Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 4 years ago

    ঘন্টা
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    পাঠশালার ঐ বন্ধ ঘন্টা বাজো আবার কানে,
    অবাধ্য মন মত্ত এখন পুরান স্মৃতির টানে।
    বাজো আবার, ডাকো আবার, সময়রা যাক ঘুরে,
    মন ছুটে যাক জীবন-বেলার অনেক অনেক দূরে।

    বাজো আবার হঠাৎ মনে জাগুক অচিন ভয়,
    বাড়ির পড়া হয়নি তো আজ, কখন কি যে হয়।
    প্রতিক্ষাময় টিফিন বেলায় ঘন্টা আবার বাজো,
    ব্যস্ত ধরায় সেই বিরতি খুঁজছে হৃদয় আজও।

    তোমার ধ্বনি সঙ্গে লয়ে ছাব্বিশ’এ মার্চ আসুক,
    নিরব এ মন শিশুর সনে উচ্ছাসেতে ভাসুক।
    বিস্কুটেরা থাকুক ঝুলে দড়ির মাথা ধরে,
    বান্ধা হাতে কামড়ে তাতে মুখ, লালে যাক ভরে।

    ঘন্টা বাজো, ছুটির বেলা সত্যি বাজুক মন,
    ছুটির সে সুখ ব্যস্ত হৃদয় পায়না তো এখন।
    হয় ছুটি হয় কাজের তবু ক্ষান্তি নাহি মেলে,
    আরেক বিস্বাদ হয় আয়োজন আগের বিস্বাদ গেলে।

    ঘন্টা বাজো ঘন্টা বাজো হৃদয় ফিরুক সেথা,
    জীবন যেথা অধিক সরল কান্দে নাকো ব্যাথা।
    কর্ণে ভরুক স্মৃতির সুধা, মর্মে মাসুম বোধ,
    কর্মে সুখের, স্নিগ্ধ মুখের ঋণ হয়ে যাক শোধ।

    ১০.১০.২০২২ খ্রীঃ

    12
    14 Comments
Skip to toolbar