীতে আইছিল। সারাদিন কাজ করে ভীষণ ক্লান্ত ছিল আঙ্গুরী। মাতাল লোকটা দিগ্বিদিক হারিয়ে ঘুমন্ত আঙ্গুরীর উপর পুরুষত্ব ফলাচ্ছিল। ঘুম ভেঙ্গে আঁতকে উঠে লোকটাকে ধাক্কা দিয়েছিল সে। ছোট্ট বাশের বিছানা। ধাক্কা খেয়ে নীচে মাটিতে পরে গেছিল লোকটা। এরপর উঠে দাঁড়িয়ে সমানে ঘুষি মেরেছিল সে। মারতে মারতে ক্লান্ত হয়ে তারপর থেমেছিল। এসময় কুৎসিত ভাষায় গালিগালাজ করছিল। সেগুলো মুখে নেয়া যাচ্ছিল না।
রাতের কথা ভেবে বুকটা মোচড় দিয়ে উঠল আঙ্গুরীর। লোকটা রাক্ষসের মত ওর উপর ঝাঁপিয়ে পরেছিল। একজন ঘুমন্ত মানুষের উপর কেউ কি এমন কাজ করে। বাচ্চাটা বোধহয় বুকের মধ্যে দুধ পাচ্ছিল না। সেও বাপের মত আচরণ করছিল। ভীষণ ক্লান্ত আঙ্গুরীর চোখমুখ ছাপিয়ে ঘুম আসছিল। কিছুতেই ঘুম আটকাতে পারছিল না সে। এক সময় ক্লান্ত বিষন্ন বধুটি ঘুমের রাজ্যে হারিয়ে গেল। তখন পয়ত্রিশ মিনিটের মত কেটে গেছে। বাকী মহিলারা দুপুরের খাবার খেয়ে ইটভাটার কাছে রাস্তায় পান দোকানে পান খেতে চলে গিয়েছিল। মনছুরও তাদের সাথে এগিয়ে গেল।
হঠাৎ শরীরে পাথরের মত ভারী কোন কিছুর স্পর্শ অনুভব করল সে। কেউ ওর বুকের উপর খারাপ উদ্দেশ্য নিয়ে চেপে বসেছে। দম বন্ধ হয়ে আসছিল আঙ্গুরীর। মানুষটা পাগোলের মত ওর শরীরের স্পর্শকাতর জায়গাগুলোয় হাতাহাতি করছে। রাগে ক্ষোভে দৃ:খে দু’হাত দিয়ে লোকটাকে সরাতে চেষ্টা করল সে। কিন্তু অসুরের মত শক্তি নিয়ে লোকটা ওর শরীরের নীচের দিকের শাড়ী নিয়ে টানাটানি শুরু করল। শক্তিতে কূলে উঠতে না পেরে কাকুতি মিনতি করল সে। কিন্তু কোনভাবেই তাকে টলানো যাচ্ছিল না। দম বন্ধ হয়ে মারা যাওয়ার মত অবস্থা হওয়ায় হাল ছেড়ে দিল আঙ্গুরী। একটা রাক্ষস যেন ওর শরীরটাকে দুমড়ে মুচড়ে নারকেলের ছোবড়ার ছিঁড়ছিল। চরম ঘেন্নায় মরতে ইচ্ছে করছিল আঙ্গুরীর। একসময় ক্লান্ত হয়ে লোকটা শরীরের উপর থেকে নেমে গেল। চোখ বন্ধ করে ছিল আঙ্গুরী। চোখটা খুলতেই কয়েক ফোঁটা গড়ম জল গাল বেয়ে নীচে পরে গেল। হঠাৎ সন্তানের কথা মাথায় ঢুকতেই সে চারপাশে তাকাল। একটা গামছার নীচে শিশুটি ফ্যালফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে আছে। উঠতে গিয়ে চক্কর খেয়ে আবার শুয়ে পরল সে। তারপর ডানদিকে শরীর ঘোরাতে মাটির মধ্যে একশ টাকার একটা নোট দেখতে পেল সে। দেখেই শরীরের রক্ত টগবগিয়ে ফুটে উঠল। রাগে ক্ষোভে একশ টাকার নোটটা ছিঁড়ে কুচি কুচি করার চেষ্টা করল সে। দুর্বল হাতে নোটটা ছিঁড়তেই পারল না সে। এসময় দুধের শিশুটা কেঁদে উঠল। প্রচন্ড যন্ত্রণা নিয়ে সোজা হয়ে বসার চেষ্টা করল আঙ্গুরী।
তারপর একটা অশরীরী শক্তি ভর করে কোলের বাচ্চাকে নিয়ে ইটভাটার ম্যানেজারের রুমে এগিয়ে গেল সে। চোখ মুখ জ্বলজ্বল করছে। এই চরম অন্যায় কোনভাবেই মেনে নেবে না সে। ঘরে বাইরে যেসব রাক্ষস আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। টলোমলো কিন্তু দীপ্ত পায়ে ম্যানেজারের রুমের দিকে এগুতে থাকল সে।
সমাপ্ত।15 Comments-
-
-
আপনার গল্পখানি পড়লাম… এ ঘটনা আবহমান কাল ধরে ঘটেই চলেছে আমাদের অভিভাবকহীন সমাজে… এ চিত্র গল্পে উপন্যাসে উঠে আসবে এটাই স্বাভাবিক…
দৃশ্যক্রমগুলোর প্রবাহ সঠিক থাকলে’ও সঠিক স্থানে সিক্যোয়েন্স শিফটিং প্যারা ব্রেক না থাকার কারণে দৃশ্যের ধারাবাহিকতা ক্ষুন্ন হয়েছে… এছাড়া অবশ্যই সরাসরি চারিত্রিক সংলাপগুলো কোটেশ্যনভুক্ত না হওয়ায় গল্পের আঙ্গিক সৌন্দর্য’ও ক্ষুন্ন হয়েছে বলে আমার মনে হয়েছে… যদিও আমি কারো লেখার মধ্যে বানান বিভ্রাট হলে সেটা কোনো সমস্যা বলে মনে করিনা তবুও আপানার মতামত অনুযায়ী নিচে গল্পের কিছু টাইপো তুলে ধরলাম, জানি আপনি খুশি ছাড়া বিব্রত হবেন না…
ব্যাথা > ব্যথা, সড়াতে > সরাতে, ঝাঁপিয়ে পরেছিল > ঝাঁপিয়ে পড়েছিল, গড়ম জল > গরম জল, নীচে পরে গেল > নিচে পড়ে গেল, নারকেলের ছোবরার ছিড়ছিল > নারকেলের ছোবড়ার মতো, একশ টাকার নোকটা > একশ টাকার নোটটা, আবার শুয়ে পরল সে > আবার শুয়ে পড়ল সে-
আপনাকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি আমি আজ ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে দ্রুততালে লিখে তুলটে দিয়ে অন্য কাজে চলে গিয়েছিলাম। নিজেও ভাল করে পড়িনি। ফলে মনটা খচখচ করছিল। এখন তুলট ওপেন করে প্রথম আপনার লেখাটি মনযোগ দিয়ে পড়লাম। সত্যিকারের বন্ধু না হলে এমন করে কেউ ভুলগুলো ধরিয়ে দিত না। আমি নিজেই একজন খুঁতখুঁতে মানুষ। সারাক্ষণ অন্যের লেখা নিয়ে মনের অর্গল খুলে লেখি। আজ নিজের লেখার দুর্বলতাটুকু দেখতে পেয়ে নিজেই বেশি খুশি হলাম। বানানের ব্যাপারে আমার আরো সতর্ক হওয়া দরকার ছিল। কোটেশনভুক্ত হওয়ার ব্যাপারে আমাকে ভাবতে হবে। সিকোয়েন্স ও প্যারার বিষয়টি বড় ভুল ছিল। এমনভাবে ভুল ধরিয়ে অবশ্যই পাশে থাকবেন। আপনার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা আরো বেড়ে গেল। ভাল থাকবেন কবিবন্ধু।
-
-
মানুষ বরাবরি বর্বর সেই চিত্রটা আবারো ফুটে উঠল গল্পে গল্পে! সভ্যতার বিবর্তনে মানুষ কতটুকু বদলেছে জানিনা তবে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এমন পশুগুলোর যথাযথ ব্যবস্থা হোক এই কামনা করি!
-
-
@humayunkabir-surjo ভালো কিছু পড়তে পারাটা একটা অন্যরকম আরাম দেয়। আপনি ভালো লিখেন।
-
-
Friends
Tariqul Sazzib
@tariqulsazzib
Dreamgirl mukta
@mukta13
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
Md. Ariful Islam
@mdarifulislam
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Salauddin mridha sohel
@sohelmridha
Surja Mohon Ray
@surja1916017
শেখ জিয়াউদ্দিন আহমদ
@sheikh-ziauddin-ahmed
Shahjalal Shamim
@shahjalal-shamim




নারীর নিরাপদ আশ্রয় বলতে বোধহয় কিছু হয় না 🙁